ভূতের খপ্পরে রাফিদ

বাঁ হাতটা ওপরে তুলে অন্তুকে থামিয়ে দিল রাফিদ। দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসেছিল সে। কিছু বলার জন্য যেভাবে মুখ খুলেছিল, থেমে গেল সেভাবেই।কিছুটা বিভ্রান্ত হলো, অন্তু-রাফিদ কি কোনো কারণে রেগে আছে তার ওপর। চোখ দেখে ওর মনের অবস্থাটা কখনোই বুঝতে পারে না সে। কেন যে এত মোটা কাচের চশমা পরে ও—মনে মনে ভাবল অন্তু। সেই সঙ্গে একটা গালও দিল—কানা কোথাকার!আড়চোখে অন্তুর দিকে তাকায় রাফিদ। একটু ধমকের সুরেই সে বলল, ‘মুখটা হাঁ করে রেখেছিস কেন? মাছি ঢুকবে তো!’ভ্যাবাচেকা খেয়ে মুখটা বন্ধ করে ফেলে অন্তু। এ জন্যই রাফিদের ওপর ভীষণ খেপে থাকে ও। অপমান করার একটা সুযোগও ছাড়ে না পাজিটা।মুচকি হেসে সরাসরি অন্তুর মুখের দিকে তাকায় রাফিদ, ‘কী যেন বলছিলি তুই?’কিছুক্ষণ আগে হারিয়ে যাওয়া উচ্ছ্বাসটা আবার ফেরত আসে অন্তুর চোখ-মুখে, ‘আমি না আবার দেখেছি, গত রাতে। একদম স্পষ্ট।’‘হুম।’ রাফিদের গলাটা একদম ঠান্ডা।এবার একটু কপাল কুঁচকে তাকায় অন্তু, ‘হুম, মানে কী! তুই দেখিসনি ভূতটা?’‘দেখেছি। তোর মতোই, স্পষ্ট।’ বলতে বলতে চোখ-মুখ কালো করে ফেলে রাফিদ।ব্যাপারটা খেয়াল করে বেশ মজা লাগে অন্তুর। যাক, অন্তত একটা ভূতকে তো ভয় পেয়েছে ও। পৃথিবীর কোনো কিছুকেই তো পরোয়া করে না কানাটা!রাফিদের মনের অবস্থাটা বোঝার জন্য ওকে একটু খোঁচায় অন্তু, ‘কিছু ভাবছিস?’ঝট করে এবার উঠে দাঁড়ায় রাফিদ, ‘হুঁ, ভাবছি।’‘কী, কী ভাবছিস?’ বলতে বলতে একেবারে রাফিদের মুখের ওপর ঝুঁকে আসে ও।মাথাটা দ্রুত পেছনের দিকে সরিয়ে চোখ সরু করে অন্তুর মুখের দিকে তাকায় রাফিদ, ‘ভাবছি..., ভাবছি গোসল করেই স্কুলে যাব, নাকি স্কুল থেকে এসে তারপর গোসলটা করব।’হতাশার স্পষ্ট ছাপ পড়ে অন্তুর চোখ-মুখে। কথাটা দ্রুত ঘুরিয়ে নেয় ও, ‘তুই নাকি খুব সকালবেলা আমাদের বাসায় গিয়েছিলি?’মাথাটা একটু নাড়ায় রাফিদ, ‘গিয়েছিলাম। একটা কথা বলতে চেয়েছিলাম তোকে।’বাঁ হাতের আঙুলগুলো দিয়ে সামনের চুলগুলো স্পাইক করার একটা ব্যর্থ চেষ্টা করে অন্তু। তারপর কাঁধটা ঝাঁকিয়ে বলে, ‘কী যেন বলবি, বল না।’মুখে একটা তাচ্ছিল্যের শব্দ করে রাফিদ, ‘না, থাক। বিকেলেই বলব। মাঠে আসিস।’ কথাটা বলেই ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে যায় ও।‘আচ্ছা, ঠিক আছে।’ বলতে বলতে নিজের বাসার দিকে পা বাড়ায় অন্তু।
২.
পনেরো মিনিট ধরে সবাই বসে আছে মাঠে, রাফিদের দেখা নেই। খেলা শুরু করতে পারছে না বলে সবাই যখন কিছুটা বিরক্ত, তখন দেখা যায়, দুই পকেটে দুই হাত ঢুকিয়ে, ওর স্বভাবসুলভ ‘কুল’ ভঙ্গিতে হেঁটে আসছে ও। কাছে আসতেই হইহই করে উঠল সবাই—‘রাফিদ, একটা ভূত নাকি তোকে কয়েক দিন ধরে জ্বালাচ্ছে?’
