এক শহরে ৩০০ ভাষাঅ্যান্ড্রু বানকম ও টেসা ম্যাকআর্থার লিখেছেন, পৃথিবীতে এমন শহর কমই পাওয়া যাবে যেখানে নাশতার আদেশ দেওয়া যাবে ফারসি ভাষায়, ট্যাক্সি ডাকা যাবে উর্দুতে, বিকেলের চা আরবিতে আর সন্ধ্যার বন্ধুদের সঙ্গে আড্ডা ক্যানটোনিজে।অন্য একটি বর্ণনায় দুপুরের খাবার বাঙালি রেস্তোরাঁ, রাতের খাবার মেক্সিকান, তারপর ব্রাজিলিয়ান নাইটক্লাবে পাগল করা লাতিন আমেরিকার নাচ। এর সবই সম্ভব বিচিত্র মানুষের শহর লন্ডনে।বৃহত্তর লন্ডনের পরিসীমার ভেতর যাদের বসবাস, ইংরেজি, বাংলাসহ তারা ৩০০টি ভিন্ন ভিন্ন জীবন্ত ভাষায় কথা বলে। ইংরেজি না জানলেও কিচ্ছু এসে-যায় না। বিশাল লন্ডন শহরে একটি ইংরেজি শব্দ উচ্চারণ না করেও বেশ ভালোই দিন কাটিয়ে দেওয়া যায়।লন্ডন শহরের বয়স দুই হাজার বছর। রোমানদের হাতে শহরটির গোড়াপত্তন হয়। শুরু হয় বহু জাতির, বহু ভাষাভাষী মানুষের আগমন।লন্ডন আর নিউইয়র্কই সত্যিকার অর্থে সবচেয়ে বেশি কসমোপলিটন চরিত্রের অধিকারী—আন্তর্জাতীয়তাবাদের (Internationalism) স্বরূপ দেখতে হলে লন্ডনই সর্বোত্তম শোকেস। বহুভাষিক সুশিক্ষিত মানুষ লন্ডনেই বেশি। তবে খোদ ইংরেজদের ভাষাজ্ঞান অধিকাংশ ক্ষেত্রে ইংরেজিতে সীমাবদ্ধ। স্ক্যান্ডিনেভীয় দেশের মানুষের মতো বহুভাষী হতে ইংরেজদের আরও বহু যুগ লেগে যাবে।লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ১৯৯৩ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, ২৭৫টি ভাষায় লন্ডন শহরে নিয়মিত কথোপকথন হয়ে থাকে। ইংরেজি সংবাদপত্র দ্য ইনডিপেন্ডেন্ট-এর পরবর্তী গবেষণায় দেখা গেছে, সপ্রাণ ভাষার সংখ্যা প্রায় ৩০০।এ রকম ভাষাবৈচিত্র্যের শহর দুর্লভ। তা ছাড়া, সব শহরই তো পৃথিবীর মেল্টিং পট নয়।লন্ডনের সঙ্গে, বিশেষ করে পূর্ব লন্ডনের সঙ্গে পরিচিত যে কেউ এই পরিসংখ্যানকে নাকচ করে দিতে পারেন। কারণ, সেখানকার কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষা ইংরেজি এমন শিশুর সংখ্যা অনেক ক্ষেত্রে মোট সংখ্যার অর্ধেকেরও কম।নতুন ভাষা স্প্যাংলিশস্প্যানিশও রেহাই পাচ্ছে না। হার্ডওয়্যার, সফটওয়্যার, বেসবল কিংবা হলোইনের কোনো স্প্যানিশ প্রতিশব্দ নেই। সুতরাং, ব্যবহার যৌক্তিক, কিন্তু পাসওয়ার্ডের প্রতিশব্দ (contrasena) থাকার পরও এর ব্যবহার নেই।ভেনেজুয়েলায় দুজন স্প্যানিশ ভাষাভাষীর কথোপকথন:Bueno, my darling, nos vemos en el baly shower de Rita.Okay, see you later.বেনা, লক্ষ্মী সোনা, তোমার সঙ্গে আমার দেখা হবে রিটার বেবি শাওয়ার অনুষ্ঠানে।ঠিক আছে, তোমার সঙ্গে পরে দেখা হবে। (সন্তান জন্মের আগে গর্ভবতীকে নিয়ে কেবল মেয়েদের একটি অনুষ্ঠানের নাম ‘বেবি শাওয়ার’।)