নোবেলজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের বয়স তিরাশি হলো। সম্প্রতি এই লেখকের একটি সাক্ষাত্কার প্রকাশ করেছে জার্মানির শীর্ষস্থানীয় সাপ্তাহিক পত্রিকা ডেয়ার স্পিগেল। সাক্ষাত্কার নিয়েছেন পত্রিকাটির দুই সম্পাদক ফোলকার হেগ ও কাতিয়া থিম। ইংরেজি থেকে অনুবাদ ফারুক ওয়াসিফডেয়ার স্পিগেল: আপনার নতুন বইয়ের নাম গ্রিমস ওয়ার্ডস: এ ডিক্লারেশন অব লাভ (গ্রিমদের শব্দগুচ্ছ: ভালোবাসার ঘোষণা)। ১৯ শতকের জার্মান রূপকথা সংগ্রাহক, ভাষাতাত্ত্বিক দুই গ্রিম ভাইয়ের প্রতি আপনার এই ভালোবাসার শুরু কখন?গুন্টার গ্রাস: ভিলহেলম ও ইয়াকব গ্রিমের সঙ্গে আমার সম্পর্কের শুরুটা শৈশবে। গ্রিম ভাইদের রূপকথা শুনতে শুনতে আমি বড় হয়েছি। এমনকি আমি দানজিগ-এর স্টেট থিয়েটারে (বর্তমানের গদানস্ক) তাদের গল্প ‘টম থাম্ব’-এর মঞ্চায়নও দেখি। মা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। পরে, জীবনের পরের দিকেও গ্রিম ভাইয়েরা আমার সৃষ্টিশীল কাজে প্রভাব ফেলেছেন।ডেয়ার স্পিগেল: কীভাবে?গুন্টার গ্রাস: টিন ড্রাম-এর অস্কার মাটজেরাথ-এর মধ্যে টম থাম্ব-কে পাবেন। আমার অনেক পাণ্ডুলিপিতে ইয়াকব ও ভিলহেলম উদয় হন। যেমন দ্য র্যাট-এ তাঁদের দেখানো হয়েছে বনের মৃত্যু ঠেকানোয় চেষ্টারত মন্ত্রী ও সহকারী মন্ত্রীর ভূমিকায়।ডেয়ার স্পিগেল: দেশের সঙ্গে আপনার ব্যক্তিগত ইতিহাসও এই বইয়ে এসেছে।গুন্টার গ্রাস: পিলিং দি ওনিয়ন বইটি ছিল আমার তরুণতর বয়স নিয়ে, তারপর দ্য বক্স-এ আমার পারিবারিক সম্পর্ক ও বন্ধন বিষয়ে লিখেছি। এই বইটিতে (গ্রিমস ওয়ার্ডস) এসেছে রাজনৈতিক ও সামাজিক দিকগুলো। গ্রিম ভাইয়েরা যেমন এক বিপ্লবী পরিবর্তনের যুগের মধ্যে দিয়ে গেছেন, আমার জীবনটাও তেমন। তাঁদের কাজের সঙ্গে আমার সম্পর্কটাও এখানেই। ডেয়ার স্পিগেল: আপনি ওই দুই ভাইকে ‘শব্দসন্ধানী কুকুর’ বলেছেন, প্রতিটি অক্ষর তাঁদের আগ্রহী করে তুলত। আপনি এও লিখেছেন: ‘একদিকে শব্দ যেমন অর্থ তৈরি করে, অন্যদিকে তারা অনর্থেরও উপযুক্ত। শব্দ যেমন মঙ্গলকর তেমনই অনিষ্টকারীও।’ শব্দের বিভিন্ন দিক কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করেছে?গুন্টার গ্রাস: আমি দেখেছি, করুণ রসসিক্ত এবং আনন্দের মোহ-জাগানিয়া শব্দগুলোই অনিষ্ট সৃষ্টি করে। অ্যাডলফ হিটলারের ‘আপনারা কি সর্বাত্মক যুদ্ধ চান?’ এর একটি নজির। একই জিনিস ঘটে এই বাক্যেও, ‘হিন্দুকুশ পর্বতেও আমাদের মুক্তি অপ্রতিহত’ (সম্পাদকের মন্তব্য: সাবেক জার্মান প্রতিরক্ষামন্ত্রী পিটার স্ট্রুর্ক আফগানিস্তানে জার্মানির সামরিক অভিযানকে জায়েজ করতে গিয়ে এই বিখ্যাত মন্তব্যটি করেন) এ ধরনের বাক্য শক্তিশালী অর্থ বহন করে এবং তারা তা করতে পারে কারণ এদের যথেষ্টভাবে প্রশ্নবিদ্ধ করা হয়নি।ডেয়ার স্পিগেল: মনে হচ্ছে, ভাষা আপনার কাছে নিরাপত্তা ও আপন গৃহের মতো?গুন্টার গ্রাস: সেটাই ঠিক। আমার টিন ড্রাম উপন্যাসটি লিখেছিলাম প্যারিসে বসে। ডগ ইয়ারস উপন্যাসটি নিয়েও সেখানেই কাজ করছিলাম। কিন্তু চার বছর পার হওয়ার পর খেয়াল করলাম, বিদেশি ভাষা পরিবৃত হয়ে আমি যেন কেমন হারিয়ে গেছি। আমার জার্মান ভাষাভাষী কোনো অঞ্চলে ফেরার দরকার হয়েছিল। এ অভিজ্ঞতা নািস আমলে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া লেখকদের মতো। তাঁদের অনেকেই এটা সইতে পারেননি, দেশে এক নৃশংস একনায়কের শাসন চলা সত্ত্বেও তাঁরা ফিরতে বাধ্য হয়েছিলেন।ডেয়ার স্পিগেল: আপনি সেই বিরলতম লেখকদের একজন যিনি তাঁর বইয়ের সাজ ও অলংকরণ নিজেই করে থাকেন। আপনার সবগুলো বইয়ের প্রচ্ছদ আপনারই করা। আপনার জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন?গুন্টার গ্রাস: প্রচ্ছদ হলো শেষ ছোঁয়া যাতে কাজটা পরিপূর্ণ হয়। উপন্যাসের প্রথম বাক্যের মতো প্রচ্ছদও বইয়ের তেমনই অংশ। লেখায় যে যত্ন থাকে এখানেও তেমনটা থাকা উচিত।ডেয়ার স্পিগেল: ভালো প্রচ্ছদের লক্ষণগুলো কী কী?গুন্টার গ্রাস: এটা যেন প্রতীকের মতো হয়ে ওঠে, যা একই সঙ্গে বইটির সারমর্ম ও সরল প্রতিচ্ছবি। ডগ ইয়ারস -এর প্রচ্ছদে আমি এটা করেছিলাম একটা কুকুরের মাথা দিয়ে, যা আবার পুতুলনাচের আঙুল নড়িয়ে নাচানো পুতুলের মতো। লোকাল অ্যানেসথেটিক-এ আমি বেছে নিয়েছি একটা লাইটার ও তার শিখার ওপরে আঙুলের ছবি। আর গ্রিমস ওয়ার্ডস-এ আমি ব্যবহার করেছি অক্ষর। গ্রিম ভাইদের দুটি প্রতিকৃতি ব্যবহূত হলেও অক্ষরগুলো দিয়ে কেবল সেটাই প্রকাশ করা ঠিক হতো না, কারণ তাঁরা তো বইটিতে বহন করা বার্তার একাংশ মাত্র।ডেয়ার স্পিগেল: বইয়ের বাজারের সাম্প্রতিক পরিবর্তনে আপনার হতাশাগ্রস্ত হওয়ার কথা। যুক্তরাষ্ট্রে তো ইলেকট্রনিক বইয়ের বিক্রি বেড়ে যাচ্ছে।গুন্টার গ্রাস: এর মানে ছাপা বইয়ের যুগ শেষ তা আমি বিশ্বাস করি না। বরং তা নতুন মূল্য অর্জন করবে। হয়তো ব্যাপক ছাপাছাপি কমে আসবে, বই হয়তো আবারও হয়ে উঠবে সে রকম এক বস্তু, যা বংশপরম্পরায় হস্তান্তরিত হবে।ডেয়ার স্পিগেল: আইপ্যাডে গ্রিমস ওয়ার্ডস পড়া হচ্ছে, এমন কল্পনা কি করেন?