ভাস্করের কারখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের কাছে খুব পরিচিত একজন শিল্পীর ঘর হলো এলোমেলো, অগোছালো আর শিল্পী তার মধ্যে কোনোমতে জিনিসপত্র টেনেটুনে কাজ করছেন। একজন শিল্পীর জন্য তাঁর কাজ করার এ ঘরটি খুবই জরুরি। কারণ, এ ঘরটিই তাঁর ভাবনার জগৎ। শিল্পী হামিদুজ্জামান খান তাই তাঁর স্টুডিওকে সবার আগে জায়গা দিয়েছেন। রাজধানীর উত্তর বাড্ডায় তাঁর নিজস্ব স্টুডিও। দোতলা বাড়িটির নিচতলায় ভাস্কর্য তৈরির সব সরঞ্জাম ও রাশিকৃত মোল্ড (ছাঁচ) থরে থরে সাজানো। ওপরের তলায় রয়েছে তাঁর ছবি আঁকার জায়গা। রুমের নির্দিষ্ট জায়গায় রং, তুলি, পেপার—সব ঠিকঠাক গোছানো, যখন যেটা দরকার হাতের কাছে পেয়ে যান। আমাদের কল্পনার শিল্পীদের সেই চিরচেনা অগোছালো ঘরটিকে হামিদুজ্জামান খান বদলে দিয়েছেন নিপুণভাবে। নানা ব্যস্ততার মধ্যেও তাঁর স্টুডিওটি সব সময় তিনি রাখেন পরিপাটি ও পরিচ্ছন্ন। শিল্পীর জীবনদর্শন ‘সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট’-এর প্রয়োগ দেখা যায় তাঁর স্টুডিওর সর্বত্র। লাল ইটের দেয়াল, সিলিংয়ে সিমেন্টের স্বাভাবিক রং, এক পাশে জানালায় কলার খোলের পর্দা—সবকিছু মিলিয়ে শিল্পীর নান্দনিক উৎকর্ষের পরিচয় মেলে। শিল্পী হামিদুজ্জামান কাজ করে আনন্দ পান। তাই ঝড়, বৃষ্টি, রোদ কোনো কিছুই তাঁকে থামাতে পারে না। বিখ্যাত এই শিল্পীর খ্যাতি আন্তর্জাতিক মহলেও সুবিদিত। বিদেশে বহু জায়গায় তাঁর নির্মিত ভাস্কর্য রয়েছে। বিশেষ ফর্মে করা এই ভাস্কর্যগুলো মূলত তিনি পার্কের জন্য করেছেন। তাই স্কাল্পচার পার্কগুলোতে তাঁর ভাস্কর্যের সংখ্যা বেশি। বাংলাদেশে স্পেসের অভাব থাকলেও শিল্পী তাতে দমে যাননি। বরং স্বল্প পরিসরকে কাজে লাগিয়ে তিনি নির্মাণ করেছেন তাঁর ভাস্কর্য। এ রকম একটি দৃষ্টান্ত হলো ইউটিসি টাওয়ারে করা তাঁর ভাস্কর্যটি। শিল্পীর প্রধান মাধ্যম ধাতু। তিনি ব্রোঞ্জ ও স্টেনলেস স্টিল বেশি ব্যবহার করেন। সম্প্রতি তিনি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করছেন। তাঁর বিশেষ পছন্দের এই ভাস্কর্যটির তিনি নাম দিয়েছেন ‘ইউনিটি’। বাংলাদেশের ভাস্কর্যশিল্পে নতুন ধারা সৃষ্টি করেছেন এই শিল্পী। এ কারণে প্রথম দিকে তাঁকে ঝক্কিও কম সইতে হয়নি। অধিকাংশ সময় চেষ্টা করেছেন দেশি ম্যাটেরিয়াল ব্যবহার করতে। বড় কাজের প্রতি তাঁর আগ্রহ অনেক বেশি। ষাটোর্ধ্ব বয়সেও এই শিল্পী এখনো রাত জেগে ছবি আঁকেন আর মোল্ড তৈরি করেন। শিল্পীর মতে, বর্তমানে বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি শিল্পের অনুকূলে। এখন বেশ স্কাল্পচারের কাজ হচ্ছে। বাংলাদেশের মানুষের অনেক বেশি শিল্পচেতনার বিকাশ ঘটেছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বিকশিত হবে বলে শিল্পীর বিশ্বাস। হামিদুজ্জামান খান স্বপ্ন দেখেন, বাংলাদেশে একদিন ভাস্কর্য উদ্যান গড়ে উঠবে। এ লক্ষ্যে তিনি নিজস্ব উদ্যোগে কাশীপুরে বিশাল এলাকাজুড়ে একটি স্টুডিও নির্মাণ করছেন; ক্রমে যাকে তিনি ভাস্কর্য উদ্যানে রূপান্তরিত করতে চান। এ জন্য প্রায় পাঁচ বছর ধরে তিনি এটি তৈরি করছেন। দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীর তৈরি ভাস্কর্য এখানে স্থান পাবে। শিল্পীর ইচ্ছা, অবসরে যাওয়ার পর কাশীপুরের এই স্টুডিওটি তিনি মনের মতো করে সাজাবেন, যাতে পরবর্তী সময় দর্শকদের জন্য তিনি এটি উন্মুক্ত করে দিতে পারেন। এ ছাড়া তিনি মেধাবী ছাত্রদের সহায়তার জন্যও এই স্টুডিওটি কাজে লাগাবেন বলে চিন্তাভাবনা করেছেন। শিল্পী হামিদুজ্জামানের জন্ম ১৯৪৬ সালে, কিশোরগঞ্জের সোহাশ্রম গ্রামে। ঢাকা থেকে বিএফএ ডিগ্রি লাভের পর ভারতের বরোদা ইউনিভার্সিটি থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে এই ভাস্কর একুশে পদক লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।