ভালোবাসার জন্য শ্রম
ছিলেন সামান্য গৃহবধূ। কম দামি এক ক্যামেরায় আলোকচিত্রের হাতেখড়ি। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া অ্যানি গেডস নামের এই আলোকচিত্রীর সুনাম এখন দুনিয়াজোড়া। ৫৪ বছর বয়সী অ্যানি গেডস তাঁর সাম্প্রতিক প্রকাশিত ছবির বই বিগিনিংস-এর মধ্য দিয়ে নিজেকেই যেন নতুন করে প্রকাশ করলেন। বইটিতে ঠাঁই পেয়েছে তার তোলা ১৪০টি অপ্রকাশিত ছবি। ৮৩টি দেশে ২৪টি ভাষার এ বইয়ের ১৮ মিলিয়ন কপি ছাপা হয়েছে। বইটি মূলত শিশুদের ছবিতে ভরা। অ্যানির ভাষ্যমতে তাঁর সাড়াজাগানো এ বইয়ের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে একটি আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর বিষয় ছিল পাখির বাসা। এগুলোতে ফুটে ওঠা পাখির সৃষ্টিশীলতা আলোড়িত করে মধ্যবয়সী এ নারীকে। তাঁর সামনে খুলে দেয় নতুন এক জগতের দ্বার। সৃষ্টির তাড়নায় তিনি শুরু করেন এক বছরের এক যাত্রা। প্রথমদিকে তাঁর আকর্ষণের কেন্দ্রবিন্দু পাখির বাসা হলেও ক্রমশ তিনি ডিম, ভ্রূণ, ফুলের কুঁড়ির মতো উপকরণগুলোর দিকে মনোযোগী হতে থাকেন। এসব ধাপই তাঁর দৃষ্টি কেড়ে নেয় শিশু ও গর্ভবতী নারীদের দিকে। অ্যানির মনে হতে থাকে এরা সবাই সৃষ্টির ক্ষমতাধারী প্রকৃতির এক একটি উপাদান। এরই ধারাবাহিকতায় অ্যানি প্রকৃতি ও শিশুদের নিয়ে প্রকাশ করেছেন তাঁর বিগিনিংস। ২০১২ সালে প্রকাশিত হবে গর্ভবতী নারীদের নিয়ে তাঁর পরবর্তী ছবির বই। বিগিনিংস-এর মূল উপজীব্য শিশুদের প্রসঙ্গে বলতে গিয়ে অ্যানি বলেন, ‘শিশুরা হচ্ছে শিল্প। কিন্তু এ শিল্পকে কখনো যথাযথ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। লোকজন মনে করে, নারী বলেই শিশুদের ছবি তোলার প্রতি আমার আগ্রহ। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, আমার মতে, একদম শুরু থেকেই মানবজীবনের সৌন্দর্য পুরো মাত্রায় পাওয়া যায় শিশুর মধ্যেই।’শিশুদের ছবি তোলার প্রতি নিজের ভালোবাসার ছাপ পাওয়া যায় অ্যানির কথায়। তিনি বলেন, ‘শিশুদের ছবি তোলা চাট্টিখানি কথা নয়। আপনাকে শিশুটির চারপাশের খুঁটিনাটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এ জন্য প্রচুর মানসিক শক্তি ও ধৈর্যের প্রয়োজন। সাংঘাতিক মনোযোগ ও প্রচণ্ড ভালোবাসা না থাকলে এ বিষয়বস্তুর কাছ থেকে আপনি যে শিল্প চাইছেন তা কখনোই তুলে আনতে পারবেন না।’মজার ব্যাপার হচ্ছে, খ্যাতিমান এ আলোকচিত্রী কিন্তু ক্যামেরা হাতে তুলে নিয়েছিলেন খুবই অপেশাদার একটি জায়গা থেকে। ২৫-২৬ বছরের দিকে একটি ক্যামেরা হাতে আসে তাঁর। শুরু করেন পরিবারের সদস্যদের ছবি তোলা। আশির দশকের শেষের দিকে স্বামীর পেশাগত কারণে হংকংয়ে থাকা শুরু করলে সুযোগ আসে পেশাগতভাবে ক্যামেরাকে কাজে লাগানোর। বিগিনিংস-এর জন্য ছবিগুলো তুলতে এক বছর সময় নেন তিনি। বইটি শুধু পেশাগত ক্ষেত্রেই অ্যানির জন্য গুরুত্বপূর্ণ তা নয়। পরিবার বিশেষ করে তাঁর দুই মেয়ে স্টেফানি ও কেলির সঙ্গেও তাঁর নতুন মাত্রার একটি সম্পর্ক তৈরি করে দিয়েছে বইটি। তাঁর দুই মেয়েই ফাইন আর্টসে স্নাতক। এঁদের একজন অ্যানির স্টুডিও ব্যবস্থাপক ও আরেকজন ক্যামেরা সহযোগী হিসেবে কাজ করেছেন। অ্যানির মতে, মেয়েদের সঙ্গে পেশাগত ক্ষেত্রেও কাজ করাটা তাঁর ও তাঁর সন্তানদের জন্য ছিল চমৎকার অভিজ্ঞতা। আলোকচিত্রী হিসেবে আগে বিচ্ছিন্ন কিছু সাফল্য পেলেও অ্যানি মনে করেন বিগিনিংসই তাঁর সেরা কাজ। প্রকৃতি ও শিশুর মধ্য দিয়ে এ সাফল্য আসায় তিনি ভীষণভাবে উৎসাহিত। এখন পরবর্তী বইটির জন্য কাজ করছেন অ্যানি। বিগিনিংসে শিশুদের নিয়ে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ওরা আমার মাঝে অনেক পূর্ণতা এনে দিয়েছে। জীবন এখন আমার কাছে অনেক সহজ। ওরা আমাকে শিখিয়েছে আলোকচিত্রী হওয়াটাই আমার পরিচয় আর প্রকৃতিই সবকিছু নিয়ন্ত্রণ করছে।’ ইসরাত জাহানসূত্র: রিডার্স ডাইজেস্ট