ভিক্টোরিয়া ওকাম্পোর খোঁজে

আমার বড় হয়ে ওঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মায়ের গলায় রবীন্দ্রসংগীত আর শিশু–কাব্যগ্রন্থের কবিতা দিয়ে হয়েছিল তাঁর সঙ্গে প্রথম পরিচয়। তারপর হলো ছোটগল্পের সঙ্গে পরিচয়। কাবুলিওয়ালারা তখনো হাওড়ার গলিতে স্বচ্ছন্দে ঘোরাফেরা করত। তাদের দেখলেই আমি মনে মনে নিজে মিনির জায়গায় পৌঁছে যেতাম। এরপর শুরু হলো গান শেখার পালা। আমার মা-মাসিরা এবং তাঁদের পিসিমারা গান শিখেছিলেন পুরাতনী সংগীতশিল্পী কালিপদ পাঠকের কাছে, যিনি তাঁর ভবঘুরে জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন আমার মামার বাড়িতে। স্বাভাবিকভাবে আমার গান শেখার দায়িত্ব পড়ল কালিপদ পাঠকের সুযোগ্য ছাত্র গোপাল চট্টোপাধ্যায়ের কাছে। কিন্তু খেয়াল, ভজন আর শ্যামাসংগীত শেখায় আমার উৎসাহ আমার মায়ের উৎসাহের সঙ্গে তাল মেলাতে পারছিল না। আমার উৎসাহ তত দিনে কেড়ে নিয়েছে রবীন্দ্রসংগীতের কথা ও সুর। এল কৈশোর; এবং আস্তে আস্তে ডুবে গেলাম সুচিত্রা, কণিকা, দেবব্রত, শান্তিদেব ঘোষ আর রাজেশ্বরী দত্তের গানে। প্রেমপর্যায়ের গান শুনে মনে হতো রবিঠাকুর তো আমারই মনের কথা লিখে রেখেছেন একেবারে ঠিক ঠিকভাবে। পূজা ও প্রেমপর্যায়ের গানগুলো শুনে তার অর্থ উদ্ধার করা ছিল কঠিন সমস্যা—মানবপ্রেম ও ভগবতপ্রেম তো মিলেমিশে এক।
ক্রমশ পড়লাম তাঁর উপন্যাসগুচ্ছ, বড় গল্প। ছবির পর্দায় দেখলাম চারুলতা, স্ত্রীর পত্র। এই সবকিছুর মধ্য দিয়ে বড় হয়ে বুঝলাম বাঙালির সভ্যতা আর কৃষ্টিতে রবিঠাকুরের অবদান, অনুভব করলাম তাঁর বিশালতা ও অসামান্যতা।
কৌতূহল বেড়েই চলল মানুষ রবীন্দ্রনাথকে জানতে—তাঁর পারিবারিক জীবন সম্বন্ধে জানতে এবং তাঁর ব্যক্তিগত জীবনে বিভিন্ন মানুষ ও ঘটনার প্রভাব বুঝতে। পড়লাম অন্নদাশঙ্কর, প্রমথনাথ বিশী, মুজতবা আলী, প্রভাতকুমার মুখোপাধ্যায় ও বিস্তর চিঠিপত্রের সম্ভার। বুঝতে চেষ্টা করলাম কবির সৃষ্টির প্রকাশে কাদম্বরী দেবী ও বিদেশিনী ‘বিজয়া’র প্রভাব। রবিঠাকুর তাঁর গগনস্পর্শী প্রতিভা, রহস্যময় ব্যক্তিত্ব আর সৌম্য সৌন্দর্যে কল্পনার জালে হয়ে উঠলেন আমার ‘প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি’।