স্প্যানিশ কথোপকথনে একটি বাক্যের অর্ধেক ইংরেজি, দ্বিতীয় বাক্যের পুরোটাই। ভাষার স্থিতিস্থাপকতার কথা বলে এভাবে যদি কেবলই গ্রহণ করা হয়, তাহলে পরিচিতিসংকট দেখা দেবেই। ব্রাজিলে ইংরেজি শব্দ ঠেকানোর আন্দোলন শুরু হয়েছে, আর ভেনেজুয়েলা কেবল গ্রহণ করেই যাচ্ছে। স্প্যানিশ আর ইংরেজি মিলে তৈরি হয়েছে স্প্যাংলিশ।মাতৃভাষা দিবস ১৪ মার্চএস্তোনিয়া ১৪ মার্চ মাতৃভাষা দিবস পালন করে থাকে। এদিন এস্তোনিয়ার কবি ক্রিশ্চিয়ান জ্যাক পেটারসনের জন্মদিন। তিনি যক্ষ্মায় ভুগে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর একক সংগ্রাম মাতৃভাষার সব অধিকার লাভ। ১৮০২ সালে ইউনিভার্সিটি অব তার্তু পুনরায় খোলা হলে ছাত্র ক্রিশ্চিয়ানই প্রথম জোর গলায় প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন যে তিনি এস্তোনিয়ান এবং এস্তোনিয়ান একটি স্বাধীন ও সমৃদ্ধ ভাষা। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম ছিল জার্মান। মাতৃভাষা নিয়ে তাঁর কবিতার অংশ:এই মাটি ভাষা কিকোনো জাদুমন্ত্রের হাওয়ায়আকাশ ছুঁতে পারে নাঅনন্তের প্রত্যাশায়।নর্দান ক্রুসেডের পর ত্রয়োদশ শতক থেকে ১৯১৮ সাল পর্যন্ত এস্তোনিয়া ডেনিশ, জার্মান, সুইডিশ ও রুশ শাসনে ছিল। এ কারণে নিজস্ব সাহিত্যকর্মে তেমন এগোতে পারেনি। এস্তোনিয়ান ভাষায় লেখার ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঊনবিংশ শতকে। স্বাধীনতাযুদ্ধের পর সদ্য স্বাধীন এস্তোনিয়া জাতীয় ভাষা হিসেবে এস্তোনিয়ানকে স্বীকৃতি দেয়। দ্বিতীয় মহাযুদ্ধের সময় দেশটি যখন রাশিয়ার দখলে চলে যায়, একক এই জাতীয় ভাষা কার্যত ২ নম্বর সরকারি ভাষা হয়ে যায়—প্রথম স্থানে চলে আসে দখলদারের ভাষা রুশ। সে সময় এমনকি কিন্ডারগার্টেন থেকেই রুশ ভাষায় শিক্ষা হয়ে যায় বাধ্যতামূলক। শিশুরা দ্রুত নতুন ভাষা মুখে তুলে নেয় মাতৃভাষা হওয়ার কারণে। নিজেদের ভাষা শেখার প্রয়োজনীয়তা উপেক্ষিত হতে থাকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এস্তোনিয়া স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং নিজেদের ভাষাকে আবার রাষ্ট্রভাষা ঘোষণা করে। মাতৃভাষা দিবসে স্মরণ করে এ ভাষার অন্যতম কবি ও ভাষাকামী ক্রিস্টোফার প্যাটারসনকে।‘বন্ধুত্বের ভাষা’ নাম দিয়ে চাপিয়ে দেওয়া রুশ ভাষা এস্তোনিয়ান ভাষাকেও অনেকাংশে রুশীকরণ করে ফেলে। স্বাধীনতার পর ভাষাচর্চা সাময়িকভাবে বাড়লেও রুশ ও ইংরেজি ভাষার প্রভাব কমেনি। বাড়ছে বরং। তার পরও প্রতিবছর ১৪ মার্চ এস্তোনিয়া পালন করে যাচ্ছে মাতৃভাষা দিবস। স্মরণ করে তরুণ কবি ক্রিশ্চিয়ান জ্যাক পেটারসনকে। মাতৃভাষা রচনা প্রতিযোগিতার আয়োজন করছে, সাহিত্য সভা করছে। তবু যদি মাতৃভাষা মাথা তুলে দাঁড়ায়।চীনে প্রমিত কথন ও প্রমিত লিখন‘ট্রাকড্রাইভার না-জানি কোন ভাষায় কথা বলে! সবাই দেখি, ট্রাকড্রাইভারের ভাষাই ব্যবহার করে!’ এই খেদোক্তি করেছেন সিডনি ফাইজার।ট্রাকড্রাইভারের কথায় কিছু বাড়তি রস, কিছু বিকৃতি এবং কিছু উত্তেজক খিস্তি থাকতেই পারে। তা সব দেশেই থাকে।ভাষাকে প্রমিত মানে ধরে রাখা কষ্টকর। শেষ পর্যন্ত জয় হয় ট্রাকড্রাইভারেরই। অন্যরা তাঁকে অনুসরণ করে। নিজ দেশের ভাষার প্রমিত মান ধরে রাখার জন্য চীনকে আইন করতে হয়েছে। চীনের ব্যাপারটা ঠিক ড্রাইভার-ভাষাজনিত নয়। চীনের বিভিন্ন জাতিসত্তার ভাষার প্রবল আক্রমণ যেন প্রমিত ভাষাটিকে বিক্ষত না করে, অধিকন্তু তা যেন সংহতি রক্ষা করে অগ্রসর হতে পারে, সে জন্যই এই উদ্যোগ।আইনটির নাম ‘প্রমিত কথ্য ও লেখ্য চীন ভাষা আইন’। প্রজাতন্ত্রী চীনের নবম জাতীয় গণকংগ্রেসে ৩১ অক্টোবর ২০০০ আইনটি গৃহীত হয়। প্রেসিডেন্টের ৩৭ নম্বর আদেশে ৩১ জানুয়ারি ২০০০ তা ঘোষিত হয় এবং জানুয়ারি ২০০১ থেকে কার্যকর করা হয়।এই আইনের কয়েকটি উল্লেখযোগ্য ধারা:অনুচ্ছেদ ২: আইনের স্বার্থে প্রমিত কথ্য ও লেখ্য চীনা ভাষা মানে পুতঙ্গহুয়া (বেইজিং উপভাষার উচ্চারণ অনুসরণ করে গড়ে ওঠা জনসাধারণের ভাষা) এবং চীনা বর্ণমালা (ম্যান্ডারিন চাইনিজ)।অনুচ্ছেদ ২-৮: এই ভাষা জনপ্রিয়করণ এবং অক্ষর প্রমিতকরণের দায়িত্ব সরকারের। সব নাগরিকের এই ভাষা শিক্ষার অধিকার থাকবে। এ ভাষাকে এমনভাবে ব্যবহার করতে হবে, যেন তা কোনোভাবে রাষ্ট্রীয় সংহতি ও অখণ্ডতা বিনষ্ট না করে, বিভিন্ন জাতিগোষ্ঠীকে সমন্বিত করে এবং সমাজতান্ত্রিক বস্তুগত প্রগতি ও নৈতিক প্রগতি নিশ্চিত করে। প্রত্যেক জাতিগোষ্ঠী স্বাধীনভাবে তার নিজের ভাষা উন্নয়নের কাজ করতে পারবে। গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডরুশ ও ইউক্রেনিয়ান ভাষায় প্রথম দিকে ঢুকে পড়েছে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড। খুলে গেছে ইংরেজির জন্য সদর দরজা। ‘উইকএন্ড’ ব্যবহূত হচ্ছে নিয়তই। সরাসরি ঢুকে পড়েছে সাইবার জগতের শব্দ-আপডেট, ব্রাউজার, ই-মেইল, মেইল-বক্স, প্রোভাইডার, হ্যাকার, ব্যাট ও ইউজার।রুশ ও ইউক্রেনিয়ান উভয়ে স্লাভিক ভাষাগোত্রের। উভয় ভাষার চারিত্রিক ঐক্য লক্ষণীয়। উভয় ভাষাতেই বিদেশি শব্দ প্রায় একই সঙ্গে গৃহীত হয়। সরাসরি অভিধানে না ঢুকলেও বহুল ব্যবহূত হচ্ছে ইংরেজি শব্দ ল্যান্ডলর্ড, ব্যাকইয়ার্ড, ডেপোজিট, রেস্ট, ইনস্যুরেন্স, ওয়ার্কশপ, কিচেন, কটেজ চিজ। যেসব শব্দের যথার্থ প্রতিশব্দ নেই, তা গ্রহণে আপত্তি থাকার কথা নয়; কিন্তু কটেজ চিজ?রুশ ভাষায় কটেজ চিজ হচ্ছে Ivorog আর ইউক্রেনিয়ান ভাষায় syr; তাহলে কটেজ চিজ কেন? খুব সহজ উত্তর, আমদানি করা পনিরের রেসিপি (আবারও ইংরেজি) ভিন্ন। সুতরাং, ইংরেজি নাম হতেই পারে।