ভিসওয়াভা শিম্বোরস্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৮ বছর বয়সে মারা গেলেন পোল্যান্ডের কবি ভিসওয়াভা শিম্বোরস্কা। ১৯৯৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে চারদিকে সাড়া ফেলে দিয়েছিলেন। কেউ, এমনকি কবি নিজেও ভাবেননি, এ পুরস্কার তিনি পেতে পারেন। প্রথমে যখন তাঁকে ফোনে এ খবর জানানো হয়, ভেবেছিলেন, কেউ ঠাট্টা করছে। পরে সত্যি সত্যি যখন এ পুরস্কার তাঁকে দেওয়া হয়, তখন শিম্বোরস্কার মন্তব্য ছিল, তাঁর কবিতার জন্য নয়, সুইডিশ ভাষায় এই কবিতার অনুবাদের জন্যই পুরস্কার মিলেছে। ফলে পুরস্কার যদি কাউকে দিতেই হয়, তো সেটা দেওয়া হোক অনুবাদককে।কথাটা খুব অতিরঞ্জিত নয়। নোবেল পাওয়ার আগে এই কবির নাম আমি আগে শুনিনি। প্রথম আলোর কাছ থেকে ভিসওয়াভা শিম্বোরস্কাকে নিয়ে কিছু লেখার অনুরোধ পেয়ে সে সময় বাধ্য হয়েই পড়তে হয়েছিল। আমি পোলিশ ভাষা জানি না। রুশ ভাষায় তাঁর অনুবাদ খুঁজে পাইনি, এমনকি সে সময় ইংরেজিতেও খুব বেশি লেখা অনূদিত হয়নি। জোসেফ ব্রডস্কি সম্পাদিত যুদ্ধোত্তর পোলিশ কবিতার একটি সংকলন হয়েছিল। কিন্তু জেনে হতাশ হয়েছিলাম, সে বইয়ের প্রথম সংস্করণে শিম্বোরস্কার মাত্র একটি কবিতার ইংরেজি অনুবাদ অন্তর্ভুক্ত করেছিলেন ব্রডস্কি। ওই গ্রন্থের ভূমিকায় তিনি কিছুটা তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করেছিলেন, শিম্বোরস্কা নৃতত্ব ও দর্শনের ধার করা ভাবনার প্রতি আগ্রহী এবং তাঁর কবিতা নিয়মচারিতার প্রতি বড় বেশি অনুগত। পরে অবশ্য এক পোলিশ বন্ধুর সাহায্যে আমেরিকা থেকে প্রকাশিত শিম্বোরস্কার ১০০ কবিতার সংকলন—ভিউ উইথ এ গ্রেইন অব স্যান্ড পেয়ে বর্তে গিয়েছিলাম। সেবার গোটা কয়েক কবিতা অনুবাদ করেছিলাম, পরে সেই কবিতা গ্রন্থভুক্ত হলে শিম্বোরস্কার কাছে কেউ একজন এ খবর পৌঁছে দিয়েছিল। শুনেছি, কবি সে কথায় মোটেই খুশি হননি। জানতে চেয়েছিলেন, কার অনুমতি নিয়ে অনুবাদ করা হলো, তাঁর রয়্যালটিই বা কোথায়।প্রথম পাঠে আমার কাছে শিম্বোরস্কার কবিতা কিছুটা নিরাভরণ, এমনকি সরল বলেও মনে হয়েছে। পোলিশ ভাষার নিজস্ব ধ্বনি প্রকরণে তাঁর কবিতা সমৃদ্ধ, কিন্তু অনুবাদে এর অনেকটাই হারিয়ে যায়। সরল ও নিরাভরণ হওয়ায় এবং শুদ্ধ পোলিশ প্রতীকময়তার অনুপস্থিতি তাঁর কবিতায় একটি সর্বজনীন আবেদন সৃষ্টি করে। তাঁর দেখা জীবন এবং যে জীবন তিনি নিজে যাপন করেন—অধিকাংশ কবিতাই সেসব বিষয় ঘিরে। রাজনীতি অথবা অন্যান্য জটিল বিষয় নিয়ে তিনি মাথা ঘামান না তা নয়, তবে শিম্বোরস্কার নিজের কথাতেই, ‘প্রথাগত অর্থে আমার কবিতা মোটেই রাজনৈতিক নয়। আমার কবিতার বিষয় মানুষ ও জীবন।’ মার্কিন কাব্যসমালোচক জেইন পেরলেজ সম্ভবত সে কারণেই শিম্বোরস্কাকে ‘প্রাত্যহিক জীবনের দর্শক’ বলে চিহ্নিত করেছেন।