বিজ্ঞানভিত্তিক পড়াশোনার তাগিদে চলে এলাম আমেরিকা। সঙ্গে এল গীতবিতান ও শেষের কবিতা। বিজ্ঞানের দুরূহ সমস্যার সঙ্গে লড়াই করার পাশাপাশি চলল আমার রবীন্দ্রসংগীত চর্চা, আমেরিকায় সুপরিচিত শ্রীমতী বনানী ঘোষের কাছে। পড়াশোনার ফাঁকে চলে যেতাম গান শিখতে আর ওনার গুরু ‘মোহর’দি ও শান্তিনিকেতনের নানান মজার গল্প শুনতে। ক্রমশ শুরু হলো চাকরিজীবন এবং বিভিন্ন দেশে স্বচ্ছন্দ যাতায়াত। দেখলাম গ্যালিলিওর ব্যবহার করা দূরবীক্ষণ যন্ত্র, ক্যাভেন্ডিসের ব্যবহার করা বকযন্ত্র, নেপোলিয়নের জন্মক্ষেত্র, কলম্বাসের ভগ্ন বাসস্থান—আর কত কিছু যে। কিন্তু মনের মধ্যে একটি জায়গা যেন তীর্থস্থান হয়ে রইল—সে হলো বুয়েনস এইরেস—ভিক্টোরিয়া ওকাম্পোর দেশ। আমার একটা দুর্বার আকর্ষণ ছিল আর্জেন্টিনা যাওয়ার এবং রবীন্দ্রনাথের ‘বিজয়া’কে জানার, সেই পারিপার্শ্বিকতার মধ্যে যেখানে তাঁদের প্রথম পরিচয়।
গত বছরের ৪ জুলাইয়ের ছুটিতে আমরা ঠিক করলাম বুয়েনস এইরেস যাব। পথ হলো ওয়াশিংটন-নিউইয়র্ক-বুয়েনস এইরেস—এক্কেবারে সোজা। যাওয়ার আগে হোটেলের ব্যবস্থা করা একটি কাজ এবং অন্যটি হলো পড়াশোনা করার কাজ—রবীন্দ্রনাথ ও ওকাম্পোর ঘনিষ্ঠতা-সম্পর্কিত লেখাগুলো। আমার পরিচিত শান্তিনিকেতনের দীপঙ্করদা ও সুচন্দ্রাদির কাছ থেকে জানলাম বুয়েনস এইরেসের জমকালো ‘সিটি সেন্টারে’ থাকা সুবিধাজনক এবং দীপঙ্করদার কাছ থেকে পেলাম যেখানে রবীন্দ্রনাথ ছিলেন ওকাম্পোর অতিথি হিসেবে—সেই জায়গাটিতে যাওয়ার নিখুঁত বর্ণনা। হোটেল ঠিক করলাম সিটি সেন্টারের ম্যারিয়টে। পরিচিত হোটেল ‘চেন’, তাদের কেন্দ্রীয় সংরক্ষণে ফোন করে থাকার ব্যবস্থা পাকা হয়ে গেল। যাওয়ার দুদিন আগে হোটেলের ‘ওয়েবসাইট’ খুললাম এয়ারপোর্ট থেকে দূরত্ব এবং যাতায়াতের ব্যবস্থা ঠিক করতে। গায়ে কাঁটা দিল সেই হোটেলের বিশেষ অতিথির তালিকা দেখে। স্বয়ং রবীন্দ্রনাথ আছেন শীর্ষ তালিকায়—এ ছাড়া আছেন বহু পরিচিত স্বনামধন্য ব্যক্তি।
পৌঁছালাম ম্যারিয়ট প্লাজা হোটেলে, যা ছিল শুধু ‘প্লাজা হোটেল’ যখন রবীন্দ্রনাথ উঠেছিলেন সেখানে। সেই সময়কার ইতিহাস ছিল এই রকম:
রবীন্দ্রনাথ জাহাজে পৌঁছালেন বুয়েনস এইরেসে, যাবেন পেরুতে। খুব অসুস্থ তিনি। ঠিক হলো বুয়েনস এইরেসে কয়েক দিন থাকবেন। উঠলেন শহরের নামী প্লাজা হোটেলে। সেখান থেকে ট্রেনে পেরু যাওয়ার ধকল বেশি। তাই ডাক্তারের উপদেশ হলো, কিছুদিন বুয়েনস এইরেসে থেকে শরীর ঠিক করা অবশ্য প্রয়োজন। তখনকার দিনে শহরে কোনো সমাদৃত ব্যক্তি পৌঁছালে শহরের অভিজাত মহলের কাছে পৌঁছাত সেই খবর, আর এঁদেরই ওপর দায়িত্ব পড়ত তাঁদের সঙ্গে পরিচয় ও আতিথেয়তার।
