ভালোবাসা পারে কি অদৃশ্য বাধা পেরোতে
কী যে এক গন্তব্যবিহীন অপেক্ষা কাল রাতে—
চলে যাওয়া সময়
কেবলই মিলেছে তোমার সাথে।
কাছে ছিলে না তুমি
ছিল না শরীরের প্রবল আবির্ভাব
তবু মনে শরীরী তুমি
যেন হাত বাড়ালেই আঙুলে জড়াব তোমার চুল।
রাতজাগা ঘড়ি কোকিল-কণ্ঠে ডাকে;
সময় হলো সাতটি নদী
সাতটি দিঘল ঢেউয়ের তোড়ে ভেঙে গেল সময়,
ভাঙল রাতের নিস্তব্ধতা।
সাইরেন বাজিয়ে ছুটে গেল নৈঃশব্দ হত্যাকারী অ্যাম্বুলেন্স;
তুমি ভেঙে এক লক্ষ চব্বিশ হাজার পূর্ণখণ্ড হও
তুমি নদী নাকি নদীর শরীর করতলে ভাগ্যবন্দী থাকে?
সময়ের সাতটি নদীতে সাত রঙের রুপালি মাছেরা
সাঁতার কাটে;
আমি তোমাকে খুঁজি
রাত্রির শরীরে তুমি নদী নিরবধি,
তোমার নদীতে ডুবে যেতে যেতে দেখি—
আমি সাঁতার জানি না;
খুব চাইলাম সাঁতার শিখব তোমার নদীতে—
আমি যার নাম রেখেছি অলকানন্দা
যে নদীতে ভেসে যাওয়া যায় ডুবে যাওয়া যায়
নাসারন্ধ্রে লেগে থাকে তোমার সুঘ্রাণ
তোমার অপেক্ষায় সময় হয়ে ওঠে
আমার রাত্রির নদী
এত স্রোত এত তীব্র টান
ভেঙেচুরে কেবলি রচনা করে
সময়ের আখ্যান
নদীটি তুমি হও যদি
দেখবে ঠিক এক দিন আমিও সাঁতার শিখে যাব।