ভাবনার মুক্ত বাতায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য লেখকের চেয়ে একটু বেশি বয়সে আমার প্রথম বইসাহিত্যের কাছে প্রত্যাশা বেরিয়েছিল, ১৯৮৫ সালে। আমার বয়স তখন ৫০। তারপর এ অব্দি মূলত প্রবন্ধই লিখে চলেছি। এর মাঝে সংস্কৃতির নানাবিধ প্রসঙ্গ নিয়ে বেশ কয়েকটি প্রবন্ধ লিখেছি। এগুলোকে গোছগাছ করে ভবিষ্যতে একটি বই প্রকাশের ইচ্ছা রয়েছে।ভাবনার মুক্ত বাতায়ন নামে এই গ্রন্থে আমি প্রথমত ‘সংস্কৃতি’ প্রপঞ্চটিকে দেখার চেষ্টা করেছি সমাজ এবং সমাজ প্রেক্ষাপটে সংস্কৃতির বর্জন ও সংস্কার সাধনের বৃত্ত থেকে। বিষয়টি একটু জটিল; কিন্তু একটু খোলাসা করে বললে এর স্বরূপটি এভাবেও প্রকাশিত হতে পারে যে আমাদের সমাজের অভ্যন্তরে সংস্কৃতির যে অবয়ব, তার মধ্যে দ্বান্দ্বিকতা প্রত্যক্ষ করা যায়। এখন এই দ্বান্দ্বিক পটভূমি বিবেচনায় রেখে সংস্কৃতির কোন কোন বিষয় আঙ্গিককে আমরা বর্জন করব, কোনটাই বা গ্রহণীয় হবে; আর কোন অংশটুকুকে আমরা সংস্কারের আওতায় আনব—এসব ভাবনা-চিন্তার ঠিকুজি পাওয়া যাবে আমার প্রকাশিতব্য এই গ্রন্থে। বলা ভালো, বইয়ের অধিকাংশ প্রবন্ধেই আমার লক্ষ্য সংস্কৃতির স্বরূপ দর্শন। এ বিষয়ের সঙ্গে কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদী তত্ত্বকে আমি মিলিয়ে-মিশিয়ে দেখার চেষ্টা করেছি। আমাদের দেশে অসংখ্য মানুষের মধ্যে প্রকৃত সংস্কৃতি জ্ঞানসম্পন্ন মানুষের সংখ্যা কত জন? আমার মতে, যে মানুষ সংস্কৃত হয় সেই মানুষই সংস্কৃতিমান। তবে সংস্কৃতিমান হতে হলে নিজেকে সংস্কার করা জরুরি। আর মানুষ তখনই নিজেকে সংস্কার করতে পারবে, যখন সে বদ্ধমূল ধারণা পরিত্যাগ করতে পারবে। ফলে এই প্রেক্ষাপটে সমাজের একজন মানুষ হিসেবে আমার প্রস্তাব হলো, সংস্কার সাধনের মধ্য দিয়ে সংস্কৃতির গতিপ্রবাহ অক্ষুণ্ন রাখা প্রয়োজন। পাশাপাশি বদ্ধমূল ধারণা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। ভাবনার মুক্ত বাতায়ন প্রবন্ধ গ্রন্থে আমি এসব বিষয়কে আরেকটু নেড়েচেড়ে, বিশদ করে দেখতে চেয়েছি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে।বর্তমানে আমি পোলিও আথ্রাইটিসে আক্রান্ত। সে ক্ষেত্রে লেখালেখিতে একটু-আধটু অসুবিধা তো হচ্ছেই। তবু এই পৃথিবীর মুক্ত জলবায়ু আস্বাদন করে এত দিন ধরে যা দেখলাম, যা শিখলাম, সেসব অভিজ্ঞতার কণামাত্রই হয়তো লিখে যেতে পেরেছি।প্রতিদিন ভোরের অমলিন আলোকপ্রভা এই যে আমার বসবাসের শহর নেত্রকোনার সাতপায় এলাকাকে আলোকিত করে; আর সেই আলোতে স্নাত হয়ে লিখে যাই আমি—এক জীবনে এ অভিজ্ঞতা সত্যি দারুণ!এ বছর একই সঙ্গে আমার কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি উপজীব্য রবীন্দ্রনাথ এবং অন্যটি প্রাকৃতজনের জীবন দর্শন। কিন্তু এবার আমার অভিমুখ সংস্কৃতির দিকে। বোধ করি, সংস্কৃতির মধ্যে আমাদের দুঃখ-সুুখ, আনন্দ-বেদনা, লড়াই—সবকিছুকেই একত্রে পাওয়া সম্ভব। ফলে ‘সংস্কৃতি’র বিমূর্ত রূপটিকে আমার মতো করে ব্যাখ্যা করতে চেয়েছি, খানিকটা দুঃসাহসের সঙ্গেই। কতটা পেরেছি জানি না, তবে এটুকু বলা প্রয়োজন যে এই লেখাগুলো লিখতে গিয়ে সমাজ ও সংস্কৃতির বহুবিধ বিষয় নতুন করে আমাকে উদ্দীপ্ত করেছে। তাই বলতে পারি, দিনে দিনে সংস্কৃতি প্রসঙ্গে আমার চিন্তনের মূর্ত প্রকাশের কিছুমাত্র হয়তো মিলে যেতে পারে এই ভাবানর মুক্ত বাতায়ন-এ। অনুলিখন: নির্লিপ্ত নয়ন