ভালোবাসার অতৃপ্ত তৃষ্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি কেবল সংখ্যার দিক দিয়ে বিচার করি, তাহলে রবীন্দ্রনাথের মতো অত প্রেমের কবিতা এবং গান অন্য কেউ লিখেছেন কি না সন্দেহ হয়। তার মধ্যে আবার পূজার গানে, কি প্রকৃতির গানেও প্রেম মিশে গেছে। এই প্রবণতা কেবল বাল্যকাল থেকে নয়, তাঁর একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত লক্ষ করা যায়। তাঁর এই প্রেমের অতৃপ্ত পিপাসা তাঁকে সারা জীবন তৃষ্ণার্ত রেখেছে। কারণ, কখনো তিনি ‘প্রাণ ভরিয়ে তৃষ্ণা হরিয়ে’ প্রেমের বারি পান করতে পারেননি। তাঁর গুরুদেব এবং কবিগুরু উপাধি—সেই সঙ্গে খ্রিষ্টের মতো চেহারাও বোধহয় পাঠক এবং ভক্তদের বিভ্রান্ত করেছিল। এ বিষয় নিয়ে কাজ করার ইচ্ছে ছিল, এখনো আছে। একাধিক প্রকাশকই আমাকে অনুরোধ করেছেন। সে যা-ই হোক, তাঁর ভালোবাসার তৃষ্ণা মিটল না কেন? তাঁর বাবা থাকতেন বেশির ভাগ সময় বাড়ির বাইরে। উত্তর ভারতে, হিমালয়ে কিংবা জমিদারি তদারকের কাজে। ফলে স্ত্রীর সঙ্গে সারাক্ষণ থাকা তাঁর কমই হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই স্ত্রীকে তিনি একে একে ১৫টি সন্তান উপহার দিয়েছিলেন। প্রথমটি মৃত এবং শেষটিও মৃত। রবীন্দ্রনাথ তাঁদের মধ্যে চতুর্দশ। এতগুলো সন্তানের লালন-পালন করা একা সারদা দেবীর পক্ষে সম্ভব ছিল না। সৌভাগ্যক্রমে চাকর-চাকরানির অভাব ছিল না। তাদেরই ওপর ভার পড়ে লালন-পালন করার। তাদের আদর এবং অবহেলার মধ্যেই সন্তানেরা মানুষ অর্থাৎ বড় হয়েছিলেন। মায়ের স্নেহ ছিল দুর্লভ, এমনকি একেবারে ধরাছোঁয়ার বাইরে। খিদেটার সূচনা সেখান থেকেই। পিতার কাছে এলেন যখন ১২ বছর বয়স। পিতা রাশভারী মানুষ, তাঁকেও তখন পান কয়েক মাসের জন্য—দূর নক্ষত্রের মতো।সেই নিঃসঙ্গ বাল্যবয়সে (রবীন্দ্রনাথের বয়স সাত বছর) জ্যোতিদাদার বিয়ে হলো বাড়ির নিম্ন বেতনের বাজার সরকারের একটি শ্যামলা মেয়ের সঙ্গে। সেই সূত্রে কাদম্বরী মানুষ হয়েছিলেন ঠাকুরবাড়ির অন্দরমহলে চাকর-চাকরানিদের জগতে। কোথা থেকে উদিত হলো এই মেয়েটি, রবীন্দ্রনাথ জানেন না। ২০ টাকা বেতনের বাজার সরকারের কন্যা বলে পরিবারের কেউ তাঁকে সম্মানের দৃষ্টিতে দেখত না। বিশেষ করে মেয়েমহলে বউ হিসেবে তিনি ছিলেন সবচেয়ে ওঁচা এবং তাচ্ছিল্যের বস্তু। কাদম্বরী দেবীও স্নেহ-যত্ন পাননি। কিন্তু নয় বছর বয়সে তিনি প্রায় বয়সী একটি খেলার সাথি পান—রবীন্দ্রনাথকে। দুজনই দ্রুত দুজনের খেলার সাথি এবং বন্ধু হয়ে উঠলেন। কাদম্বরীকে সামান্য লেখাপড়া শিখিয়ে জ্যোতিরিন্দ্রের উপযোগী করার জন্য তখন অন্তঃপুরে তাঁর লেখাপড়া শুরু হলো। শিখলেনও। কিন্তু জ্যোতি দূরনক্ষত্রের মতো দূরেই থাকলেন। কাছে থেকে আলো অথবা তাপ কোনোটাই দিতে পারলেন না। তারপর পরবর্তী ১০ বছরে রবি আর কাদম্বরী ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। কৈশোরক প্রেমের দানাও হয়তো দুজনের মনে উঁকি দিয়ে গেছে। প্রতিভাবান ব্যক্তিদের আমরা আমাদের মতো কল্পনা করতে ভালোবাসি, সেটাকেই স্বাভাবিক বলে মেনে নিই। কিন্তু আমাদের পায়ের জুতো রবীন্দ্রনাথের পায়ে কী করে ঠুকবে! স্কুলে গেলেন, ধরাবাঁধা লেখাপড়া তাঁর একটুও ভালো লাগল না। কিন্তু জ্ঞানের পিপাসা তাঁর আমৃত্যু অতৃপ্ত ছিল। ১৫ বছর বয়সে ভানুসিংহের পদাবলী লিখে ফেললেন। ইঁচড়ে পাকা রচনা। ওই বয়সে ভালোবাসার প্রতিটি সূক্ষ্ম এবং বিচিত্র দিকের কথা তাঁর জানার কথা নয়। কিন্তু শিখেছিলেন, কতকটা বই পড়ে, কতকটা শিখেছিলেন বউদির কাছ থেকে—সে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু কাদম্বরী দেবী যে তাঁকে পড়ার উৎসাহ দিয়েছিলেন, এটা জানা কথা। সাহিত্য পড়তে, কবিতা লিখতে, গান লিখতে—সব ব্যাপারেই কাজ করেছিল বউদির প্রেরণা। বউদিই ছিলেন তাঁর প্রথম পাঠিকা ও সমালোচক। কালেভদ্রে প্রশংসা করতেন। ভগ্নহূদয়ের উপহারপত্রে তিনি ব্যবহার করেছেন একটি গান, যা বউদিকেই ভালোবাসার উপহার। প্রথমে ছাপা হয়েছিল কার্তিক সংখ্যা ভারতীতে কিন্তু প্রথমে এটি গাওয়া হয় মাঘোৎসবের সময় ব্রহ্মসংগীত হিসেবে। দু-একটি পঙিক্তর কেবল পরিবর্তন করতে হয়েছিল। মোট কথা, প্রেমের ব্যাপারে, খালি প্রেমের ব্যাপারে কেন, সকল সূক্ষ্ম অনুভূতির ক্ষেত্রেই তিনি ছিলেন তাঁর বয়সের তুলনায় অনেক পরিণত। সেই প্রেমের কবিকে ঋষিতে পরিণত করে প্রেমের জগৎ থেকে প্রায় নির্বাসন দেওয়া হয়েছিল। তিনি ‘বিদায় চুম্বন’, ‘চুম্বন’ অথবা ‘স্তন’-এর মতো যেসব কবিতা তরুণ বয়সে লিখেছিলেন তাও প্রমাণ করে, প্রেমের দৈহিক প্রকাশকেও তিনি স্বাভাবিক বলে গণ্য করতেন। তবে এ কালের ছাত্রছাত্রীরা যেমন প্রেম বললেই দেহের ওপর ঝাঁপিয়ে পড়া বোঝে—একে ভিক্টোরীয় রুচি, তার ওপর ব্রাহ্মরুচি রবীন্দ্রনাথকে অপরিমিত সংযম দিয়েছিল। তিনি তাঁর পবিত্র ভালোবাসাকে দূষিত, কলুষিত করেননি। করতে পারেননি। কিছুকাল আগে আমার ছাত্রস্থানীয় এক কুলাঙ্গার তার পছন্দের মেয়েটিকে নিজের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে। তারপর আমাকে উপদেশ দেয় যে যারা বিবাহ-পূর্ব যৌনতা মেনে নিতে পারে না, তারা রক্ষণশীল, সেকেলে। রবীন্দ্রনাথ সে অর্থে ছিলেন আমার চেয়ে শত গুণে রক্ষণশীল। তিনি জীবনের শেষ পর্যন্ত প্রেমের বন্দনা করেছেন, কিন্তু দৈহিক আলিঙ্গন নয়, ‘অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে’ দিয়ে। শেষ পর্যন্ত আমি না পারি, রঞ্জন বন্দ্যোপাধ্যায় যে রবীন্দ্রনাথের মানবিক প্রেম নিয়ে একটি গ্রন্থ লিখেছেন, এ জন্য তাঁকে বারবার ধন্যবাদ জানাই। মৌলিক উপাদানও ব্যবহার করেছেন অনেক। রবীন্দ্রভবনে রক্ষিত কাগজপত্র ব্যবহার করার সুযোগও পেয়েছিলেন। সহায়ক উপাদানের মধ্যে কেতকী কুশারী ডাইসনের ওপর একটু বেশি নির্ভরশীল মনে হলো। মোট কথা, এন্তার উপাদান তিনি ব্যবহার করেছেন। কাদম্বরীকে জীবনের ধ্রুবতারা করেছিলেন, আনা তরখড়ের সঙ্গে কয়েক সপ্তাহের মেলামেশা আর লন্ডনে স্কট পরিবারের ছোট দুই মেয়ের প্রতি দুর্বলতা, বিশেষ করে ছয় বছরের বড় লুসির প্রেমে পড়তে বেশি দেরি হয়নি। বিয়ে করেছেন নিরক্ষর সুদূর খুলনার গ্রাম্য একটি মেয়েকে—পিতার আদেশে। শ্বশুর জোড়াসাঁকোর বাড়ির কর্মচারী। স্ত্রীর প্রতি দায়িত্বশীল স্বামী হয়ে উঠেছিলেন কিন্তু তা থেকে প্রেমের খিদে যে তৃপ্ত হয়নি, সে প্রমাণ ভালো করে দিয়েছিলেন স্ত্রীকে লেখা চিঠিতে এবং আচরণে। প্যাশন দিয়ে ভালো বোধহয় বেসেছিলেন ইন্দিরা দেবীকে। মাঝেমধ্যে সেই প্রেমের তোড়ে আরব বেদুইন হয়ে গিয়ে সমস্ত নিয়মকানুন, সামাজিক রীতিনীতিকে উল্টে দিতে চেয়েছেনও। কিন্তু তাঁর মূল্যবোধ এবং প্রেম-সম্পর্কিত পবিত্রতার শুচিবোধের কাছে প্রবৃত্তি দাঁড়াতেই পারেনি। পুত্রবধূ প্রতিমা দেবীর প্রতিও দুর্বলতা মনের কোণে উঁকি দিয়েছিল কি না কে জানে। কোন হতাশায় তিনি ১৯১৫ সালে আত্মহত্যা করতে চেয়েছিলেন, সে-ই বা কে জানে। অমন যৌবন, অমন তারুণ্য, অমন পৌরুষকে বারবার তিনি নিজের সীমানা অতিক্রম করে তাঁর প্রেমকে তিনি সবার করে তুলেছিলেন। ‘বিশ্বময় দিয়েছিলেন তাঁকে ছড়িয়ে এবং ব্যাকুলতর বেদনায় নিজের অশ্রুরাশিতে সব প্রেমিক অন্তরকে সিক্ত করেছিলেন।’ বিশ্লেষণের এই দিকটা আর একটু প্রাধান্য পেলে ভালো হতো। তা ছাড়া, এ বইতে সবচেয়ে বেশি জানা যায় কাদম্বরী দেবী সম্পর্কে—অনেক অজানা তথ্য। ঠাকুরবাড়ির গোপন কলংকের কথা প্রকাশ করা একটা ভীষণ অপরাধের বস্তু অনেকের কাছে। কিন্তু রঞ্জন বন্দ্যোপাধ্যায় অনেক অজানা কথা উদ্ধার করে সাহস করে প্রকাশ করেছেন। তাঁকে সাধুবাদ জানাই। বইটির একটি ত্রুটি: এটি গবেষণালব্ধ হলেও গবেষণামূলক বই হয়ে ওঠেনি। কাঠামো দুর্বল, অবিন্যস্ত। প্রথম অধ্যায়ে তিনি পূর্বপুরুষদের যে পরিচয় দিয়েছেন, তা প্রায় অপ্রাসঙ্গিক। অবশ্য তার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যে কতটা পিতৃরাহুগ্রস্ত ছিলেন, তার মূলটা দেখতে পাওয়া যায়। যত দিন পিতার মৃত্যু না হয়েছে, তত দিন এই ভূত তার মাথা থেকে নামেনি। আনুষ্ঠানিকতার দৌরাত্ম্যে সামাজিক এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে ধর্মকে নিজের করে নিতে পারেননি।গ্রন্থটি তথ্যপূর্ণ, কৌতূহলোদ্দীপক এবং পড়ার মতো, নিঃসন্দেহে। পাঠকদের পড়ে দেখার অনুরোধ জানাই। [email protected]