ওকাম্পোর পরিবার ছিল ধনী, শিক্ষিত ও সেই মহলের নিতান্তই অন্তরঙ্গ। ভিক্টোরিয়া ওকাম্পো পড়াশোনা করেছিলেন প্যারিসে, ছিলেন ফরাসি ভাষায় দক্ষ। ওখানে থাকাকালীন তিনি পড়েছিলেন গীতাঞ্জলির ফরাসি অনুবাদ এবং বলাই বাহুল্য যে সেটি পড়ে মুগ্ধ হয়েছিলেন। এটি রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার পরের ঘটনা।
রবীন্দ্রনাথকে দেখতে ও তাঁর সঙ্গে পরিচিত হতে ওকাম্পো পৌঁছালেন প্লাজা হোটেলে। কবির সচিব লেনার্ড এল্মহার্সটের কাছে শুনলেন তাঁর অসুস্থতার বিবরণ। ওকাম্পো ঠিক করলেন কবিকে অনুরোধ করবেন তাঁর বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য। অনুরোধটি নিয়ে কবির সঙ্গে আলোচনার জন্য একটু সময় চাইলেন এল্মহার্সট। ইতিমধ্যে বাড়ি ফিরে বাবার কাছে ওকাম্পো তাঁর ইচ্ছাটি প্রকাশ করলেন।
এই প্রসঙ্গে বলে রাখি, ওকাম্পো ছিলেন বিবাহিতা কিন্তু স্বামীর সঙ্গে মতভেদের কারণে অল্প দিনের মধ্যেই তাঁর সঙ্গ ছেড়ে ফিরে আসেন বাবা-মায়ের পরিচিত গণ্ডিতে। তাঁর বাবার ছিল রাশভারী ব্যক্তিত্ব। তিনি একেবারেই নারাজ এই অপরিচিত, অসুস্থ ব্যক্তিটিকে নিজের বাড়িতে অতিথি হিসেবে রাখতে। তবে বাবার কাছে এই পরাজয়ে মেয়ের কঠিন ব্যক্তিত্ব নতি স্বীকার করল না। অগত্যা ওকাম্পো পরামর্শ করলেন তাঁর বোনের (সম্পর্কের সূত্র জানা নেই) সঙ্গে, যাঁর একটি বাগানবাড়ি ছিল বুয়েনস এইরেসে শহরের উপকণ্ঠে সান ইশিড্রো গ্রামে। এর কাছেই ছিল ওকাম্পোর আর একটি বাড়ি—দুটির মধ্যে দূরত্ব হাঁটা পথের। এই আত্মীয়া বোনটি রাজি হয়ে গেলেন ওকাম্পোকে বাড়িটি ভাড়া দিতে।
এদিকে এল্মহার্সটও তখন রাজি ওকাম্পোর আতিথেয়তা গ্রহণে। অতএব রবীন্দ্রনাথ ও এল্মহার্সট গেলেন ‘মিরাল রিয়ো’ নামের বাড়িটিতে আর ওকাম্পো রইলেন কাছাকাছি নিজের বাড়িতে। কবির পরিচর্যার ভার নিলেন নিজে এবং নিজের কর্মচারীদের পাঠিয়ে দিয়ে মিরাল রিয়োতে। শুরু হলো নিত্য যাতায়াত। দ্রুতই গড়ে উঠল দুজনের মানসিক যোগাযোগ ও গভীর সখ্য।
প্লাজা হোটেলে পৌঁছেই চলে গেলাম ওদের কনসিয়ার্জ দপ্তরে। জানালাম যে আমি জন্মসূত্রে ভারতীয়। এসেছি আমাদেরই এক কবির বহুদিন আগে এখানকার ক্ষণস্থায়ী ভ্রমণের সাক্ষী বাগানবাড়িটি স্বচক্ষে দেখতে এবং ওকাম্পো সম্বন্ধে কিছু জানতে। এই কথার পর আমাকে অবাক করে দিয়ে মধ্যবয়সী এক ভদ্রলোক স্পষ্ট উচ্চারণে বললেন ‘আর. এন. টেগোর’—এই নাম। তাঁর সঙ্গে আলাপ জমে উঠল দ্রুত, কারণ আমার ‘হোমওয়ার্ক’ থেকে আমি ভিক্টোরিয়া ওকাম্পো সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল।
