ভিক্তর হারার ঘাতক ধরা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁচে থাকলে এ বছর ভিক্তর হারার বয়স হতো ৮০। প্রায় চল্লিশ বছর আগে, ১৬ সেপ্টেম্বর ১৯৭৩, ঘাতকের বন্দুকের গুলিতে নিহত হন চিলির এই চারণ কবি ও গায়ক। বামপন্থীদের নেতৃত্বে চিলির যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে, হারা ছিলেন তাঁর প্রধান সংগঠক। ১৯৮৮ সালে গণতন্ত্র ফিরে আসার পর হারার হত্যা তদন্তকাজে হাত দেওয়া হয়। হারার স্ত্রী জোয়ান ও হাজার হাজার চিলিবাসীর দীর্ঘ আন্দোলনের ফলে অবশেষে তাঁর ঘাতকদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। হারার মৃত্যুর জন্য দায়ী এমন লোকদের খুঁজে বের করার তদন্তে নিয়োজিত ছিলেন বিশেষ বিচারক মিগেল ভাজকেজ। সম্প্রতি তিনি মোট আটজন অভিযুক্ত ঘাতককে নিশ্চিতভাবে চিহ্নিত করার পর তাঁদের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পালের গোদা চিলির সামরিক বাহিনীর সাবেক অফিসার পেদ্রো বারিয়েন্তস, এখনো আমেকাির ফ্লোরিডায় স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। চিলি সরকার তাঁর গ্রেপ্তারের অনুরোধ নিয়ে মার্কিন সরকারের সঙ্গে সলাপরামর্শের উদ্যোগ নিয়েছে। হারার হত্যার আগে নিহত হন প্রেসিডেন্ট সালভাদর আইয়েন্দে। ১১ সেপ্টেম্বর সেনাবাহিনীর অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হন চিলির এই প্রথম সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট। সে অভ্যুত্থানে সিআইয়ের হাত ছিল, এটা এখন প্রমাণিত সত্য। হেনরি কিসিঞ্জার নিজে স্বীকার করেছেন, প্রেসিডেন্ট নিক্সন তাঁকে সে কাজে চিলির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। আইয়েন্দের মৃত্যুর পর শুরু হয় অভাবিত সন্ত্রাস। রাজধানী সান্তিয়াগোর চিলি স্টেডিয়ামে জড়ো করা হয় পাঁচ হাজার বন্দীকে। তাঁদেরই একজন ভিক্তর হারা। তিনি সে সময় সান্তিয়াগোর কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যদিও তাঁর আসল পরিচয় চিলির সমাজতান্ত্রিক বিপ্লবের এক রূপকার হিসেবে। আইয়েন্দের নেতৃত্বে যে বাম মোর্চা গঠিত হয়, তার অন্যতম সংগঠক ছিলেন হারা। তাঁর লেখা ও সুর দেওয়া গণসংগীত ‘ভেনসারেমস’—আমাদের হবেই জয় ছিল সে বাম মোর্চার ‘এনথেম’। ১২ সেপ্টেম্বর সেনাসদস্যরা অন্যদের সঙ্গে হারাকে গ্রেপ্তার করে নিয়ে আসে স্টেডিয়ামে। যাঁকে ধরে আনা হয়েছে তিনিই যে ভিক্তর হারা, এ কথা শুরুতে কেউ বোঝেনি। যে সামরিক দলটি স্টেডিয়ামে বন্দীদের ওপর নজরদারি করছিল, তার নেতৃত্বে ছিলেন লে. কর্নেল পেদ্রো বারিয়েন্তস। সেনা অফিসারদের একজন হারাকে দেখে চেনামাত্রই বারিয়েন্তসের নির্দেশে তাঁকে অন্য সবার থেকে আলাদা করে ফেলা হয়। একজন অফিসার তাঁর মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে চেঁচিয়ে বললেন, ‘কী, তুমি না বিখ্যাত গায়ক। এখন গান গাও।’ আহত, ক্ষত-বিক্ষত হারা গান ধরলেন ‘ভেনসারেমস’। স্টেডিয়ামে হারার দুঃসময়ের অভিজ্ঞতার কথা পরে বিস্তারিত লিখেছেন তাঁর ইংরেজ স্ত্রী জোয়ান। পরদিন কিছুটা সুস্থ হয়ে উঠলে হারা তাঁর এক বন্ধুকে এক টুকরো কাগজ জোগাড় করে দিতে বললেন। জীবন-মৃত্যুর সেই সন্ধিক্ষণে তিনি লিখলেন ‘চিলি স্টেডিয়াম’ নামে অসমাপ্ত একটি কবিতা। সে কবিতা সেনা সদস্যদের হাতে গেলে তাঁরা ছিঁড়ে ফেলবেন, সে কথা হারা জানতেন। তাই হারার বন্ধু জুতার নিচে লুকিয়ে কবিতাটি বাইরে নিয়ে আসেন। এরপর নতুন তথ্য দিয়েছেন বিচারক ভাজকেজ। ১৬ সেপ্টেম্বর লে. কর্নেল বারিয়েন্তসের নির্দেশে হারাকে নিয়ে যাওয়া হয় সেই স্টেডিয়ামের ভূগর্ভস্থ খেলোয়াড়দের সাজঘরে। প্রথমে হারার হাত গুঁড়িয়ে দেওয়া হয়। একাধিক সেনা মেশিনগানের গুলিতে ঝাঁঝরা করে ফেলে তাঁর দেহ। তারপর সে মৃতদেহ টেনে-হিঁচড়ে ফেলা হয় পাশের এক রেললাইনের ওপর। তাঁর শরীরে ছিল ৩৩টি গুলির চিহ্ন। হারার মৃত্যুর প্রভাব কত তীব্র ছিল, তা বোঝা যায় সে সময়ের একটি ঘটনা থেকে। হারার মৃত্যুর খবর যেদিন প্রথমবারের মতো পত্রিকা মারফত জানানো হয়, সে রাতে টেলিভিশনে দেখানো হচ্ছিল একটি হলিউডি ফিল্ম। অজ্ঞাতনামা এক কারিগর এই কাজের তদারকি করছিলেন। ওই ফিল্মের সাউন্ডট্রাকের জায়গায় অল্প সময়ের জন্য হলেও তিনি বাজিয়ে দেন হারার একটি সুপরিচিত গান।হারার মৃত্যুকে যাঁরা নিজেদের লেখায় স্মরণ করেছেন, তাঁদের অন্যতম ইসাবেল আইয়েন্দে। প্রেসিডেন্ট আইয়েন্দে ছিলেন তাঁর চাচা। দ্য হাউস অব দ্য স্পিরিটস উপন্যাস, যা পরে একই নামে চলচ্চিত্রায়িত হয়—তাতে ইসাবেল চিলির সে তমসাময় সময়ের কাহিনি রূপকচ্ছলে তুলে ধরেছেন। তাতে পেদ্রো তেরসেরো, এক বিপ্লবী গণসংগীতশিল্পী, স্পষ্টতই হারার ছায়াবলম্বনে। মাজরি আগোসঁ, সাম্প্রতিক সময়ে যাঁর কবিতা দেশ-বিদেশে সমাদৃত হয়েছে, তাঁর লেখাতেও হারার স্মরিত হয়েছেন নানাভাবে। আগোসেঁর কবিতা সংকলন অব আর্থ অ্যান্ড সি: এ চিলিয়ান মেমোয়ার—হারাকে উৎসর্গ করে যে কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে, তার অংশবিশেষ এই রকম: নিশুতি রাতে শুনি গিটারের ধ্বনি শুনি গোঙানি বিধবা ও পিতৃহীন শিশুদের ভিক্তর হারা নিহত হয়েছেন, কিন্তু তাঁর গান অমর। ৩ জানুয়ারি ২০১২, নিউইয়র্ক