ভাষাচিহ্ন ও পুস্তকের নানা প্রকরণ
পাঠের সঙ্গে টেক্সটের সম্পর্ক নিয়ে চিন্তার কোনো সহজ সুরাহা নেই, নেই সুনির্দিষ্ট রীতিপদ্ধতি—যার সূত্রে এদের আলাদা করে চেনা যায়। পাঠ ও টেক্সট দুইয়ে মিলে যে যুগল তা অর্থ বা মানে তৈরির দিকনির্দেশনা যত দেয়, তার চেয়ে পাঠ থেকে ভিন্ন পাঠে নিয়ে আমাদের দাঁড় করিয়ে দেয়, তৈরি করে পাঠের বিরামহীন সম্ভাবনা। এ বিষয়ে রাধাকৃষ্ণ বলেন: টেক্সট আগে না পাঠ আগে, তার সুরাহা হয় না। এর কারণও তিনিই উদ্ধার করেন—সব দার্শনিক ও জ্ঞানতাত্ত্বিক ক্যাটাগরি বা মানদণ্ডই পাঠের নিমিত্তে মৌলিক অবস্থান থেকে কেবলই সরে সরে যায়।পাঠ নিয়ে এমনিতেই তো ভাবনা, তা আবার টেক্সট, যা পাঠযোগ্য কেবল তেমন ভাষ্য নির্মাণে সহায়ক সেমিটিক সিস্টেমের কেন্দ্র করেই সম্ভব। ভাষা, অঙ্কনপদ্ধতি এমনকি বাস্তব কিংবা চলমান ঘটনাবলিও ভাষ্য তুলে ধরে—পাঠযোগ্য হয়ে ওঠে। নির্মাণ ও বিনির্মাণের সূত্রে এসবেরও নব নব পাঠোদ্ধার সম্ভব। তবে এত সব বিষয়-আশয় শিল্পী ওয়াকিলুর রহমানের ভাষিক নির্মাণের ঐতিহ্যের ওপর নির্ভর করে সৃষ্ট শিল্পকর্মের বিষয় না। তিনি মনোযোগ করেছেন নির্দিষ্ট এক প্রতীকী বাহনের ওপর—যা বই, জ্ঞান ও সভ্যতার মুখপাত্র।বই ভাষাচিহ্ন ধারণ করে—যার নির্দিষ্ট গড়ন ও সাংস্কৃতিক বা ঐতিহ্যগত গড়িমা আছে। জার্মান-প্রবাসী এই শিল্পী এসব গহন বিষয়েরও সুলুক খুঁজতে উদ্যোগী হননি। বই যে বস্তু এবং তার যে সামাজিক ও আত্মিক উপযোগিতার জায়গা, সেই পাটাতন থেকে তাকে সরিয়ে দিয়ে শিল্পী এর ভিন্নতা তুলে ধরেছেন। এই সূত্রে শিল্পী তৈরি করেছেন বিকল্প বই, যা কেবল জ্ঞানের স্মারক না হয়ে, ধ্যানের বা মনোযোগের বস্তু হয়ে ওঠে। আর বই যখন বইয়ের স্বাভাবিক জায়গা থেকে সরে সামাজিক মর্যাদা হারায় তখন তা ভিন্ন এক মর্যাদা দাবি করতে পারে—যা এই শিল্পীর কাজে সময়ের সঙ্গে বস্তুর সম্পর্কের সূত্রে জন্ম হয়। অর্থাৎ শিল্পী ওয়াকিল সময়ে বস্তুর বিবর্তন ও তার অবিনাশী চরিত্র দার্শনিকতার আলোকে স্পষ্ট করে তুলতে চান। তার এই চাওয়ার ফলই হলো তার বিবর্তন অনুবর্তী অনির্দিষ্ট গন্তব্যমুখী পুস্তক ও ভাষাচিহ্ন এমনকি পাঠ। তার সৃষ্ট শিল্প বস্তুসমূহ দার্শনিক প্রজ্ঞার মধ্য দিয়ে জন্ম নেয় এবং যে ভাষ্য তৈরি করে তা ফের ‘সহজ’ দৃষ্টির সূত্রে উদ্ধার সম্ভব হয়—এরা এসে এভাবেই নতুন পাঠের জন্ম দেয়। অর্থাৎ শিল্পী ভাষাচিহ্নের মধ্যে স্থির থাকলেও পাঠ থেকে পাঠে যেতে উৎসাহী। ডিকন্ট্রাকশন বা বিপ্রতীপ নির্মাণ নয়, বরং পুনর্নির্মাণই এই শিল্পীর পদ্ধতি। দর্শকের সামনে যা তিনি হাজির করছেন তার কোনো চূড়ান্ত স্তর নেই, পরিণতি নেই। অর্থাৎ যে টেক্সট শিল্পী শিল্পবস্তু দর্শক-পাঠকের সামনে নিয়ে আসছেন তার চলমান, বিবর্তনমান