হামিদুজ্জামান খান আমাদের কাছে ভাস্কর হিসেবেই বেশি পরিচিত। ভাস্কর্য ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ দিক তাঁর জলরং। ইদানীং তিনি অ্যাক্রেলিকেও কিছু কাজ করছেন। সাম্প্রতিক কালে তাঁর করা জলরং ও অ্যাক্রেলিকে করা ছবি এবং ভাস্কর্যের সমন্বয়ে গ্যালারি কায়ায় গত ৪ ডিসেম্বর শুরু হয়েছে প্রদর্শনী ‘টাইম অ্যান্ড বিয়ন্ড’।আমাদের ইতিহাস পর্যবেক্ষণ করলে আমরা দেখব, মধ্যযুগে বাংলার যে শিল্পঐতিহ্য গড়ে ওঠে, তার প্রধান উপাদান জলজ মাধ্যমে করা ছবি আর ভাস্কর্য।এবারের প্রদর্শনীতে শিল্পীর তিনটি অ্যাক্রেলিক, ১৭টি জলরং, ১৫টি ব্রোঞ্জ ভাস্কর্য এবং একটি স্টেনলেস স্টিলের ভাস্কর্য আছে।প্রথমেই আসি ভাস্কর্যের আলোচনায়। তাঁর এবারের প্রদর্শনীর ভাস্কর্যের ফর্ম একটু ব্যতিক্রম। যাঁরা গত কয়েক বছরে তাঁর কাজ দেখেছেন, তাঁরা হয়তো তাঁর এ ধরনের উপস্থাপনার সঙ্গে পরিচিত নন। আগের কিউবিক ফর্মের কাজ যতটা নাগরিক ছিল, বর্তমান কাজগুলোর অবস্থান তার বিপরীত। তাঁর এবারের কাজ অনেক বেশি কাব্যিক ও সরল। কিছু কাজের ক্যারেক্টার সম্ভবত রবীন্দ্র চিত্রকলার ফর্ম থেকে অনুপ্রাণিত হয়ে করা, আবার কিছুকে আফ্রিকার ফর্মের ছাপ আছে। তবে সব মিলিয়ে কাজগুলো একই সুরে বাঁধা। কাজগুলো সবই শিরোনামহীন, কারণ শিরোনামের গণ্ডিতে তাদের বাঁধা যায় না। আপাত চেনা ফর্মের আদলের কাছাকাছি থেকেও তারা চেনা নয়। কবিতা যেমন তার বাক্যের সীমা ভেদ করে অপার দিগন্ত অতিক্রম করে, শিল্পীর এবারের ভাস্কর্যগুলো তেমনই একেকটি রচনা।এবার আসি তাঁর জলরঙের কাজগুলোতে। হামিদুজ্জামান যদি ভাস্কর্য নাও করতেন, তাঁর জলরংগুলোর উপস্থাপনা, জমিবিন্যাস ও টেকনিকের মুনশিয়ানা তাঁকে বাঁচিয়ে রাখত। শুদ্ধ জলরঙের একাডেমিক (আমাদের দেশের একাডেমির বিচারে) নিয়মরীতির বিচারে, সরাসরি সাদা রঙের প্রয়োগকে উৎসাহিত করা হয় না। শিল্পী হামিদুজ্জামান এই নিয়ম মানেননি কিছু ক্ষেত্রে এবং এই না মানার প্রয়োজনীয়তা ছিল বলেই।এবার তাঁর অ্যাক্রেলিকে করা কিছু কাজের কথায় আসি। অ্যাক্রেলিকে করা কাজের মধ্যে ‘ডিপ মিডনাইট’ কাজটি যেকোনো সাধারণ দর্শকেরই ভালো লাগবে। জলরং বা অ্যাক্রেলিক যে মাধ্যমেই কাজ করুন না কেন, তাঁর এবারের প্রদর্শনীর ছবিগুলো ইম্প্রেশনিস্ট স্কুলের প্রতিনিধিত্ব করে। তাঁর কাজগুলোর একটি বড় গুণ এগুলো দৃষ্টিনন্দন।প্রদর্শনীটি ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।