১৮ বছর বয়সী সুসানা জাতুরিয়ান তিন ভাষায় কথা বলেন। বাসায় আমেরিকান, কলেজে ইউক্রেনিয়ান এবং বন্ধুদের সঙ্গে রুশ। রুশ ভাষার প্রচণ্ড প্রভাবে অজস্র রুশ শব্দ আর্মেনিয়ান অভিধানে ঢুকেছে। এখন ঢুকছে ইংরেজি। সুসানা জানান, আগে ঢুকত কেবল খেলার শব্দ বাস্কেটবল, উইকেটকিপার; এখন সব বিষয়ের শব্দ। ক্লাউন, কাপে, অরেঞ্জ, লেমন, কেক, কফি, ক্লাব, পার্ক—প্রতিটি শব্দেরই চমৎকার আর্মেনিয়ান প্রতিশব্দ রয়েছে, কিন্তু ব্যবহূত হচ্ছে ইংরেজি। আর তা ঠেকানোর সুযোগও নেই।ভাষার জন্য আন্দোলনক্যানটোনিজরা ক্যানটোনিজ ভাষায় কথা বলে। তাদের সন্তানেরা স্কুলে ক্যানটোনিজ পড়বে, ম্যান্ডারিন নয়। গোয়াংঝুর রাস্তায় পুলিশি বাধার মুখে প্রতিবাদকারীরা জানিয়ে গেল, ভাষা নিয়ে কোনো সমঝোতা নয়, মাতৃভাষায় পড়াশোনা করতে চাই।সরকার একটু টলেছে; গোয়াংঝুতে বেতার সম্প্রচার ক্যানটোনিজ ভাষায় চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ২০০০ সালের প্রমিত ভাষা আইন অনুযায়ী, সরকারি গণমাধ্যমে কেবল ম্যান্ডারিনই ব্যবহূত হওয়ার কথা।বেইজিংয়ের ম্যান্ডারিন প্রচারণাকে বলা হচ্ছে ম্যান্ডারিন আগ্রাসন, সাংস্কৃতিক হুমকি। ম্যান্ডারিনকে ছাড় দিতে গিয়ে তিব্বতি ভাষা প্রান্তবর্তী হয়ে পড়েছে; কিংহাই প্রদেশের সর্বাত্মক বিক্ষোভে একটি দাবিই মুখ্য, তিব্বতি ভাষায় পড়াশোনা করতে চাই।চাকরি পাওয়া থেকে শুরু করে পদোন্নতি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ম্যান্ডারিনের অগ্রাধিকারের কারণে তরুণ তিব্বতিরা নিজ ভাষার প্রতি আস্থাহীন হয়ে পড়েছেন। চীনা সরকারও মনে করছে, যদি এ প্রজন্মের শিশুদের ম্যান্ডারিনে শিক্ষিত করে তোলা যায়, তাহলে মাতৃভাষা যা-ই হোক না কেন, এ শিশুরাই ম্যান্ডারিনকে মাথায় নিয়ে রাখবে।চীনের কসমোপলিটন শহরগুলোয় অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য। বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদের হাতে। তাদের জানালায় গ্রাহকদের উদ্দেশে সাঁটিয়ে রাখা হয়েছে: অনুগ্রহ করে ম্যান্ডারিন বলুন।সাংহাইয়ের অধিবাসীদের বদনাম ছিল—তারা সাংহাই ছাড়া অন্য কিছু বলে না। কিন্তু তাদের পরের প্রজন্ম বাধ্য হয়ে স্কুলে ম্যান্ডারিন শিখে নিজেদের সাংগীতিক ভাষাটি ভুলতে বসেছে। সাংহাইনিজ ভাষার উন্নয়নের কোনো পদক্ষেপ নেই। সরকার মনে করে, এটি উপভাষা; আর সেখানকার জনগণ মনে করে, এ ভাষার লিখিত রূপ আছে, ব্যাকরণ আছে, অভিধান আছে ও সাহিত্য আছে।চীন জনযুদ্ধের পর জাতীয়তাবাদীরা তাইওয়ানে নির্বাসিত হয়। তারা তাইওয়ানের হোক্কেইন ভাষাকে উপেক্ষা করে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে ম্যান্ডারিনকেই সরকারি ভাষা হিসেবে গ্রহণ করে। হোক্কেইন কেবল তাইওয়ানে নয়, উপকূলীয় প্রদেশ ফুজিয়ান ও সিঙ্গাপুরেও একটি প্রাণবন্ত ভাষা ছিল। জাতীয়তাবাদীদের ক্রমাগত উপেক্ষার জবাব এসেছে ১৯৯০ সালের অভ্যুত্থানে। হোক্কেইন এখন রাজনীতিবিদদের বক্তৃতার ভাষা।