রাজনীতিবিহীন, কিন্তু রাজনীতিবর্জিত নয় তাঁর কবিতা। প্রকৃতপক্ষে শিম্বোরস্কা তাঁর কাব্যজীবনের গোড়ার দিকে খোলাখুলিভাবে সমাজতান্ত্রিক বাস্তবতার প্রতি অনুগত ছিলেন। যুব কমিউনিস্ট পার্টির অনুগত সদস্য হিসেবে, তাতে অবশ্য বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু ১৯৫৩ সালে স্তালিনের মৃত্যুর পর আরও অনেকের মতো শিম্বোরস্কারও মোহভঙ্গ হয়। পোলিশ কবি ও সমালোচক বারাঞ্জাকের কাছে শিম্বোরস্কা পরে স্বীকার করেন, এর আগ পর্যন্ত মানুষকে ভালোবাসার পরিবর্তে তিনি মানবতাকে ভালোবাসার চেষ্টা করেছিলেন। স্তালিনের মৃত্যুর অব্যবহিত পরে লেখা ‘ইয়েতির প্রতি আহ্বান’ শিরোনামে একটি কবিতায় শিম্বোরস্কা কমিউনিজম নিয়ে তাঁর মোহভঙ্গের কথা কিছুটা প্রতীকী আড়ালে প্রকাশ করেন। ইয়েতি, যা কিনা হিমালয়ের কাল্পনিক বরফমানব, এ কবিতায় তাকে ব্যবহার করা হয়েছে স্তালিনের প্রতীক হিসেবে। বরফাবৃত হিমালয়ের শীর্ষে ভ্রমণের সময় কবির সঙ্গে তার দেখা। পাহাড় ছেড়ে মাটির পৃথিবীতে আসার কথা ভাবছে সে। ইয়েতির সঙ্গে এক কল্পিত কথোপকথনে কবি তাকে বারণ করছেন এমন ভয়ানক কিছু না করতে।ইয়েতি শোনো, আমাদের আছে শেক্সপিয়ারআমরা তাস নিয়ে একাই খেলি সলিটেয়ারএবং বাজাই ভায়োলিন। দিন শেষে আমরা জ্বালি আলো।এই এখানে, না চাঁদ না মাটিএখানে কান্না জমে বরফ হয়।হায় ইয়েতি, আধখানা চন্দ্রমানব তুমিফিরে যাও, আরেকবার ভেবে দেখো।স্পষ্টতই এই কবিতায় স্তালিনবাদের প্রতি তাঁর তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কবি। ইয়েতি বর্বর, অসংস্কৃত ও প্রবল শীতল। সভ্য মানুষের পৃথিবীতে তার কোনো স্থান নেই। পৃথিবীর অনেক কিছুই হয়তো নিরানন্দ ও নির্জন, কিন্তু তার পরও সেখানে রয়েছে মানুষের কোলাহল, আছে সংগীত, স্মৃতি ও স্বপ্ন। পরবর্তী সময়ে ‘ইউটোপিয়া’ নামের একটি কবিতায় শিম্বোরস্কা সমাজতন্ত্রের প্রতি তাঁর মোহভঙ্গের কথা আরও সরল ভাষায় ব্যক্ত করেছিলেন। সোভিয়েত সমাজতন্ত্র যে স্বপ্নরাজ্য নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল, শিম্বোরস্কা তাকেই ইউটোপিয়া বলেছেন। সেই স্বপ্নময় দ্বীপের প্রতি তাঁর আনুগত্য প্রবল, কিন্তু যে স্বপ্ন ইতিমধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে, তাকে আঁকড়ে থাকতে আর প্রস্তুত নন তিনি।শিম্বোরস্কার অনেক কবিতাই ছোট, লিরিকধর্মী। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে তাঁর আগ্রহ। চিকিৎসকের কাছে জরুরি ভিজিট, কি পুরানো ডাক টিকিট সংগ্রহ—এমন সব বিষয়ে কবিতা তিনি অনায়াসে লিখে ফেলেন। আমার নিজের খুব প্রিয় একটি কবিতার নাম ‘শূন্যঘরে একাকী বেড়াল’। নিকট কোনো আত্মীয়ের মৃত্যুকে নিয়ে কবিতাটি লেখা, বিড়ালের জবানিতে সে মৃত্যুর তীব্র বেদনা এমন চমৎকারভাবে প্রকাশিত হয় যে চোখের জল সংবরণ কঠিন হয়ে পড়ে। আমি পুরো কবিতাটি উদ্ধৃত করছি।কিছুই তো বদলায় নি এখানেঅথচ কিছুই নেই আগের মতসরানো হয়নি কোনো কিছুইতবু এখানে স্থান উদ্বৃত্ত।এখানে কেউ একজন ছিলসব সময়ই ছিলতারপর হঠাৎ করে হারিয়ে গেলযেন জেদ করেই ফিরছে না সে।ফিরে না আসা পর্যন্ত তুমি বরং অপেক্ষায় থাকোএকবার সে আসুক না ফিরেকখনো কি শিক্ষা হবে না তারবেড়ালের সাথে নিষিদ্ধ কোনো ব্যবহারতারপর ফিরে এলে—প্রথমবারের জন্য হলেও—তুমি যেনো বা ভীষণ নারাজ—গুটিসুটি এগুবেখুব ধীরে, স্পষ্টত অপমানিত পায়েএকবারে লাফ না দিয়ে, না তুলে কোন আওয়াজ।৬ ফেব্রুয়ারি ২০১২নিউইয়ক