পেরুতে পাওয়া অস্বাভাবিক গড়নের মাথার খুলি আর কঙ্কাল কার? কোনো দূর গ্রহবাসীর?
ভিনগ্রহের মানুষের খুলি
পেরু এখনো প্রত্নতত্ত্ব সন্ধানীদের জন্য রীতিমতো স্বর্গ। ইনকা সভ্যতার নানা নিদর্শনের খোঁজ চলে হররোজ। শত শত সন্ধানী দল এখানে-ওখানে চালিয়ে যাচ্ছে খোঁড়াখুঁড়ি। এমনি একটা সন্ধানী দলের হয়ে কাজ করেন রেনাতো দাভিয়া রিকেলমে।রোজকার মতো কর্মীদের খোঁড়াখুঁড়ি তদারক করছিলেন প্রিভাদো রিতোস আন্দিনোস জাদুঘরের কর্মী রিকেলমে। জাদুঘরটি দক্ষিণ-পূর্ব পেরুর কোস্কোয়। এখানেই শুরু হয়েছিল ইনকা সভ্যতার যাত্রা।খুঁড়তে খুঁড়তে হঠাৎ এক কর্মীর গাঁইতিতে শক্ত কিছু একটা লাগে। প্রথমে ভাবা হয়েছিল ধাতব কোনো জিনিস বোধ হয়। সাবধানে মাটি সরিয়ে নিতে নিতে বেরিয়ে এল, ধাতব কোনো কিছু নয়, একটা কঙ্কাল! খানিক বাদে পাওয়া গেল আরেকটি। দ্বিতীয় কঙ্কালটির পুরোটা উদ্ধার করা যায়নি। তবে প্রথম কঙ্কালের দেহকাঠামো মিলেছে পুরোটাই। আর এই কঙ্কাল নিয়েই এখন যত জল্পনার জঞ্জাল। কারণ কঙ্কালটির মাথার অস্বাভাবিক আকার। বৈজ্ঞানিক কল্পকাহিনির সৌজন্যে এলিয়েন বা ভিনগ্রহের আগন্তুকের একটা মোটামুটি ছবি আমরা জানি। অনেকটাই মানুষের মতো দেখতে। কিন্তু মিল যত আছে, আছে অমিলও। সবচেয়ে বড় অমিল মাথার আকৃতিতে। কারণ ভিনগ্রহের মানুষের মাথার আকৃতি বেঢপ আকারের। আমাদের যেমন কপালের ওপরেই মাথার চাঁদি, এলিয়েনদের তেমন নয়। কপাল থেকে মাথার তালু পর্যন্ত আরও বিঘত খানেক দৈর্ঘ্য!ভিনগ্রহের মানুষেরা আসলেই এমন দেখতে কি না কে জানে। তবে পেরুতে যে কঙ্কালটি পাওয়া গেছে, সেটার মাথার খুলির আকৃতি হুবহু বর্ণিত ভিনগ্রহবাসীদের মাথার মতো!গবেষকদের মধ্যে শুরু হয়ে গেছে গুঞ্জন। এটাই কি তবে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর কঙ্কাল! এই নিয়ে পক্ষ-বিপক্ষ দুটোই আছে। শুধু মাথার আকৃতি অস্বাভাবিক বলেই সেটি ভিনগ্রহের মানুষের খুলি—এই যুক্তি যথেষ্ট নয়। তবে দ্বিতীয় যুক্তিটি কিতু উড়িয়ে দেওয়া যাবে না। প্রাথমিক পরীক্ষায় মাথার খুলিটির আরও কিছু অসংগতি ধরা পড়েছে। যেমন এটার চক্ষু কোটর সাধারণ খুলির তুলনায় অনেক বড়। দৈহিক আকৃতি অনুযায়ী, যা হওয়া উচিত, সেটার প্রায় দ্বিগুণ! খুলিটির নরম একটি অংশে ওপেন ফনটেনেল্লে পাওয়া গেছে। মানবশিশুর প্রথম বছর বয়সে যেটি থাকে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যেটি মিলিয়ে যায়। সেই হিসাবে এটি একটি শিশুর কঙ্কাল হওয়ার কথা। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। খুলিটিতে পাওয়া গেছে মাড়ির দাঁত, যেটি থাকে পূর্ণবয়স্ক মানুষের!একই সঙ্গে শিশু ও পূর্ণবয়স্ক মানুষের যুগপৎ এই বৈশিষ্ট্য রহস্য আরও ঘনিয়ে তুলছে। এরই মধ্যে এই খুলিটি দেখে গেছেন তিনজন নৃতাত্ত্বিক। তাঁদের দুজন আবার এসেছিলেন স্পেন ও রাশিয়া থেকে। তিন নৃতত্ত্ববিদই প্রাথমিক পর্যবেক্ষণ শেষে রায় দিয়েছেন, এটা আর যা-ই হোক, মানুষের কঙ্কাল নয়!মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়, তার মানে কী? যেসব ব্যক্তি ও সংগঠন ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বে বিশ্বাসী, তারা রীতিমতো হাততালি দিয়ে উঠেছে। এরই মধ্যে এই খুলি জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয়, দ্রষ্টব্য বিষয় হয়ে উঠেছে। আরও বিস্তারিত জানতে করা হচ্ছে ডিএনএ পরীক্ষা। সেই পরীক্ষায় বেরিয়ে আসবে আসল ফল—এটা কি আসলেই মানুষের কঙ্কাল, নাকি কোনো ভিনগ্রহের প্রাণীর!নয় হাজার বছর আগে মায়া সভ্যতা, উত্তর আমেরিকান ও অস্ট্রেলিয়ান আদিবাসীদের কোনো কোনো উপজাতির মধ্যে মাথার আকৃতি বড় করার একটা ধর্মীয় রীতি প্রচলিত ছিল। মাথার আকৃতি লম্বাটে করতে শিশুর জন্মের পরপরই বিশেষ কায়দায় শক্ত করে কাপড় বেঁধে দেওয়া হতো। দুই পাশে রাখা হতো দুটো কাঠের তক্তা। শিশুকালে খুলি থাকত নাজুক। এই চাপের কারণে স্বাভাবিক বৃদ্ধি না হয়ে হতো অস্বাভাবিক বৃদ্ধি।এই খুলি হতে পারে সেই উপজাতিরই কোনো এক মানুষেরও! রাজীব হাসান, সূত্র: ডেইলি মেইল