টেক্সট মাত্র। এর যাত্রা আছে, পরিণতি নেই। কিংবা ভারতীয় শিল্পী ছত্রপতির মতো বলা যায়—শিল্প দর্শকই তৈরি করে; আমরা যোগ করতে পারি অবশ্যই তা পাঠের সূত্রে। এরই নিমিত্তে ওয়াকিলের নির্মিতিরও সূত্র উদ্ধার করা যায়, বলা যায় যে এই শিল্পী দর্শককে টেক্সট নির্মাণের একপ্রস্থ চিহ্ন বা প্রতীক সামনে তুলে ধরে বলতে চান, পাঠ তৈরি করুন। কারণ বইয়ের যে পরিণতি এই প্রদর্শনীতে দেখা যায়, তা দর্শককে নব মূল্যায়নে উৎসাহী করে, নব পাঠ উদ্ধারে সহায়তা দেয়। তবে হাস্যরস বা ব্যঙ্গরস কিংবা শ্লেষ শিল্পীর এই সহজাত এসথেটিক্সে ভিন্ন মাত্রা যোগ করত বলে মনে হয়।প্রদর্শনীটি নব্য প্রতিষ্ঠিত ঢাকা আর্ট সেন্টারে দুটি কক্ষে সাজানো হয়েছে। প্রথম কক্ষে বইয়ের গাঠনিক দিক নিয়ে শিল্পীর নানা মাত্রার নির্মাণ জায়গা করে নিয়েছে। নির্মিতির নতুনত্বও দেখা যায় একটি কাজে। বাবেল টাওয়ারের মতো উঁচু বই বর্তমানের স্থাপত্যকলার সূত্রে যেন মোচড় খেয়ে নবরূপ প্রাপ্ত হতে চায়, বলা বাহুল্য যে এই কক্ষের পুস্তকসমূহের গঠনে ও ভাবনায় আধুনিক এসথেটিক্সের ফর্মাল বিষয়ের প্রভাব রয়েছে যার সূত্রে এগুলো গঠনধর্মিতার মধ্য দিয়ে সময়-নিরপেক্ষ প্রতীক হয়ে ওঠে।দ্বিতীয় কক্ষে রেহেলের ওপরে রাখা পাঠযোগ্য ও পাঠযোগ্য নয় এমন সারি সারি বই মূলত ভাষাচিহ্নের ওপর দর্শককে মনোযোগী করে তোলে। এখানে একটি নির্দিষ্ট রেহেলে মূল কবিতার চৌদ্দআনা লাইন বুজে দিয়ে শিল্পী নতুন কবিতা তৈরি করেছেন যা একান্তই ভিন্ন ভাষ্য ও বিকল্প ভাবের গমনপথ নির্মাণ করে। এই কক্ষের মধ্যভাগে পাঁচটি কাচের বাক্সবন্দী ফাঙ্গাস আক্রান্ত, দৃশ্যত পচন ধরা বই বস্তুর ওপর সময়ের চিহ্নকে প্রকট করে তোলে। শিল্পী ২০০৭ এর প্রদর্শনীতে একজাতীয় জার্মান ঘাস ছড়িয়ে দেওয়া খোলা এসব বই প্রথম প্রদর্শন করেন। বর্তমানে এদের জীর্ণতার অবস্থা সময়ের সাক্ষ্য দেয়, সঙ্গে সঙ্গে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে।বিষমবোধক চিহ্নযুক্ত শিরোনাম ‘বুকস ইউ ক্যান রিড?’ অর্থের ও ব্যাখ্যার নিটক থেকেই সুনির্দিষ্ট অর্থ উদ্ধারের চেষ্টাকে নাকচ করে ভাষ্য দেয় যে অর্থও বিবর্তনমুখী। শিল্পী ওয়াকিল দ্ব্যার্থকতার দ্বারস্থ না হয়ে বস্তুর সঙ্গে সময়ের বিক্রিয়ার সৃষ্ট নব অর্থ ও নব ভাবের সঞ্চারে সচেষ্ট। বাংলাদেশের শিল্পকলা জগতের চিত্রধর্মী সম্ভোগবস্তু নির্মাণের যে মহড়া তার বিপরীতে তিনি নির্মাণমুখীনতাকে মুখ্য করে তুলেছেন। শিল্পীর নিজ ভাষ্যমতে, তাঁর কাজ মুহূর্ত ও অনন্তের সমন্বয়, যেকোনো সার্থক টেক্সটই আসলে তা-ই। কারণ ভাস্কর্য বা চিত্রকলা নাম দিয়ে আসলে শিল্প চেনা যায় না। প্রদর্শনী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।