
বনের উঁচু কদমগাছটায় ইশকুল।
কার?
কার আবার; পাখিদের!
ইশকুলের নাম—কিড হ্যাভেন কিন্ডারগার্টেন। কিড হ্যাভেনে পড়ে ছোট্ট পাখিরা, যে ছানারা আলসে। মায়ের কথা শোনে না। বড়দের কথা শোনে না। কেউ ডাকলেই ভেংচি কাটে। পড়ায় মন নেই। দিনমান বাসায় পড়ে ঘুমায় যারা, তারা।
যারা নিজের ময়লা জামা আলসেমি করে পাল্টায় না। কালিমাখা জামা গায়ে টইটই করে ঘুরে। পাড়া বেড়ায় এবং যাদের পড়ায় মন নেই, মানে অমনোযোগী—এই ইশকুলে তাদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থাও আছে। বনের গাছে গাছে ডিসেম্বর মাস এলেই স্কুল কর্তৃপক্ষ ব্যানার ঝুলিয়ে দেয়। যাতে লেখা থাকে: ‘অমনযোগী ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেল। বিশেষ সুব্যবস্থা।’ এমন আরও কত কী!
তো এই কিড হ্যাভেনের ছোট ক্লাসে পড়ে কুহু। অমনোযোগী ছাত্রী সে। তাকে নিয়ে বাবা-মায়ের চিন্তার শেষ নেই। কোনো কাজেই মন নেই কুহুর। খেতে বসে ঘুমিয়ে পড়ে। পড়তে বসে বাথরুমের বায়না দেখায়। বাথরুমে বসে আইসক্রিমের কথা ভাবে! গল্প শুনতে গিয়ে আবার গোসলের কথা মনে পড়ে যায় তার। আর এসব মনে পড়লেই স্থির থাকতে পারে না কুহু। কাজে মন দিতে পারে না। ফলে জগাখিচুড়ি হয়ে যায় সব!
এই যেমন কাল ক্লাস শুরু হতেই কুহুর মনে পড়ল তার ভূত বন্ধুটির কথা। টিংটিঙে ভূতং ছানাটার সঙ্গে সেদিন দুপুরে কদমগাছে দেখা হয়েছিল কুহুর। রাতে বাসা থেকে বের হয়ে পথ হারিয়ে আর বাসায় ফিরতে পারেনি ভূতং ছানাটা।
কুহু ছোট ছোট উড়াল দিয়ে কদমগাছটার পাশ দিয়ে যাচ্ছিল সেদিন। কী মনে করে কদমগাছে একটু জিরোতে বসল। আর অমনি চোখে পড়ল ছানা ভূতটা। কুহুকে দেখে ছোট ভূত ভয়ে চেঁচাতে শুরু করে। তার কান্নার আওয়াজ অদ্ভুত সুন্দর। মনে ধরে যায় কুহুর। সে আরেকটা ছোট উড়াল দিয়ে বসল ভূত ছানাটার পাশে। রোগাসোগা ভূতের ছানা হাত দিয়ে তার চোখ ঢাকে। কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। কুহু আরও কাছে যায়। কানের কাছে মুখ নিয়ে বলে, ‘আইসক্রিম খাবে?’
ওমা, অমনি ভূতটা চোখ থেকে হাত নামিয়ে জিব দিয়ে ঠোঁট চাটতে শুরু করে। কুহু তাকে নিয়ে দোকানে যায়। আইসক্রিম কিনে দেয়। হ্যাংলা-পাতলা ভূত ছেলেটা আইসক্রিম খায়। তবে কামড় বসায় না তাতে। শুধু জিব দিয়ে চাটে। আইসক্রিমের রঙে তার ঠোঁট রঙিন হয়ে যায়। জিবও রঙিন হয়ে ওঠে। সে রঙিন মুখে আইসক্রিম খায় আর কুহুর দিকে ট্যারা চোখে তাকায়। কুহু বলে, ‘তুমি স্কুলে পড়ো না?’
ছানা ভূত বলে, ‘পড়তাম। এখন পড়ি না।’
‘কেন?’
‘পড়ায় মন দিতে পারি না। শুধু ঘুম পায়। আর গেমস খেলতে মন চায়। তবে বাবা বলে, “তুই বড় হয়ে ভূতংস্টাইন হবি!”’
‘এ আবার কী?’
‘আরে, মানুষ সমাজের বিজ্ঞানী আইনস্টাইনের মতো ভূত সমাজের বিজ্ঞানী আর কি!’
‘ও, আচ্ছা আচ্ছা।’
‘বাপরে, তবে তো অনেক পড়তে হবে তোমার।’
‘বিজ্ঞানী হতে গেলে যে পড়তে হয়; সেটা কে বলল?’
‘সবাই তো বলে। জানো, আমারও না পড়তে ইচ্ছা হয় না। খালি উড়তে ইচ্ছা করে। বড় পাখিদের মতো সাঁই করে উড়াল দিতে মন চায়। খুব ইচ্ছা করে ডাইভ দিতে। ডাইভ বোঝো তুমি?’
‘না তো!’
‘ডাইভ হচ্ছে উড়ছি উড়ছি; এই উড়ার মধ্যেই উল্টো করে একটা ঘূর্ণি মারা। বড় পাখিরা পারে। ছোট পাখিরা এমন উড়াল দিতে গেলে বিপদ হয়ে যায় মাঝেমধ্যে। একটু এদিক-সেদিক হলেই মাথা চক্কর দিয়ে পড়ে যায়। এই ডাইভ ভালো লাগে আমার। দাঁড়াও, এখন একটা ডাইভ মেরে আসি!’
এই বলে কুহু সাঁই করে উড়াল দেয়। কাছে-পিঠে উড়তে থাকে। উড়তে উড়তে উল্টো হয়ে একটা ডাইভও দিয়ে দেয়। তার ডাইভ দেখে পথভুলো রোগাসোগা ভূতের ছানাটাও শূন্যে কয়েকটা ডাইভ দিয়ে দেয়। মজা পায় কুহু। তারপর পিচ্চি ভূত পা দিয়ে গাছে ঝুলে, মাথা খুলে হাতে নিয়ে খেলা দেখাতে থাকে। কুহুর বড্ড ভালো লেগে যায় ভূতের পুতটাকে।
খেলা দেখছিল আর গল্প করছিল তারা। আর অমন সময়েই ঢংঢং বিবি ঢং-ঢং-ঢং ঘণ্টা বাজানো শুরু করে। ঢংঢং বিবি কিড হ্যাভেন কিন্ডারগার্টেনে ঘণ্টি বাজায়। তার বাজানো ঢং-ঢং-ঢং শুনে মাথা চক্কর মেরে পড়ে যায় ভূতংস্টাইন হতে যাওয়া ভূতের ছানাটা। পড়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। কুহু চিড়িক-পিড়িক অনেক ডাকাডাকি করে। তবে কেউ তাকে বাঁচাতে আসে না।
ওদিকে স্কুলের ঘণ্টি শুনে কুহুর মনে পড়ে মায়ের কথা। ফের ছোট ছোট উড়াল দিয়ে বাসায় আসে। স্কুল ব্যাগ নিয়ে বিকেলের ক্লাসে যায়। তবে মন দিতে পারে না পড়ায়। বন্ধু ভূতটার কথা মনে করে ফের অমনোযোগী হয়ে যায় ক্লাসে!