ভাস্কর্যের প্রাতিষ্ঠানিক চর্চা

জয়নুল গ্যালারির বাইরে ইটের দেয়ালজুড়ে সেঁটে আছে বড় আকৃতির ডিমপোচ। ‘ব্রেকফাস্ট’ শিরোনামের স্থাপনাধর্মী মিশ্র মাধ্যমের এ ভাস্কর্যটি করেছেন এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী পলাশ সাহা। বিশ্ববিদ্যালয়ের হলে নিত্যদিনের খাদ্যতালিকায় ডিম থাকার অভিজ্ঞতাই হয়তো মূর্ত হয়েছে ডিমের এই অস্বাভাবিক আকৃতিতে। নিরীক্ষামূলক কাজের বিচারে ‘শিল্পী অনোয়ার জাহান স্মৃতি পুরস্কার’ অর্জন করেছেন তিনি। যে প্রদর্শনীটি নিয়ে কথা হচ্ছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অংশ, ‘বার্ষিক শিল্পকর্ম প্রর্দশনী ২০১৫’। অনুষ্ঠিত হয়েছে ২ থেকে ৭ মে পর্যন্ত। প্রদর্শনীতে বিএফএ সম্মান ও এমএফএ শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন পদ্ধতি ও মাধ্যমে যেসব সৃজনশীল অনুশীলন ও নিরীক্ষামূলক ভাস্কর্য সৃষ্টি করেছেন, তার নান্দনিক ও কৌশলগত উৎকর্ষ মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়েছে পাঁচটি পুরস্কার।
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির নির্বাচিত ৫৪ শিক্ষার্থীর ৫৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। ভাস্কর্যের প্রথাগত চারটি প্রধান পদ্ধতি (তক্ষণ, মণ্ডন, ঢালাই, সংগঠন) এবং বিশেষ করে সংগঠন পদ্ধতিতে মিশ্র মাধ্যমে নিরীক্ষামূলক শিল্পকর্মগুলোর বিষয়চিন্তা, কৌশলগত দক্ষতা ও স্বকীয়তা বিচারে তরুণদের বুদ্ধিভিত্তিক উপস্থাপনের মধ্যে ভাবনার খোরাক আছে।
‘ভেড়া’, ‘বীজ’, ‘চোখ’, ‘বেহালা’, ‘পরিবার’, ‘রমণী’, ‘ক্যাকটাস’, ‘কাঠবিড়ালী’ ইত্যাদি শিরোনামের ভাস্কর্যগুলো সৃজনশীল সরল বা সংক্ষিপ্ত গড়ননির্ভর, যার আদল ও রসানুভূতি অনুভবে দর্শকদের বেগ পেতে হয় না। বিএফএ সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী তারেক হাসান ‘পড়ন্ত’ শিরোনামের কাঠ খোদাই ভাস্কর্যের জন্য পেয়েছেন ‘শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার’। একখণ্ড শক্ত কাঠ তরল হয়ে পানির ফোঁটার মতো গলে পড়ার ইল্যুয়েশন অনুভূত হয় তাঁর কাজে।
এমএফএ প্রথম পর্বের ছাত্রী আরজানা তাবাসসুম মিশ্র মাধ্যমে ‘মাতৃত্ব’ শিরোনামের ভাস্কর্যের জন্য পেয়েছেন ‘শ্রেষ্ঠ নিরীক্ষামূলক পুরস্কার’। লোহার কাঠামোর সঙ্গে কাপড়, দড়ি ও রং ব্যবহার করে মাতৃজঠর ও মাতৃগর্ভাবস্থায় শিশুর ত্রিমাত্রিক ইমেজ তৈরি করেছেন তিনি।
বিএফএ সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সুজিৎ সরকার নারীর প্রতিকৃতি অনুশীলনের উৎকর্ষ দেখিয়ে পেয়েছেন ‘অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার’।
প্রদর্শনী দেখে মনে হয় সংগঠন পদ্ধতিতে ফাউন্ড অবজেক্ট ও এসেমব্লেজ প্রক্রিয়ায় বৈচিত্র্যপূর্ণ ভাস্কর্য সৃষ্টিতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। তবে আঙ্গিক ও ধারণার ক্ষেত্রে অগ্রজ ভাস্কর হামিদুজ্জামান খান ও নভেরা আহমেদের প্রভাব লক্ষণীয়। এ ছাড়া মিশ্র মাধ্যমের ভাস্কর্য সৃষ্টিতে বিভাগের তরুণ শিক্ষকদের মেধা, মনন ও উৎসাহের প্রতিফলন লক্ষণীয়।
আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে ভাস্কর্য বিষয়ে ধারণা স্বচ্ছ নয়। যে কারণে ভাস্কর্যের নামে মানহীন সংগ্রহ ও যত্রতত্র দুর্বল স্থাপনা দেখা যাচ্ছে। মানুষের মার্জিত রুচি ও ভাস্কর্যের ধারণা স্বচ্ছ হতে প্রাতিষ্ঠানিক নবীন শিল্পীদের এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম।