ভিন্নতর পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯৮৭ সালে। এই বছর এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে পুনর্মুদ্রিত হয়েছে প্রথম খণ্ড। অবশ্য খণ্ড দুটিতে প্রকাশকাল উল্লেখ করা হয়েছে ২০০৮ সাল। এর প্রধান সম্পাদক আনিসুজ্জামান, সম্পাদনা পরিষদের সদস্য আহমদ শরীফ, কাজী দীন মুহম্মদ, মমতাজুর রহমান তরফদার ও মুস্তাফা নূরউল ইসলাম।বাংলা সাহিত্যের এই ইতিহাস রচনার পরিকল্পনা সম্পর্কে প্রধান সম্পাদক তাঁর নিবেদনে যা উল্লেখ করেছেন, তাতে বোঝা যায়, সমবেত প্রচেষ্টায় বাংলা সাহিত্যের ইতিহাস রচনার এ রকম একটি পরিকল্পনা দীর্ঘদিন ধরে লালিত হচ্ছিল, শেষ পর্যন্ত বাংলা একাডেমীর উদ্যোগে এর বাস্তবায়ন হতে চলেছে। এই ইতিহাসগ্রন্থটি কোনো একক ব্যক্তির রচনা নয়। স্ব-স্ব বিষয়ে পণ্ডিতেরা এই গ্রন্থের বিভিন্ন অংশ রচনা করেছেন। সচরাচর সাহিত্যের ইতিহাসে আমরা সাহিত্যের কালানুক্রমিক বিবরণ এবং সেই সঙ্গে খানিকটা মূল্যায়ন পেয়ে থাকি। কিন্তু আলোচিত ইতিহাসগ্রন্থে সাহিত্যের সঙ্গে যুক্ত হয়েছে এই দেশের ভূগোল, ইতিহাস, জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় এবং জনগণের শিল্পচর্চা ও ধর্মজীবনের বিস্তৃত পরিচয়ও। বলা চলে, সাহিত্যের ইতিহাসের সঙ্গে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি সমান্তরাল পর্যালোচনা করা হয়েছে বাংলা একাডেমী প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাসে। এ প্রসঙ্গে রমেশচন্দ্র মজুমদার ও যদুনাথ সরকারের হিস্ট্রি অব বেঙ্গলের দুটি খণ্ডের এবং নীহাররঞ্জন রায়ের বাঙালীর ইতিহাসের পরিকল্পনা ও বিষয়-বিন্যাসের কথা মনে পড়ে যায়। সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের ইতিহাস এবং আহমদ শরীফের বাঙালী ও বাঙলা সাহিত্যেও দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের আলোচনা আছে।আলোচ্য ইতিহাসগ্রন্থ পাঁচটি খণ্ডে প্রকাশিত হওয়ার কথা। এর খণ্ডগুলোর বিন্যাস পরিকল্পনা এ রকম—প্রথম খণ্ড: খ্রিষ্টীয় চতুর্দশ শতাব্দী পর্যন্ত; দ্বিতীয় খণ্ড: পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী; তৃতীয় খণ্ড: সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী; চতুর্থ খণ্ড: ঊনবিংশ শতাব্দী; পঞ্চম খণ্ড: ঊনবিংশ শতাব্দীর অনুক্রম ও বিংশ শতাব্দী।বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম খণ্ডে আবদুল মমিন চৌধুরী লিখেছিলেন ‘বাংলার ভৌগোলিক পরিচয়’, শাহানারা হোসেন ‘বাংলার ঐতিহাসিক পরিচয়’, অজয় রায় ‘বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়’, মমতাজুর রহমান তরফদার ‘বাংলার শিল্পকলা’ ও ‘বাংলার ধর্মজীবন’। মণীন্দ্র সমাজদার লেখেন ‘বাংলা ব্যতীত অপরাপর ভাষায় রচিত সাহিত্যকর্ম’, কাজী দীন মুহম্মদ ‘বাংলা ভাষা ও লিপির ইতিহাস’, আহমদ শরীফ ‘বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন: চর্যাপদ’ এবং আনিসুজ্জামান ‘বাংলা ভাষা ও সাহিত্যের অন্যান্য নিদর্শন’। যেহেতু খণ্ডটি অনেক আগে প্রকাশিত হয়েছিল, তাই এর বিশদ আলোচনায় যাচ্ছি না। তবে এটুকু বলা আবশ্যক যে অধিকাংশ অধ্যায়েই লেখকদের নিজস্ব মত ও পর্যবেক্ষণ এবং কোথাও কোথাও অজ্ঞাতপূর্ব উপাদানের পরিচয় পাওয়া যায়।বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় খণ্ডটিতে সাহিত্য-আলোচনার পরিসর বেড়েছে, স্বাভাবিক কারণেই। মধ্যযুগে বাংলা সাহিত্যের রচনার পরিমাণ ও বৈচিত্র্য বেড়েছে অনেক।এই খণ্ডে স্বাধীন সুলতানি আমল থেকে মোগল আধিপত্য বিস্তারের প্রয়াস পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পটভূমির চিত্র তুলে ধরেছেন আবদুল মমিন চৌধুরী। ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতক পর্যন্ত বাংলাদেশের সামাজিক অবস্থার বিবরণ দিয়েছেন কে এম মহসীন ও জামাল আরা রহমান। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, সম্প্রসারণ ও সুদৃঢ়করণে আলেম সমাজ ও বুদ্ধিজীবীদের অবদানের বিষয়টি আলোচিত হয়েছে লেখকদ্বয়ের প্রবন্ধে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার সামাজিক পটভূমি বোঝার ক্ষেত্রে রচনাটি বেশ সহায়ক হবে। ‘অর্থনৈতিক জীবন’ শীর্ষক রচনায় এম মোফাখখারুল ইসলাম সংশ্লিষ্ট সময়ের ভূমিব্যবস্থা-কৃষি-শিল্প-মুদ্রা ও অর্থনৈতিক অবস্থার পরিচয় দিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের সামাজিক পরিবেশের বিবরণও দিয়েছেন তিনি। বাংলার শ্রেণিবিন্যাস সম্পর্কে মোরল্যান্ডের পর্যবেক্ষণকে তিনি গ্রহণ করেননি। মোরল্যান্ড মোগল যুগের শুরুতে উপমহাদেশের সমাজকে ভোক্তা ও উৎপাদক—প্রধানত এ দুটি শ্রেণিতে বিন্যস্ত করেছিলেন। এ প্রসঙ্গে মোফাখখারুল ইসলামের বক্তব্য: খোরাকি অর্থনীতিতে ভোক্তারা একই সঙ্গে উৎপাদকও। যাদের জীবন শুধু শ্রমনির্ভর, তারা একটি ভিন্ন শ্রেণির অন্তর্গত।আলোচ্য সময়ের বাংলার ধর্মীয় জীবন সম্পর্কে মমতাজুর রহমান তরফদারের রচনায় চৈতন্যদেবের প্রভাবের বিষয়টি আলোচিত হয়েছে। সেই সঙ্গে ধর্মঠাকুর ও মনসার মতো লৌকিক দেব-দেবীর প্রসঙ্গও উল্লেখিত হয়েছে। এ সময়ের বৌদ্ধ ও ইসলামধর্মের পরিস্থিতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ উল্লেখযোগ্য। বিভিন্ন হিন্দু ও বৌদ্ধতান্ত্রিক সম্প্রদায়ের সাধনপ্রণালির সঙ্গে ইসলামের উপাদান যুক্ত হয়ে এ-দেশে বিশেষ ধরনের সুফি-দর্শনের উদ্ভব সম্পর্কে মমতাজুর রহমান তরফদারের বিশ্লেষণ ও সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ।শিল্পকলা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে পি আই এস মুস্তাফিজুর রহমান পাল-রাজত্বের অবসানের সঙ্গে অনেক বৌদ্ধ-ভাস্কর্যের শিবলিঙ্গে রূপান্তরিত হওয়ার কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন বাংলার শিল্পচর্চাকে কীভাবে প্রভাবিত করেছে—এ থেকে তা বোঝা যায়। স্থাপত্য অলংকরণে মুসলমানদের অবদানের পরিচয়ও এ রচনায় বেশ বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। মমতাজুর রহমান তরফদার বাংলার চিত্রকলা-রীতির আলোচনায় মধ্যযুগে প্রবহমান রেখার বদলে কুঞ্চিত ও বিচ্ছিন্ন রেখার প্রয়োগ লক্ষ করেছেন। পূর্বভারতীয় রীতির উদ্ভব ও অবক্ষয়ের সঙ্গে বৌদ্ধধর্মের ইতিহাস ও এ অঞ্চলের আর্থিক অবস্থাকে তিনি সম্পর্কিত করে দেখেছেন। বাংলার শিল্পরীতিতে ইরানি প্রভাবের বিষয়ও আলোচিত হয়েছে তাঁর রচনায়। করুণাময় গোস্বামী প্রাচীন ও মধ্যযুগের বাংলার সংগীত সম্পর্কে আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছেন, চর্যাগীতিকারেরা বাংলা গানের যে প্রাথমিক ভিত্তি রচনা করেছেন, তার ওপরই বিকশিত হয়েছে পরবর্তীকালের বাংলা গান। চৈতন্যদেবকে পদাবলি কীর্তনের সূচনাকারী বলে প্রচলিত মত করুণাময় গোস্বামী সমর্থন করেননি। তিনি মনে করেন, এ ক্ষেত্রে চৈতন্যদেবের ভূমিকা প্রভাবসঞ্চারকের। শীর্ষক মুসা আনসারীর ‘বহির্বাংলার সঙ্গে যোগাযোগ’ প্রবন্ধটি বিষয়ের কারণেই বেশ গুরুত্বপূর্ণ। জালালুউদ্দীন মুহম্মদ শাহের সময় মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগ, চীনের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক, আরাকান ও ত্রিপুরার সঙ্গে যোগাযোগ এবং ষোড়শ শতক থেকে বাংলার বাণিজ্যে পর্তুগিজদের প্রাধান্যের ইতিহাস সম্পর্কে লেখক বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।এই খণ্ডের দ্বিতীয় ভাগে আছে সংশ্লিষ্ট সময়ের সাহিত্য সম্পর্কে আলোচনা। এই অংশে কাজী দীন মুহম্মদ আলোচনা করেছেন শ্রীকৃষ্ণকীর্তন সম্পর্কে। প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের সঙ্গে তিনি ‘চণ্ডীদাস সমস্যা’র ওপরও আলোকপাত করেছেন। রামায়ণ ও মহাভারত-এর অনুবাদ সম্পর্কে আলোচনা করেছেন মোহাম্মদ আবদুল কাইউম। কৃত্তিবাসি রামায়ণ সম্পর্কে তাঁর আলোচনাটি বেশ তথ্যবহুল ও দীর্ঘ। মহাভারতের অনুবাদকদের মধ্যে আলোচিত হয়েছেন কবীন্দ্র পরমেশ্বর দাস, শ্রীকর নন্দী, সঞ্জয় ও দ্বিজ রঘুনাথ। ‘ভাগবত ও কৃষ্ণকথা’ প্রবন্ধটিতে শিবপ্রসন্ন লাহিড়ী রামায়ণ ও মহাভারতের তুলনায় ভাগবতের অনুবাদের অপ্রতুলতার কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, ভাগবত অনুবাদে প্রতিভাবান কবিদের অনীহা ও কঠিন সংস্কৃত ভাগবতের নীরস অনুবাদের কারণে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে আদৃত হওয়া সত্ত্বেও ভাগবতের অনুবাদ তেমন ব্যাপকতা পায়নি।এ সময়ে রচিত মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গল সম্পর্কে আলোচনা প্রসঙ্গে সাঈদ-উর রহমান মনসা ও চণ্ডীদেবীদের পরিচয় এবং এসব পূজার উৎপত্তি বিষয়েও বেশ তথ্য উপস্থাপন করেছেন। ধর্মঠাকুরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে পণ্ডিতদের মত, তথ্য, তত্ত্ব ও অনুমানগুলোকে আহমদ শরীফ অসম্পূর্ণ বলে বিবেচনা করেছেন তাঁর ‘ধর্মমঙ্গল ও নাথসাহিত্য’ প্রবন্ধে। প্রবন্ধটি যথেষ্ট তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী। তিনি ধর্মঠাকুর, ধর্মপূজা ও ধর্মমঙ্গল রচয়িতার পরিচয় তুলে ধরেছেন; এ প্রসঙ্গে নিজের ব্যাখ্যা ও পর্যবেক্ষণও প্রকাশ করেছেন। তিনি মনে করেন, মৌখিক নাথসাহিত্যের ভাষা আঞ্চলিক ও আধুনিক। কিন্তু এই কাহিনির মধ্যে হাজার বছরের আগের জীবনচেতনা, জীবনযাত্রা ও সমাজ-সংস্কৃতির নিদর্শন ও আভাস মেলে।বৈষ্ণব সাহিত্যের সঙ্গে বৈষ্ণব তত্ত্বের সম্পর্ক অবিচ্ছেদ্য। আহমদ কবির এই প্রসঙ্গে বৈষ্ণবপদ সংকলনের ইতিহাস এবং বৈষ্ণবতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ‘পদাবলি ও জীবনীসাহিত্য’ প্রবন্ধে। বৈষ্ণব চরিতকথার পরিচয়ও লেখক দিয়েছেন বেশ বিস্তারিতভাবে। তবে লেখক বৈষ্ণব চরিত সাহিত্যগুলোকে ভক্তিকাব্যরূপেই বিবেচনা করেছেন। এই সময়ে রচিত প্রণয়কাহিনিগুলোর বিবরণ দিয়েছেন ওয়াকিল আহমদ। ফারসি, সংস্কৃত ও হিন্দি-আওধি উৎস থেকে বাংলায় গৃহীত ও রচিত প্রণয়কাহিনির পরিচয় তুলে ধরেছেন লেখক।গোলাম সাকলায়েনের প্রবন্ধে যুদ্ধকাহিনির পরিচয় আছে। মুসলমানদের মধ্যে নিজেদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর কাব্যের জন্য ব্যাকুলতার কারণেই এই যুদ্ধকাহিনিগুলোর সূত্রপাত বলে লেখক মনে করেন।এই খণ্ডের পরিশিষ্ট অংশে ‘কয়েকজন কবির কালসম্পর্কিত বিতর্ক’ শিরোনামের একটি রচনা লিখেছেন প্রধান সম্পাদক। শাহ মুহম্মদ সগীর, দৌলত উজির বাহরাম খান, শাবারিদ খান, মুহম্মদ কবীর, শেখ ফয়জুলাহ্, জৈনুদ্দীন, সৈয়দ সুলতান ও মুজাম্মিলের সময় সম্পর্কিত বিতর্ক সাহিত্যের ইতিহাস-পাঠকদের বেশ বিড়ম্বিত করে। উল্লিখিত লেখকদের সম্পর্কে বিভিন্ন পণ্ডিতের মতসমূহ একসঙ্গে সন্নিবেশিত হওয়ায় পাঠকেরা উপকৃত হবেন—এতে সন্দেহ নেই।বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটির পরিকল্পনা ও বিষয়-বিন্যাস অন্যান্য সাহিত্যের ইতিহাসগ্রন্থ থেকে ভিন্নতর। বাংলা সাহিত্যের প্রচলিত যুগবিন্যাস এতে অনুসৃত হয়নি। এর পরিবর্তে শতাব্দী-নির্ভর আলোচনা ঠাঁই পেয়েছে। যুগবিন্যাস ও বিভিন্ন যুগের নামকরণের যৌক্তিকতা সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য আছে। সেই দিক থেকে সম্পাদনা পরিষদের সিদ্ধান্ত যৌক্তিক বলেই মনে হয়।প্রধান সম্পাদক একে সমবেত ইতিহাস হিসেবে উল্লেখ করেছেন। একে সমন্বিত ইতিহাসও বলা চলে। বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের সঙ্গে দেশের সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক ইতিহাস অধ্যয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। এই প্রশ্নের উত্তর আছে প্রধান সম্পাদকের নিবেদনে: ‘...বাংলার সমাজ ও সংস্কৃতির সর্বতোমুখি বিকাশের সঙ্গে, বাঙালির সৃজনশীলতার ক্রমবিকাশের পটে, সাহিত্যের গতিপ্রকৃতি লক্ষ করতে পারলে বাঙালির জীবন ও চিন্তাধারার সঙ্গে তার মর্মগত যোগ আমরা উপলব্ধি করতে পারবো।’ প্রধান সম্পাদকের এ বক্তব্যের সঙ্গে একমত হতে আমাদের কোনো দ্বিধা নেই।