ভাবনা বিনিময়ে শিল্প অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিল্পকলার উৎকর্ষ সাধন আর শিল্পচর্চাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে নানা কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা আর্ট সেন্টার দর্শক, শিল্পী, সমালোচক—সবার কাছে পরিচিতি লাভ করেছে। শিল্পের প্রতি একনিষ্ঠ ভালোবাসা থেকেই একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে এই সেন্টারের জন্ম। ঢাকা আর্ট সেন্টারের শিল্পচর্চার উদ্যোগ বহুমুখী। যেমন—নবীন-প্রবীণ শিল্পীদের জন্য স্টুডিওর ব্যবস্থা, নিরীক্ষাধর্মী কাজকে উৎসাহিত করা, দেশের শিল্পকে দেশে ও দেশের বাইরে উপস্থাপন করা, গ্যালারি কেন্দ্রিকতা ও নির্দিষ্ট গণ্ডির বাইরে এসে উন্মুক্ত পরিসরে খোলামেলা আলোচনা-আলাপচারিতার ব্যবস্থা, বৃত্তি-রেসিডেন্সি—এমন বহুমাত্রিক ও সমন্বিত চর্চার স্বকীয় বৈশিষ্ট্যে কাজ করছে এই নতুন শিল্পপ্রতিষ্ঠান।নবীন শিল্পীদের জন্য স্টুডিও-সুবিধা দেওয়ার এক চমৎকার আয়োজন রয়েছে ঢাকা আর্ট সেন্টারের। এর ধারাবাহিকতায় তিন মাস ধরে স্টুডিওতে নিরলস কাজ করছেন চার তরুণ শিল্পী—দেওয়ান মিজান, তাহমিনা হাফিজ, মিন্টু দে ও রাশিদুল আলম। তাঁদের তত্ত্বাবধায়ক হিসেবে সঙ্গে আছেন জার্মানপ্রবাসী খ্যাতনামা শিল্পী ওয়াকিলুর রহমান। অনেক দিন পর তিনি বাংলাদেশে দীর্ঘ সময় আছেন। তাই যখন আর্ট সেন্টার তাঁকে এই প্রস্তাব দিয়েছিল, তিনি সানন্দে রাজি হয়েছেন, আর তরুণদের সঙ্গে সময় কাটানোর এই পরিবেশ-অভিজ্ঞতাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন। তিনি মনে করেন, প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশের দ্বিধান্বিত সময়ে তরুণদের এমন একটা পরিবেশে কাজের সুযোগ তাদের গন্তব্য নির্ধারণে সহায়ক হবে। এই তরুণ শিল্পীদের সঙ্গে প্রথম দেখা-কথা হয়েছে এই সেন্টারে। তারা আমাকে এত আগ্রহভরে স্বাগত জানিয়েছে, যা আমাকে বিস্মিত ও মুগ্ধ করেছে। এই শিল্পীদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে; তাদের ভাবনার পরিধি বিস্তৃত করা জরুরি। শিল্পী ওয়াকিল কাজের টেকনিক্যাল দিককে পরিহার করে তাদের শিল্পভাবনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা এবং উপস্থাপনে নতুনত্ব তৈরির প্রতি গুরুত্ব দিয়েছেন। তরুণদের কাজের বিষয় নির্বাচন ও উপস্থাপনের ক্ষেত্রে আরও পরিশীলিত-পরিমিত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বাংলাদেশের শিল্পকলার স্বকীয়তা সম্পর্কে তিনি বলেন, কিছু আলাদা বৈশিষ্ট্য দেখা যায় এ দেশের শিল্পে, তবে তা সব সময় সচেতন প্রচেষ্টার ফসল না-ও হতে পারে। কারণ এখানকার দারিদ্র্য, দৈনন্দিন জীবন ও সামষ্টিক অবচেতনের যোগফল থেকেও তৈরি হয় আলাদা চরিত্র। এখানে বুদ্ধিবৃত্তিক চর্চা কম হয়। মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে, নতুন কিছু দেখার অভিজ্ঞতা হয়—এমন কাজই তিনি দেখার জন্য অপেক্ষা করেন। দেশ-বিদেশের নানা প্রদর্শনী, বই, ইন্টারনেট, মিউজিয়াম, গ্যালারি ও শিল্পী-সমালোচকদের সঙ্গে মনস্তাত্ত্বিক আদান-প্রদান নতুন ভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ শিল্পী দেওয়ান মিজান বলেন, ‘শিল্পী ওয়াকিলের সান্নিধ্য ও তাঁর অভিজ্ঞতার নানান দিক আমাকে উদ্বুদ্ধ করেছে। কাজের ভাবনাকে পরিশীলিত ও শক্তিশালী করেছে।’ মিজান তাঁর কাজে নিরীক্ষাপ্রবণ, তিনি শিল্পকর্মে নতুন উপাদান ব্যবহারে আগ্রহী। শিল্পী তাহমিনা হাফিজ বলেন, প্রথমে তিনি শঙ্কিত ছিলেন। একজন সুপ্রতিষ্ঠিত শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হবে! কিন্তু শিল্পীর সঙ্গে এই কর্মশালা তাঁকে শিল্পকর্ম ও শিল্পবিষয়ক ভাবনায় আরও ঋদ্ধ করেছে, তাঁর কাজে যুক্ত হয়েছে নতুন মাত্রা। ক্যানভাসে শূন্যতার অনুভূতি ছড়িয়ে দিয়েছেন বিষয়বস্তু এবং ভাবনার নিয়ন্ত্রিত উপস্থাপনের মাধ্যমে।শিল্পী মিন্টু দে কাজ করছেন শৈশবের নানা স্মৃতিকে অবলম্বন করে। শিল্পী ওয়াকিলের তত্ত্বাবধায়নে তাঁর কাজে এসেছে ভাবনার নতুন নতুন অনুষঙ্গ। একাকী নিভৃতে কাজ করলে পরিবর্তনের গতি হয় মন্থর, এই কর্মশালায় বিবিধ বিষয়ে আলোচনার সুবাদে তাঁর কাজে স্বতঃস্ফূর্ত পরিবর্তন অনুভব করছেন।বর্তমান সময়ে শিল্পচর্চার পরিসর কম হলেও শিল্পীদের শিল্পভাবনায় দক্ষতার পাশাপাশি মানসিক ও বুদ্ধিবৃত্তিক পরিবর্তন গুরুত্বপূর্ণ। শিল্পী ওয়াকিলুর রহমান ও তরুণ চার সহযাত্রী শিল্পীর স্বল্পসময়ের একত্র পথচলা অর্থবহ হতে পারে।