ভূতলেখক কি আসলেই ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এন্ড্রু ক্রফ্টস ও এইচ পি লাভক্রফ্ট
এন্ড্রু ক্রফ্টস ও এইচ পি লাভক্রফ্ট

ভূত লেখক কি আসলেই ভূত? একজন কোনো কিছু লেখার পরে যদি তা অন্য কারও নামে ছাপা হয়, তখন মূলত যিনি লেখাটি লিখেছেন, তাঁকে ‘গোস্টরাইটার’ বা ‘ভূতলেখক’ বলা হয়। এ জন্য ভূতলেখক অবশ্য নির্দিষ্ট অর্থ পেয়ে থাকেন; এবং যার নামে লেখাটি ছাপা হচ্ছে, তার সঙ্গে ওই ভূতলেখকের একটি চুক্তি বা সমঝোতা হয়, রীতিটি এমনই। পৃথিবীর প্রথম ভূতলেখক কে, কবে থেকে এটি শুরু হলো—এসবের সুরাহা করা না গেলেও লেখার জগতে ভূতলেখকদের সক্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই।

ভূতলেখকদের প্রসঙ্গে গার্ডিয়ান-এর এক নিবন্ধে রবার্ট ম্যাক্রাম লিখেছেন এন্ড্রু ক্রফ্টস নামের এক ভূতলেখকের কথা, আশিটির বেশি বই তিনি লিখেছেন। গত চল্লিশ বছরে যার বিক্রি প্রায় দশ মিলিয়ন কপি। কিন্তু বইগুলোর বেশির ভাগই ছাপা হয়েছে অন্যের নামে। এতে যে ক্রফ্টস সাহেবের খুব একটা আক্ষেপ আছে, তা–ও নয়, তিনি মিলিয়নিয়ার হয়েছেন, তাতেই তাঁর শান্তি।

পৃথিবীতে এমন অনেক বিখ্যাত মানুষ আছেন, আত্মজীবনী বা উপন্যাস লেখার কাজে যাঁরা ভূতলেখকের সাহায্য নেন। যেমন হালের থ্রিলার ঔপন্যাসিক জেমস প্যাটারসন। তিনি নিজেই কবুল করেছেন, ভূতলেখকের একটি দল রয়েছে তাঁর।

আবার রোনাল্ড রিগ্যান, হিলারি ক্লিনটন, অ্যালেন গ্রিনস্পানসহ এখনকার ডোনাল্ট ট্রাম্প—এমন অনেকের নাম বলা যাবে, যাঁদের আত্মজীবনী লেখার পেছনে রয়েছেন একজন ভূতলেখক।

এভি ক্লাব নামের একটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে পিলে চমকানোর মতো তথ্য, প্রবল জনপ্রিয় আইজাক আসিমভও ভূতলেখকদের সাহায্য নিতেন! কেবল একটুকু বলেই ক্ষান্ত দেয়নি তারা, আসিমভের ভূতলেখকের নামও প্রকাশ করেছে—উইলিয়াম এফ’য়ু।

এভি ক্লাবের আরেকটি লেখায় আরও অনেকের সঙ্গে এইচ পি লাভক্রফ্টের নাম আছে। সেখানে বলা হয়েছে, তিনি নিজে ভূতলেখক হিসেবে কাজ করতেন। এইচ পি লাভক্রফ্ট মূলত ‘উইয়ার্ড লেখক’ বলে পরিচিত। তাঁর হরর কাহিনিগুলো অন্য হররের চেয়ে আলাদা। ফলে তাঁর ধারার আলাদা একটি নামই দেওয়া হয়েছে—কুহুলুহু ও নেকরোনমিকন। তিনি অবশ্য পয়সার খাতিরেই ভূতলেখক হিসেবে কাজ করতেন। কারণ, তাঁর সময়ে তাঁর লেখা পাঠক তেমন একটা গ্রহণ করেনি। তবে মৃত্যুর পরে ব্যাপক সাড়া পায় লাভক্রফ্টের লেখাগুলো।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কিশোর রহস্য সিরিজ ‘ন্যান্সি ড্রিউ’। এই সিরিজ নিয়ে মজার একটি তথ্য হলো, সিরিজের প্রতিটি বইয়ের লেখকের নামের জায়গায় লেখা থাকে ক্যারোলিন কিনের নাম। কিন্তু এ নামে আদৌ কোনো লেখক নেই। এই সিরিজের লেখক একাধিক, কিন্তু কোনো দিন তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

আবার ধরুন, বহু বছর আগের লেখা নিয়ে কেউ যদি সন্দেহ প্রকাশ করে যে লেখাটি ওই লেখকের নয়, তাহলে কেমন লাগবে! হিস্ট্রি ডটকম ও দ্য গার্ডিয়ান-এ উইলিয়াম শেক্‌সপিয়ারকে নিয়ে বলা হয়েছে, তাঁর বিখ্যাত কয়েকটি নাটক—হেনরি দ্য ফিফথ, জুলিয়াস সিজার, অ্যাজ ইউ লাইক ইট, ব্যাক টু ব্যাক ও হ্যামলেট—অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, এই লেখাগুলো শেক্‌সপিয়ারের কি না। এই সন্দেহ প্রকাশকারীরাও কিন্তু এলেবেলে কেউ নন—মার্ক টোয়েন, হেনরি জেমস, সিগমুন্ড ফ্রয়েড, হেলেন কেলার, চার্লি চ্যাপলিনের মতো বিখ্যাত ব্যক্তিরা। তাঁদের মতে, এই লেখাগুলোর সাহায্যকারী হিসেবে ছিলেন ফ্রান্সিস বেকন আর নাট্যকার ক্রিস্টোফার মার্লো।

বন্ডফ্যানইভেন্টস ডটকম জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিংকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বলা হয়েছে, ইয়ান ফ্লেমিংয়ের বই দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান তাঁর নিজের লেখা নয়। তিনি এর আউটলাইন করেছিলেন বটে, কিন্তু সে সময় বেশ অসুস্থ থাকায় তাঁর পক্ষে লেখা সম্ভব ছিল না। তখন প্রকাশক ভূতলেখকদের ভাড়া করেন এবং বইয়ের কাজ শেষ করেন। বই বের হওয়ার পর সবাই প্রশংসায় ভাসিয়ে দেয়। তবে এর মূল লেখক কে, তা আর সেভাবে জানা যায়নি।

এখানেই শেষ নয়, বলা হচ্ছে, আলেকজান্ডার দুমার দ্য থ্রি মাসকেটিয়ার্স, মিশেল ক্রিসটনের ল্যাটিচিউড, ইয়ান ফ্লেমিংয়ের ‘জেমস বন্ড’ সিরিজ—এগুলোর অনেকটুকুই নাকি ঘটেছে ওই ভূতলেখকদের কারসাজিতে। এমনকি জুলভার্নও নাকি তাঁর অ্যাডভেঞ্চারে ভূতলেখকদের সাহায্য নিতেন।

এরপরেও কি বলবেন, ভূতলেখক আদতে ‘ভূত’; তবে হ্যাঁ, আপনার সঙ্গে আমরা একমত যে তিনি ভূতের মতোই অদৃশ্য—অদৃশ্য মানব, তাই তাঁরা ভূতলেখক। 

সূত্র: দ্য গার্ডিয়ান, হিস্ট্রি ডটকম, হাফপোস্ট,
এভি ক্লাব, ডেরেকলিউইস ডটকম ও মেন্টাল ফ্লক্স ডটকম