গুন্টার গ্রাস: না। বরং আমি আমার প্রকাশকের সঙ্গে এমন চুক্তি করেছি, যাতে আমার কোনো বই আইপ্যাডে না পাওয়া যায়, যতক্ষণ না আইনের দ্বারা সুরক্ষিত লেখকস্বত্ব কার্যকর হয়। বইয়ের সঙ্গে এ রকম সম্পর্ক গড়ে তোলায় আত্মবিশ্বাসী হতে আমি কেবল সব লেখককে অনুরোধ জানাতে পারি। ডেয়ার স্পিগেল: তার মানে কি আপনি প্রতিবাদের ডাক দিচ্ছেন?গুন্টার গ্রাস: কম্পিউটারে পড়া বন্ধ করতে আমি আগ্রহী। কিন্তু মনে হচ্ছে, কেউ সেটা করতে পারবে না। তা সত্ত্বেও পাণ্ডুলিপি রচনার সময় থেকেই ইলেকট্রনিক-প্রক্রিয়ার সীমাবদ্ধতা চোখে পড়ে। বেশির ভাগ তরুণ লেখক কম্পিউটারে লিখতে ভালোবাসে। তারপর ইলেকট্রনিক ফাইল হিসেবে সেগুলো সম্পাদনা করে। অপর দিকে আমার বেলায় এর আগে আরও কয়েকটি ধাপ রয়েছে। যেমন—এক, একটি হাতে লেখা সংস্করণ। দুই, আমার অলিভেট্টি টাইপরাইটারে সেটা টাইপ করা এবং চূড়ান্তভাবে, আমার ব্যক্তিগত সচিবের মাধ্যমে এর কয়েক রকম কম্পিউটার সংস্করণের অনুলিপি করা। এই প্রক্রিয়া ধীরগতির হলেও, এতে কোথাও লেখা ঝুলে যাওয়া বা খাপছাড়া ভাব ঢুকে যাওয়ার সুযোগ পায় না।ডেয়ার স্পিগেল: তা সত্ত্বেও গত কয়েক দশকে কি আপনার ভাষায় বদল এসেছে?গুন্টার গ্রাস: প্রথমে, আমি সব যতিচিহ্ন উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। টিন ড্রাম, ক্যাট অ্যান্ড মাউস ও ডগ ইয়ারস লেখার সময়ে পুরোনো অনেক লেখকই মনে করেছিলেন, আর কখনো জার্মান ভাষার অপরিমিত ব্যবহার করতে দেওয়া উচিত হবে না।ডেয়ার স্পিগেল: আপনি কি যুদ্ধপরবর্তীকালে সরাসরি ও সরল ভাষার জন্য পরিচিত তথাকথিত কালশ্লাগলিটারেতুর (সরাসরি সাহিত্য) সাহিত্যগোষ্ঠীর প্রতিনিধিদের কথা বলছেন? গুন্টার গ্রাস: হ্যাঁ, সেই লেখকদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ ছিল। নািস আমলে জার্মান ভাষার ভীষণ ক্ষতি হয়েছিল। কিন্তু আমরা তরুণ লেখকেরা চাইনি সামগ্রিকভাবে সেই আমলের ভাষা-ব্যবহারকে নিন্দা জানানোর মাধ্যমে ভাষাকে শেকল পরাতে। মার্টিন ভালজার ও হ্যানস মাগনুস এনজেনসবর্গারও এঁদের মধ্যে ছিলেন। পরিণামে, এমন এক অনুভব থেকে আমার লেখা আসছিল, যা চাইছিল ভাষা যা দিতে পারে তার সবকিছু ব্যবহার করে দেখাতে। এখন, এই বার্ধক্য বয়সে, অভিজ্ঞতাও এর অংশ হয়ে গেছে। এখন আরও সজাগ হয়ে লিখি।ডেয়ার স্পিগেল: আপনি আগের মতো আর রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছেন না। নোবেল বিজয়ী হিসেবে আপনার মতামতের গুরুত্ব এখন আগের থেকে বেশি। তাহলে কেন নিজেকে থামিয়ে রাখছেন?