ঠিক হলো গাড়িযোগে আমরা সান ইশিড্রো যাব এর পরের দিন। ওই ভদ্রলোকই ভাড়া করা গাড়ির ব্যবস্থা করে দিলেন। তার আগে মন দিলাম ঐতিহাসিক হোটেলটি ঘুরে দেখতে এবং সিটি সেন্টারের ব্যস্ততা উপভোগ করতে।
বুয়েনস এইরেস সুন্দর শহর, চওড়া রাস্তা। কাছেই ছিল একটি ঝকঝকে বিপণিকেন্দ্র, যেখানে সুসজ্জিত পোশাকে বাজার করছে স্থানীয়রা। পায়ে হাঁটা পথের দুপাশে ইউরোপের মতো হরেক রকম রেস্তোঁরা। তারই একটিতে খাওয়া সেরে সেদিনের মতো অবসর, আগের রাতের লম্বা বিমানভ্রমণের ক্লান্তি কাটাতে। পরদিন আমরা বেরোলাম সারা দিনের মতো শহর দর্শনে। তার মধ্যে একটি দ্রষ্টব্য উল্লেখযোগ্য, সেটি একটি সুসজ্জিত কবরখানা। যেহেতু কবরখানাটি শহরের মধ্যে, সেখানে জমি অতি মহার্ঘ্য। তাই অবস্থাপন্ন পরিবার এবং স্বনামধন্য ছাড়া কারুর সৌধ এখানে নেই। স্থান সংকুলানের জন্য অনেক পরিবারের কফিন রাখা আছে ওপর-নিচে সারিবদ্ধভাবে। সেখানেই ভিক্টোরিয়া ওকাম্পোর সৌধ খুঁজে বার করলাম ইংরেজিভাষী এক দর্শন-সহায়িকার উদ্যোগে। বলাই বাহুল্য যে এই একক সৌধ ঘোষণা করছে ওকাম্পো পরিবারের ধন এবং মর্যাদার প্রাচুর্য। সারা দিন ঘুরে সন্ধ্যায় লাতিন ‘ট্যাঙ্গো’ শো দেখে মন্ত্রবত মুগ্ধ হয়ে ফিরলাম হোটেলে। পরের দিন আমার তীর্থক্ষেত্র যাব—এ উৎসাহে রাতে প্রায় ঘুম নেই।
গাড়িতে সান ইশিড্রো যেতে লাগল এক ঘণ্টার একটু বেশি। গাড়ি সোজা নিয়ে আমাদের পৌঁছে দিল ‘ভিলা ওকাম্পো’তে। অপূর্ব সুন্দর সেই বাড়িটি ওকাম্পোর নিজের—আপাতত এটি জাদুঘর এবং ইউনেসকোর একটি ‘হেরিটেজ সাইট’। কিন্তু আমি তো জানি এটি ‘মিরাল রিয়ো’ নয়। আমি যে যেতে চাই সেখানে, যেখানে স্বয়ং ছিলেন রবীন্দ্রনাথ। জাদুঘরটি দেখতে বেশ খানিকক্ষণ সময় লাগল। সেইখানে একটি ঘরে বহু পরিচিত ছবি—রবীন্দ্রনাথ, নেহরু, গান্ধী প্রভৃতি ব্যাক্তিবর্গ। এ ছাড়া আছে ইন্দিরা গান্ধীর সঙ্গে ওকাম্পোর ছবি। এখানে জানিয়ে রাখি, ১৯৬৮ সালে ইন্দিরা গান্ধী যখন ওকাম্পোর সঙ্গে দেখা করতে এসেছিলেন, উঠেছিলেন প্লাজা হোটেলেই।
ওকাম্পো কখনো ভারতবর্ষে বা শান্তিনিকেতনে যাননি কিন্তু কবির সঙ্গে ওনার দ্বিতীয়বার সাক্ষাৎ হয় প্যারিসে। ওকাম্পোই রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রথম প্রদর্শনী করেন সেখানে।
