ভাষা নিয়ে একালের উপাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভ্যতার প্রধান সাক্ষী মানুষের ভাষা। সেই ভাষাও প্রতি দুসপ্তাহে একটি করে বিলুপ্ত হচ্ছে, রেখে যাচ্ছে কিছু স্মৃতিচিহ্ন শুধু। একালে দাপটের সঙ্গে যেসব ভাষা রাজত্ব করে চলেছে সেসব ভাষার টুকরো টুকরো মজাদার কিছু ঘটনা নিয়ে এ সপ্তাহের আয়োজন।পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়েরা কেবল উর্দু বলবেমহান আল্লাহ তায়ালার প্রশংসা করে পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়েরা ইংরেজি বলতে শুরু করে একেবারেই নিজস্ব কায়দায়। বিদেশি এই ভাষার ওপর পুরোপুরি দখল না থাকায় পাকিস্তানি ক্রিকেটাররা সাধু মন নিয়ে যে কথাটি বলতে চান, সেই কথাটি শেষ পর্যন্ত তাদের হয়ে ওঠে না। যেটুকু বলা হয় ইংরেজি ভাষার চারিত্র ও কাঠামোর কারণে তার ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো হয়। ২০০৭-এ পাকিস্তান ক্রিকেট দলের প্রেস লিয়াজোঁ অফিসার সাবেক ক্রিকেটার পারভেজ মীর জানিয়ে দেন, বিশ্বকাপ ক্রিকেট সংবাদ সম্মেলনে ও ক্রিকেট মাঠে খেলোয়াড়দের কিছু বলার থাকলে উর্দুতেই বলতে হবে। কী বলতে তাঁরা কী বলে ফেলেন!ত্রিনিদাদে যে হোটেলে পাকিস্তানি খেলোয়াড়েরা অবস্থান করছিলেন সেখানে গ্যাস লিক করায় তাঁদের হোটেল ছাড়তে হয়।এ সম্পর্কে খেলোয়াড়দের মন্তব্য জানতে চাওয়া হলে দানিশ কানেরিয়া বলেন, ইংরেজিতে এমনটা হতেই পারে।কিন্তু সাংবাদিকের প্রতিবেদনে ছাপা হলো কানেরিয়া বলেছেন, পাকিস্তানেও এমনটা হয়ে থাকে।এই প্রতিবেদন পাকিস্তানকে ক্ষুব্ধ করল। তাই ফরমান জারি হলো ইংরেজি বলার দরকার নেই। যা বলার উর্দুতেই।চীনা ভাষা কি ইংরেজিখেকো?ইংরেজি ভাষা যেভাবে সীমান্ত সম্প্রসারণ করে চলেছে, ভয় ছিল চীনাদেরও আগ্রাসী শক্তি নিয়ে ইংরেজি না আবার তাদের সুরক্ষিত সীমান্ত ডিঙিয়ে চায়নিজ ভাষা ও সংস্কৃতিকে তছনছ করে দেয়। সে ভয় কেটে গেছে। এখন উল্টো ভয়, চায়নিজ ভাষা কি ইংরেজিখেকো হয়ে উঠবে?ক্রমাগত দুই অঙ্কের প্রবৃদ্ধি, ক্রমসম্প্রসারিত রপ্তানি-বাণিজ্য চীনকেই না সাম্রাজ্যবাদী করে তোলে সেই আশঙ্কাও মার্কিনরা করছে। বাণিজ্যের স্কন্ধে ভাষার পরিভ্রমণে সাফল্য বেশি।মনে রাখা দরকার ইংরেজি সম্প্রসারণের অন্যতম বাহন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য।মার্কিন সাফল্যের একটি বড় মন্ত্রই হচ্ছে হাওয়া বুঝে পাল তোলা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর একমেরু বিশ্ব সৃষ্টি হলেও আমেরিকা এখন হুমড়ি খেয়ে পড়েছে—যেভাবে হোক যত দ্রুত সম্ভব চীনা ভাষা শিখতে হবে। দেশটির সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটাকে আমেরিকা খাটো করে দেখেনি। চীন এগোচ্ছে অর্থনৈতিকভাবে, অর্থনীতি টেনে নিচ্ছে সংস্কৃতি ও রাজনীতিকে। আমেরিকায় নতুন প্রজন্মের সামনে মার্কিন শিক্ষাব্যবস্থায় লেখাপড়া শেখার জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য