গুন্টার গ্রাস: আমার মনে হয় না, আমি বিরত আছি। তা ছাড়া দিনমান আমি ভাবি না যে আমি একজন নোবেল বিজয়ী। মাঝেমধ্যে আমার এটা মনে পড়ে বটে, তবে লেখার সময় এই ভাবনা আমাকে কোনো সুবিধা দেয় না, অসুবিধাও করে না।ডেয়ার স্পিগেল: কিন্তু এটা কি আপনাকে চাপে রাখে না?গুন্টার গ্রাস: আদতে এই পুরস্কার আমার লেখকসত্তার অংশ নয়। হয়তো অনেক পরিণত বয়সে এই পুরস্কার পেয়েছি বলে। সত্যিকারভাবে বললে, ১৯৫৮ সালে গ্রুপ-৪৭ (যুদ্ধপরবর্তী জার্মানির প্রখ্যাত লেখকদের সংঘ) থেকে দেওয়া পুরস্কার বরং আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে সময় আমি গির্জার ইঁদুরের মতোই গরিব ছিলাম। এবং সেই পুরস্কার দিয়েছিল আমারই সমকালের লেখকেরা। এ জন্য সেই পুরস্কার আমার কাছে একদম ভিন্ন তাত্পর্য নিয়ে এসেছিল। আমি নোবেল পুরস্কারকে খাটো করছি না, কিন্তু আমার জীবনে এর প্রভাব তেমন বড় দাগের নয়। ডেয়ার স্পিগেল: আপনার শেষ বইয়ে আপনি একটা উপসংহার টেনেছেন। আপনি লিখেছেন, জগৎ নিয়ে কাজ করার কোনো শেষ নেই জীবনে। লিখেছেন, ‘এমনকি সনাতন গল্পগুলোও নতুন করে বলার দরকার হতে পারে। এবং প্রতিটি সমাপ্তির পর, আমার মনে হতে থাকে আমার আরও কিছু করার আছে।’ এরপর কী ধরনের কাজ করার ইচ্ছা আপনার?গুন্টার গ্রাস: দীর্ঘসময় লেখালেখির মধ্যে থাকার পর, সেসব লেখা দীর্ঘদিন টিকে থাকার পর, আমার এখন হাতিয়ার বদলানো দরকার। দরকার আবার ছাপাছাপির কাজে ডুবে যাওয়া। ডগ ইয়ারস উপন্যাসের প্রথম প্রকাশের ৫০ বছর পূর্তি উপলক্ষে এর জন্য নতুন করে খোদাইচিত্র ও ড্রাই পয়েন্টের কাজ করতে চাই। নিশ্চিতভাবে গ্রিমস ওয়ার্ডসই আমার আত্মজীবনীমূলক রচনার সমাপ্তি। আমার মতো বয়সে যে কেউ পরের বসন্ত দেখতে পেলেই বিস্মিত হবে। এবং আমি জানি, মহাকাব্যিক মাত্রার একটি বই লিখে শেষ করতে কত দীর্ঘ সময় লেগে যায়। ডেয়ার স্পিগেল: আপনার জীবনের সমাপ্তি নিয়ে আপনি কি ভীত?গুন্টার গ্রাস: না, আমি উপলব্ধি করেছি, বরং এর জন্য প্রস্তুত থাকাই ভালো। একই সঙ্গে এও উপলব্ধি করি, এখনো আমার কিছু কিছু কৌতূহল মেটেনি। আমার নাতিনাতনিদের কী হবে? কেমন হবে ছুটির দিনের ফুটবল প্রতিযোগিতার ফল? আলবত আরও কিছু মামুলি অভিজ্ঞতার স্বাদ এখনো পেতে ইচ্ছা হয়। বুড়ো হওয়া নিয়ে ইয়াকব গ্রিম খুবই সুন্দর একটি লেখা লিখেছিলেন। তার বাইরে তাঁর অন্য একটি লেখার মধ্যে এই বাক্যটি আমি খুঁজে পেয়েছি, ‘পড়ন্ত ফল ঝুলে আছে বোঁটায়।’ কথাটা আমার মর্মে গেঁথে গেছে। সঙ্গে সঙ্গে কথাটা আমাকে আমার বয়সের কথাই মনে করিয়ে দেয়। তা করতে গিয়ে, মৃত্যুভয় কিন্তু আমাকে আগাম পেয়ে বসে না। (সংক্ষেপিত)।