
শিল্পী কাজী গিয়াস উদ্দিন বহুদিন ধরেই জাপানের বাসিন্দা। সেই সত্তর দশকে ভর্তি হয়েছিলেন চারু ও কারুকলা কলেজে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পাড়ি জমালেন জাপানে। কিন্তু কৈশোরে তিনি যে শুনেছিলেন প্রকৃতির সংগীত, এখন অবধি সেই সংগীতই অনুরণিত হয় তাঁর চিত্রমালায়।
এর আগে এই শিল্পীর যেসব কাজ দেখেছি, সেগুলোকে সবাই অভিহিত করেছেন বিশুদ্ধ বিমূর্ত ধারার চিত্র হিসেবে।

কিছু বিশেষ বুনট ও বিন্যাসে ক্যানভাসে তিনি যা উপস্থাপন করতেন, তা দেখে আমাদের মনে হতো জাপানি চিত্রকর হাসেগাওয়া তোহাকু তাঁর ‘পাইন বন’, ‘ম্যাপেল ও চেরিগুলো’ বা ‘বন ও পাখিরা’ শীর্ষক কাজসমূহে যে বর্ণনার ধারা তৈরি করেছেন, সেই ধারাকে আরও সম্প্রসারিত করে একটি নতুন কাব্যধর্মী বিমূর্ত প্রকাশভঙ্গির জন্ম দিয়েছেন কাজী গিয়াস উদ্দিন। তবে শিল্পীর সাম্প্রতিকতম প্রদর্শনীটি আমাদের ভাবিয়েছে নতুন করে। প্রশ্ন জেগেছে, তিনি কি ধারা বদলাচ্ছেন, নাকি আগের অবস্থানে থেকেই গল্প বলছেন একটু নতুন ভঙ্গিতে?
তাঁর আগের কাজে যেখানে চেনা আকৃতির উপস্থিতি বিরল—বর্ণনায় তারা যেখানে জন্ম দেয় বিমূর্ত কাব্য; সেখানে এবারের ছবিগুলোতে আগের উপাদানের উপস্থিতিকে অক্ষুণ²রেখেই গিয়াস যোগ করেছেন কিছু চেনা আকৃতি। ফলে ক্যানভাসে গল্প এবার হয়ে উঠেছে মুক্ত। সেই বিবেচনায় কাজী গিয়াসের এবারের প্রদর্শনীর ‘পুনর্নির্মিত স্বরলিপি’ শিরোনামটি বেশ মানানসই।
এই শিল্পীর ক্যানভাসে প্রথম দেখায় আমরা এমন কিছু পাব না, যা তাঁর নব্বইয়ের দশকের কাজ থেকে ভিন্ন, কিন্তু থমকে দাঁড়াতে হবে পরক্ষণেই—নাহ্, আরও কিছু বোধ হয় আছে। এরপর কাছে যেতেই দেখা মিলবে বিশাল গল্পভান্ডারের, যেগুলো লেখা হয়েছে বিস্তৃত বর্ণনায় আর সূক্ষ্ম রেখার কারুকাজে; জলরং, তেলরং—যেকোনো মাধ্যমেই হোক না কেন তার প্রকাশের স্বরভঙ্গি বাধা থাকে একই গ্রামে।
প্রদর্শনীতে শিল্পীর ‘পুরাকীর্তি-১’-সহ বেশ কিছু ছবি আছে, যা তাঁর আগের কাজ থেকে বিশেষভাবে আলাদা না হয়েও ভিন্ন হয়ে উঠেছে শিরোনামের কারণে। আর এ থেকেই বোঝা যাচ্ছে, চিন্তায় ও মননে বদলে যাচ্ছেন কাজী গিয়াস উদ্দিন।
এই বদলের প্রকাশ আরও প্রকটভাবে দৃশ্যমান হয় ‘মিথ’ শিরোনামের কাজগুলো দেখার পর। এখানে নৃত্যরতা দুর্গার সঙ্গে আফ্রিকার টোটেমসহ সারা দুনিয়ার রহস্যঘেরা জগৎ একসঙ্গে একপাতে বসিয়েছেন শিল্পী।
একইভাবে ‘নীল ঝড়’, ‘জলধারার সুর’ অথবা ‘আকাশের নিচে’ শীর্ষক কাজগুলোর উপাদান যেকোনো নিয়মিত দর্শককেই নাড়া দেবে। কারণ, ইতিপূর্বে গিয়াসের কাজে আমরা যা দেখেছি তার সঙ্গে এ যাত্রায় যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন কিছু উপাদান। ফলে সমৃদ্ধ হয়েছে শিল্পীর প্রকাশ-ভাষা ও চিত্রজগৎও।
আর তাঁর ছবিতে আমরাও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি একটি নতুনত্বের আভাস। হ্যাঁ, এখানে প্রাচ্য-পাশ্চাত্য এক হয়ে তৈরি করেছে নবতর ক্যানভাস—ভাষা আর চিহ্নের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে অন্যতর সুর। এই সুর কতটা কালজয়ী, সেটি নির্ধারণ করবে সময়। তবে এর আঙ্গিক ও গাঁথুনি নিঃসন্দেহে স্বাতন্ত্র্যের দাবিদার। ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২৬ মে পর্যন্ত।