দ্বিতীয় ভাষা হিসেবে উঠে আসছে চায়নিজ। কিন্ডারগার্টেন থেকে হাইস্কুলে চায়নিজ শেখার সুযোগ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার শিখতে বাধ্যও করা হচ্ছে। শত শত কলেজ চায়নিজ অ্যাডভান্সড প্লেসমেন্ট কোর্স খুলেছে। চীনা টাউন প্রতিষ্ঠিত হচ্ছে প্রায় প্রতিটি শহরে। ভয় ধরেছে মার্কিনদের। চীন এখন পৃথিবীর শীর্ষ ভোক্তা। দুএক দশকের মধ্যে হয়ে উঠবে শীর্ষ অর্থনীতি। তখন কি ধীরে ধীরে চীনা ভাষা গ্রাস করবে ইংরেজিকে, যেভাবে ইংরেজি গ্রাস করেছে পৃথিবীর অনেক ভাষা?জ্ঞান ফিরতেই মাতৃভাষা বিস্মৃত!ক্রোয়েশিয়ার তেরো বছর বয়সী মেয়েটি মাতৃভাষাতে দক্ষ। কেবল জার্মান হরফের সঙ্গে পরিচিত হচ্ছে। জার্মান ভাষায় কথা বলা কিংবা পড়তে পারার প্রশ্নই অবান্তর। মেয়েটি অসুস্থ হয়ে পড়ল এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞানাবস্থা চলল টানা ২৪ ঘণ্টা। জ্ঞান ফেরার পর মেয়েটি জার্মান ভাষায় কথা বলতে শুরু করল। একপর্যায়ে বোঝা গেল ক্রোয়েশিয়ান ভাষায় পরিবারের সদস্যদের জিজ্ঞেস করা কোনো প্রশ্নের জবাবই সে দিতে পারছে না। কেবল হাঁ করে তাকিয়ে থাকছে। আরও স্পষ্ট হয়ে উঠল যে ভাষাটি সে বুঝতেই পারছে না।একটি ভাষা স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে যাওয়ার একটি ব্যাখ্যা হয়তো চিকিৎ সকেরা দিতে পারছেন, কিন্তু নতুন একটি ভাষায় সাবলীল কথাবার্তা চালিয়ে যাওয়ার এই আকস্মিক যোগ্যতা লাভের কোনো সুস্পষ্ট ব্যাখ্যাই কেউ দিতে পারছেন না। হাসপাতালে বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য জার্মান-ক্রোয়েশিয়ান দোভাষী নিয়োগ করতে হয়েছে। বিষয়টি ভাষাবিজ্ঞানী ও চিকিৎ সকদের ভাবিয়ে তুলেছে।তবে এটিই একমাত্র ঘটনা নয়। প্রচণ্ড অসুস্থতা কাটিয়ে অন্য এক রোগী মাতৃভাষার স্থলে প্রাচীন ব্যবিলনীয় ও প্রাচীন মিসরীয় ভাষায় কথা বলতে শুরু করে। হাজার বছর আগে ব্যবহূত এ ভাষা কখনো এই রোগীর শোনারও সুযোগ হয়নি। ক্রোয়েশিয়ান মেয়েটি অন্তত জার্মান ভাষা শিখতে শুরু করেছিল।আর একটি ইংরেজ মেয়ে নিজ ভাষা ও পরিচয় ভুলে ১৭ শতকে প্রচলিত পর্তুগিজ ভাষায় কথা বলতে থাকে এবং তখনকার একটি মেয়ে হিসেবে নিজের পরিচয় ও ঠিকানা জানায়। প্রায় ৩০০ বছর আগের পরিচয় ও ঠিকানা যথার্থ বলে অনুসন্ধানীরা জানান। এখনো এমনটা ঘটার, হঠাৎ ভিন্ন ভাষার মানুষ হয়ে যাওয়ার কারণ কেউ জানাতে পারেনি। ব্যাখ্যাতীত সবকিছুই অতিপ্রাকৃত ঘটনা বলে চিহ্নিত হয়।মেয়ের সঙ্গে নিজের ভাষায় কথা নিষিদ্ধমা ও বাবা যদি ভিন্ন ভাষাভাষী হয়ে থাকেন তা হলে মাতৃভাষা না পিতৃভাষার ব্যবহার হবে এ নিয়ে সন্তানদের দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু বাবা বা মা সন্তানের সঙ্গে কোন ভাষায় কথা বলবেন তা কি আদালত নির্ধারণ করে দিতে পারেন? ওয়েসিক পমোরস্কি ৩৯ বছর বয়স্ক পোলিশ শিক্ষক। ১৯৮০-এর দশক থেকে রাজনৈতিক আশ্রয় নিয়ে তিনি জার্মানিতে বসবাস করছেন। একজন জার্মান যুবতীকে ভালোবেসে বিয়ে করেন এবং দুটি কন্যাসন্তানের জনক হওয়ার সৌভাগ্য অর্জন করেন।