গত ১৪ সেপ্টেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত বেলাল চৌধুরী লিখিত ‘ভুলবার নয় সিরাজকে’ লেখাটি বেশ কিছুটা বিলম্বে হলেও পড়ার সুযোগ পেলাম। বেলাল চৌধুরীর এই লেখায় মারাত্মক কিছু ভুল ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হয়েছে, যা পাঠকদের কাছে তুলে ধরা বিশেষ জরুরি।বেলাল চৌধুরী লিখেছেন, ‘অলীক মানুষ উপন্যাসটি শেষ করতে গিয়ে সিরাজ যখন ভেবে কোনো কূলকিনারা পাচ্ছিলেন না, তখন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যমোদী, অধ্যাপক এবং বাংলা গদ্যের একজন গবেষক আনিসুজ্জামান উপন্যাসটির সমালোচনা করাতে সিরাজ দিশা খুঁজে পেয়ে নতুন করে লিখতে শুরু করেন। এমনকি উপন্যাসটির শেষাংশটুকু আনিসুজ্জামানের দেওয়া।’ এ বড় মারাত্মক কথা, অথচ বাস্তবে এর কোনো ভিত্তিই নেই। অলীক মানুষ উপন্যাসটি কলকাতার চতুরঙ্গ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং তা শেষ হওয়ার আগে অধ্যাপক আনিসুজ্জামান তার কোনো সমালোচনা করেননি। এমনিতেই, শেষ হওয়ার আগেই কোনো উপন্যাস নিয়ে সমালোচনা করার অবকাশ বা প্রশ্ন থাকে না এবং অধ্যাপক আনিসুজ্জামান তা করেনওনি। পরের কথাটি আরও মারাত্মক—উপন্যাসের শেষাংশটুকু নাকি আনিসুজ্জামানের দেওয়া! অলীক মানুষ উপন্যাসটি যাঁরা পড়েছেন তাঁরা জানেন, বাংলা সাহিত্যে এটি একটি অভিনব এবং বিশেষ উল্লেখযোগ্য সংযোজন। বেলাল চৌধুরীর ভাষাতেই ‘এক আশ্চর্য ফর্মে লেখা। বাংলা সাহিত্যে এটি এই প্রথম।’ একটি বিস্তীর্ণ সময়ের পটভূমিতে ইতিহাস, রাজনীতি, দেশ, সমাজ, ধর্ম, দর্শন, সংবাদ, সংস্কার, লোকাচার, কিংবদন্তি সব মিলেমিশে এক আশ্চর্য জটিল প্রক্রিয়া ও আঙ্গিকে নির্মিত হয়েছে বহু পুরস্কৃত এই উপন্যাসটি। এটি এমন সরল কোনো কাহিনিমূলক লেখা নয়, যে তার শেষাংশ কেউ দিয়ে দিতে পারেন। তা ছাড়া অধ্যাপক আনিসুজ্জামান নিজেও তো এ রকম কোনো দাবি করেননি। তাহলে এ রকম বালখিল্যসুলভ কথা বেলাল চৌধুরী কীভাবে লিখলেন ভেবে বিস্মিত হচ্ছি। সবচেয়ে বড় কথা, সৈয়দ মুস্তাফা সিরাজের মতো একজন প্রখর আত্মসচেতন ও প্রাজ্ঞ সৃষ্টিশীল লেখকের ক্ষেত্রে এ প্রশ্নই ওঠে না। পরে গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার বেশ কিছুদিন পর অধ্যাপক আনিসুজ্জামান বাংলাদেশের ইত্তেফাক-এ উপন্যাসটি নিয়ে একটি সুন্দর আলোচনা করেছিলেন। সেখানেও তিনি এ রকম কোনো কথা বলেননি। কারণ, বলার মতো কোনো কারণ তো ছিল না। তাহলে সিরাজের মৃত্যুর পর বেলাল চৌধুরীর এ রকম কথা লেখার অর্থ কী? বেলাল চৌধুরী লিখেছেন, ‘সিরাজ অনেক লিখলেও তার একমাত্র প্রদীপ হয়ে জ্বলছে অলীক মানুষ উপন্যাসটি।’ সিরাজের ‘একমাত্র প্রদীপ হয়ে জ্বলছে’ যে উপন্যাসটি, সেটিও আংশিক অন্যের দেওয়া! ঠিক কী বলতে চেয়েছেন বেলাল চৌধুরী? তিনি লিখেছেন, ‘আশ্চর্যজনকভাবে সিরাজের বইয়ের কাটতি না হলেও সিরাজ অনেকেরই প্রিয় লেখক ছিলেন।’ অলীক মানুষ সিরাজের সর্বাধিক বিক্রীত উপন্যাস, সন্দেহ নেই। ইংরেজিসহ ভারতের প্রধান ১১টি ভাষায় তা অনূদিত হয়েছে। কিন্তু সেটিই তাঁর ‘একমাত্র প্রদীপ’ নয়। মায়ামৃদঙ্গ, উত্তর জাহুবী, নিলয় না জানি, তৃণভূমি, হিজলকন্যা, কিংবদন্তির নায়ক, স্বর্ণচাঁপার উপাখ্যান, সোনালি আঙুরগুচ্ছসহ তাঁর আরও অনেক উপন্যাসই বহু আলোচিত হয়েছে এবং অনেকগুলো করে সংস্করণও প্রকাশিত হয়েছে। তাঁর ছোটগল্প সংকলনগুলোর বিক্রিও কম নয়। কেননা সিরাজের ‘গোঘ্ন’, ‘উড়োচিঠি’, ‘একটি বানুকের উপকথা, ‘রাণীরঘাটের বৃত্তান্ত’, ‘মৃত্যুর ঘোড়া’—এ রকম আরও অনেক ছোটগল্প প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল আলোচিত হয়েছে এবং সেসব আজ ধ্রুপদি সাহিত্যের মর্যাদা পেয়েছে। তাঁর কর্নেল সিরিজের গোয়েন্দা কাহিনি বড় থেকে ছোট সব বয়সের পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। সিরাজের বইয়ের কাটতি না থাকলে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬০ ছাড়িয়ে যেত না। সৈয়দ মুস্তাফা সিরাজকে অত্যন্ত সম্মানের সঙ্গে লোক মারফত ডেকে শ্রদ্ধেয় সন্তোষকুমার ঘোষ আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত করেছিলেন ১৯৬৯ সালে, ১৯৬৪ সালে নয়। সিরাজের অত্যন্ত শক্তিশালী কলমের পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছিলেন সন্তোষকুমার ঘোষ। এখানে ‘বদান্যতা’ শব্দটির প্রয়োগ ঠিক নয়। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, মতি নন্দী প্রমুখ শক্তিমান তরুণ লেখক-কবিদের একইভাবে আনন্দবাজার-এর সঙ্গে যুক্ত করেছিলেন সন্তোষকুমার ঘোষ। আসলে বেলাল চৌধুরীর আলোচ্য লেখাটির মধ্যে যেমন স্ববিরোধিতা রয়েছে, তেমনি রয়েছে সিরিয়াসনেসের অভাব। তিনি সৈয়দ মুস্তাফা সিরাজের সঙ্গে তাঁর গ্রামের বাড়ি মুর্শিদাবাদের খোশবাসপুরে একবার গিয়েছিলেন, লিখেছেন। কিন্তু আমি সিরাজের অনুজ হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, বেলাল চৌধুরী কখনো আমাদের খোশবাসপুর গ্রামে যাননি। এত দিন পর হয়তো স্মৃতিচারণায় তাঁর বিভ্রম ঘটে থাকতে পারে। বেলাল চৌধুরী আমার পরিচিত এবং অগ্রজপ্রতিম। তিনিও আমার সঙ্গে স্নেহভরে কথা বলেন। কিন্তু এই কথাগুলো এখানে শুধু সত্যের খাতিরে আমাকে লিখতে হলো। সৈয়দ হাসমত জালালঠাকুরপুকুর হাউজিং এস্টেট, কলকাতা, ভারত