জাদুঘরের একটি অল্প বয়সী মেয়েকে জিজ্ঞাসা করলাম ‘মিরাল রিয়ো’র কথা। ইতিমধ্যে আমি বুঝেছি এই বাড়িটি সম্পর্কে অনেকেই জানেন না, যদিও ‘ভিলা ওকাম্পো’ সুপরিচিত। কিন্তু এত দূরে এসে সেই বাড়ি না দেখে আমি যাচ্ছি না। আমার নাছোড়াবান্দা অনুরোধ উপেক্ষা করতে না পেরে মেয়েটি আমাদের সেই বিশেষ বাড়িটির ঠিকানা ও পথনির্দেশ দিল। সঙ্গে সঙ্গে এও জানিয়ে দিল যে বাড়িটি আপাতত বিক্রির তালিকাবদ্ধ। সেই জন্য ভেতরে যাওয়া সম্ভব নয়।
পথনির্দেশ পেয়ে গাড়ির চালক আমাদের নিয়ে হাজির হলো বহুপ্রতীক্ষিত সেই বাড়িটির সামনে। বাড়িটি খুঁজতে বেশ বেগ পেতে হলো, কারণ পথে বিশেষ কোনো নিশানা নেই। আর জায়গাটি অত্যন্ত নির্জন। আমি বাড়িটির সামনে দাঁড়িয়ে বিহ্বল ও বাক্রুদ্ধ। বাড়িটির বাগান বিস্তীর্ণ, পরিসর বিস্তৃত। দূরে লাল রঙের ঢালু ছাদের দোতলা বাড়ি। চারপাশে উঁচু লোহা ও তারের বেড়া। বাগানের বাইরে সশস্ত্র প্রহরী। কাছে যেতেই তারা ঘোষণা করল, ভেতরে প্রবেশ নিষেধ।
তাই সেখান থেকে দূরে গিয়ে লোহার বেড়ার ফাঁক দিয়ে বাড়িটি দেখে তার ছবি নিতে চেষ্টা করলাম আমরা। দূর থেকে দেখতে পেয়ে প্রহরীরা এসে নিরস্ত করল আমাদের। বলল, ছবি নেওয়া নিষিদ্ধ। তবে ভাষার দূরত্বের জন্য কেন ছবি তোলা যাবে না, তার কারণটি রইল অজানাই।
এদিকে মনে মনে আমি পৌঁছে গেছি সেই সময়ে, যখন রবীন্দ্রনাথ আরোগ্যলাভে থেকেছেন এখানে। বারান্দায় বসে বিশ্রাম নিয়েছেন। দূরে লা প্লাতা নদীর কলকল দিয়েছে তাঁকে প্রশান্তি। বাগানে বসে লিখেছেন কবিতা। ওকাম্পো সারা দিন অপেক্ষা করেছেন কখন কবির সঙ্গে একটু সময় কাটাবেন—সদাই ভয় বুঝি বিরক্ত হবেন কবি। অবশেষে ঘনিষ্ঠতা হয়েছে দুজনের। পূরবীর কবিতাগুলো রয়েছে তার সাক্ষী হয়ে। স্থানীয়দের বক্তব্য, ‘হি ওয়াজ ইন লাভ উইথ হার’।
আমি ভাবছি, কবির বয়স তখন ৬৩, ওকাম্পোর বয়স ৩৪—তা কি সত্যিই প্রেম নাকি এক মহান প্রতিভা আর অধরা সৌন্দর্যের প্রতি পারস্পরিক আকর্ষণ ও আত্মসমর্পণ!
এই বিচারের ক্ষমতা আমার নেই, প্রয়োজনের তাগিদও নেই। শুধু পাঠকের কাছে তুলে ধরলাম আমার তীর্থভ্রমণের একটি কাহিনি। যাঁরা আমার আগে এই জায়গাটি ঘুরে এসেছেন, এটি পড়ে তাঁদের হয়তো মনে পড়ছে পরিচিত জায়গার কথা, আর যাঁরা মনে করেছেন ভবিষ্যতে কখনো আর্জেন্টিনা যাবেন, তাঁদের কাছে অনুরোধ বুয়েনস এইরেস গেলে সান ইশিড্রোকে ভুলবেন না।