ভুট্টোকে নিয়ে বই লিখেছেন আলতাফ পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার আলোচিত নেতা ও একসময়ের পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোকে নিয়ে বই লিখেছেন গবেষক আলতাফ পারভেজ। ভুট্টোর জীবনভিত্তিক এই বই প্রকাশ করবে প্রথমা প্রকাশন।

জুলফিকার আলী ভুট্টো: দক্ষিণ এশিয়ার কুলীন রাজনীতির এক অধ্যায় নামে বইটি এ মাসেই বাজারে আসবে বলে প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

রাজনীতিবিদ হিসেবে ভুট্টোর জীবন ছিল খুব উত্থান-পতনময়। আলতাফ পারভেজের ভাষায়, ‘বাংলাদেশের জন্ম দক্ষিণ এশিয়ার একটি বড় ঘটনা। এই জন্মপ্রক্রিয়ার সঙ্গে দক্ষিণ এশিয়ার তিন রাজনৈতিক নেতা গভীরভাবে যুক্ত—আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টো। ১৯৭১ সালে ভুট্টোর ভূমিকা কী এবং ১৯৭১ সালের পর পাকিস্তানের রাজনীতিতেই-বা কী তাঁর ভূমিকা, তা নিয়ে বাংলা ভাষায় কোনো গবেষণাগ্রন্থ নেই। তাই আমি ভুট্টোর এই পূর্ণাঙ্গ রাজনৈতিক জীবনীগ্রন্থ লিখতে উৎসাহিত হয়েছি।’

বইটি লিখতে আলতাফ পারভেজের সময় লেগেছে দুই বছরের মতো। তিনি জানান, ভুট্টো নিয়ে গবেষণা করতে গিয়ে তৎকালীন রাজনীতির গতিধারা এবং এই নেতা সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য তিনি পেয়েছেন, যা এ বইয়ে সন্নিবেশিত হয়েছে।