পরবর্তী সময়ে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে এবং তা আদালতে গড়ায়। তিনি নিজ মেয়েদের অপহরণ করে নিয়ে যেতে পারেন, এ আশঙ্কায় তাঁকে কেবল ইয়োথ অ্যাফেয়ার্স অফিসারের তত্ত্বাবধানে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলার অনুমতি দেওয়া হয়। পমোরস্কি মেয়েদের সঙ্গে পোলিশ ভাষায় কথা বলেন কিন্তু যুববিষয়ক কর্মকর্তা পোলিশ বোঝেন না। তিনি আদেশ দিলেন, মেয়েদের সঙ্গে পোলিশ ভাষায় কথা বলা যাবে না (পোলিশ কথাবার্তায় বাবা ও মেয়েরা কোন ষড়যন্ত্র করছে কে জানে?)।এ বিষয়টিও আদালতে ওঠে। পমোরস্কি জানান, তিনি মেয়েদের সঙ্গে তাদের ছোটবেলা থেকেই পোলিশ ভাষায় কথা বলে আসছেন। এ ভাষাতেই তিনি নিজেকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারেন। মেয়েরাও তাঁকে ভালোভাবে বুঝতে পারে। কিন্তু ভাষা ব্যবহারের অধিকারে হস্তক্ষেপ করে জার্মান কর্তৃপক্ষ তাঁর মৌলিক অধিকার বাধাগ্রস্ত করেছে। একজন জার্মান কর্মকর্তার ভাষাজ্ঞান কম থাকার খেসারত তাঁকে কেন দিতে হবে?কিন্তু জেলা আদালতে তিনি সুবিধা করতে পারেননি। যুব কর্মকর্তার বিরুদ্ধে আনা বৈষম্যের মামলা আদালত খারিজ করে দিয়েছেন। পমোরস্কির আপিল এখন উচ্চ আদালতে। অন্য দেশ থেকে এসে জার্মানিতে বসবাস করছেন এমন বাবা-মার দুই শতাধিক বৈষম্য মামলা জমে আছে ইউরোপিয়ান পার্লামেন্টে। শব্দ মদিরাঅক্সফোর্ড, ওয়েবস্টার এসব ইংরেজি অভিধান যেন বসেই থাকে নতুন শব্দধরা ফাঁদ পেতে। দক্ষিণ আফ্রিকায় ফিফা বিশ্বকাপ ২০১০ ছিল কানে তালা লাগানো শিঙার শব্দ। শিঙার সেই বিশেষ বাঁশি ‘ভুভুজেলা’ এখন খান্দানি অভিধানে ঢুকে পড়েছে। ১৯৮৭ সালে প্রথম লিখিত ‘স্যান্ডইউচ জেনারেশন’ স্যান্ডউইচ প্রজন্ম অভিধানে এসেছে ২০০৯ সালে। এর মানে এমন একটি প্রজন্ম যারা বুড়ো বাবা-মাকেও দেখাশোনা করে, আবার নিজের সন্তানদেরও লালনপালন করে। ‘মাউস পটেটো’ প্রথম ব্যবহূত হয় ১৯৯৩ সালে। হালে অভিধানে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘ সময় কম্পিউটার নিয়ে পড়ে থাকে এমন মানুষকে বলা হয় মাউস পটেটো। ‘রিং টোন’ শব্দটি ১৯৮৩ সাল থেকে ব্যবহূত হয়ে আসছে। কিন্তু অভিধানে স্বীকৃত হয়েছে ২০০৯ সালে। রিং টোন মানে আগত ফোন কলের শব্দ।ইন্টারনেট বিপ্লব শুরু হলে নেট সার্ফিং প্রজন্মের প্রিয় শব্দে পরিণত হয়। কিন্তু ব্রাউজিং এসে সার্ফিংকে হটিয়ে দিচ্ছে। ওয়েব ব্যবহারকারীদের শব্দ পেওয়ালও এখন অভিধানে। মানে যারা নির্ধারিত চাঁদা পরিশোধ করেছে কেবল তারাই দেয়াল ডিঙিয়ে ওয়েবসাইটে ভ্রমণ করবে। নতুন শব্দ ফার্গলিং (Furgling) মানে চাবির জন্য পকেট হাতড়ে বেড়ানো। ননভার্সেশন (Nonversation) মানে বাজে কনভার্সেশন, অর্থাৎ খেজুরে আলাপ আর ডি ফ্রেড মানে বন্ধুর তালিকা থেকে খারিজ করে দেওয়া।