সরু চোখে অন্তুর দিকে তাকাল রাফিদ, ‘ও, মোটুটা এর মধ্যে অলরেডি নিউজ পড়ে ফেলেছে!’ একটু থেমে বসে পড়ে মাঠে ও, ‘ভালোই হলো, আমাকে কষ্ট করে ভূমিকা টানতে হয়নি।’
সবাই প্রায় একসঙ্গে প্রশ্ন করতে থাকে ওকে, ‘ভূতটা কেমন রে?’ ‘কী কী করল ভূতটা?’, ‘তুই কি ভয় পেয়েছিলি খুব?’
সবাইকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে রাফিদ, ‘ওটা ছিল একটা মোটা, হাবা ভূত। ভয় তো পাওয়ার প্রশ্নই আসে না।’
‘তার মানে ওই ভয়ানক ভূতটা দেখে তুই ভয় পাসনি?’ অন্তু অবাক হয়ে বলল, ‘কিন্তু আমি যে পেলাম!’
মুচকি হাসে রাফিদ, ‘তুই তো পাবিই। দিনের মধ্যে যতবার আয়নায় নিজেকে দেখিস, ততবারই তো ভয় পাস তুই।’
রাগে ফরসা গালটা লাল হয়ে ওঠে অন্তুর, ‘এসবের মানে কী রাফিদ? সব সময় তুই আমার সঙ্গে এমন করিস!’
‘করব না? তুই বোকার মতো এক একটা কাজ করলে তো তোকে খ্যাপাবই।’
কিছুটা চুপসে যায় অন্তু, ‘আমি আবার কী করলাম বোকার মতো?’
‘এই যে ভূত সেজে আমাকে ভয় দেখাস।’ রাফিদের গলাটা ভীষণ জোরালো।
সবাই আগ্রহ নিয়ে শুনছে রাফিদ আর অন্তুর কথা-কাটাকাটি।
‘এটা কী ধরনের ফালতু কথা! আমি কেন তোকে ভয় দেখাতে যাব?’ বলতে বলতে ঢোঁক গেলে অন্তু।
কাঁধটা ঝাঁকিয়ে রাফিদ বলল, ‘আমি কী জানি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন!’
রাফিদের কাঁধে হাত রাখে প্রান্ত, ‘তুই মনে হয় ভুল ভাবছিস। অন্তু তোকে ভয় দেখাবে কী, ও তো নিজেই ভূত দেখেছে।’
‘মিথ্যে কথা। ও ভূত দেখেনি। ভূত দেখার কথা বারবার বলছে, যাতে ভূতের ওপর আমার বিশ্বাস জন্মায়।’ রাফিদের যুক্তিটা শুনে মুখ চাওয়াচাওয়ি করে সবাই।
‘এটা কোনো যুক্তিই হলো না।’ জোরগলায় বলল অন্তু।
‘তাহলে শোন, আরও যুক্তি আছে আমার কাছে।’ সবার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলতে শুরু করে রাফিদ, ‘তোরা সবাই জানিস আমি ভূত বিশ্বাস করি না। প্রথম রাতে যখন ভূত দেখি, তখনই বুঝে গিয়েছিলাম—কেউ একজন আমাকে ভয় লাগানোর চেষ্টা করছে। ভূতের মোটাসোটা শরীরটা দেখে সন্দেহ হয়েছিল অন্তু আর জারিফের ওপর। কারণ, এ এলাকায় আমাদের বয়সী মোটা ছেলে ওরা দুজনই। দ্বিতীয় রাতে ভূতটা যখন ঘড়-ঘড়ে শব্দ করতে করতে একটা ঢেকুর তুলল, তখনই কনফার্ম হয়ে গেলাম, এটা অন্তু। কারণ, আমরা সবাই জানি, এ রকম বিদঘুটে ঢেকুর কেবল অন্তুই তোলে। তার পরও আরও শিওর হওয়ার জন্য তৃতীয় মানে গত রাতে একটা কাজ করেছি আমি।’
সবাই প্রায় একসঙ্গে বলে উঠল, ‘কী কাজ?’
‘তোরা জানিস, কয় দিন ধরে রাত-দিন বড় রাস্তাটা সারানোর কাজ চলছে। ওখান থেকে কিছুটা আলকাতরা এনে রেখে দিয়েছিলাম জানালা বরাবর বাইরে। যাতে যে ভয় দেখাতে আসে তার জুতার তলায় কিছুটা আলকাতরা লেগে যায়।’
বড় একটা শ্বাস ছাড়ে অন্তু। তারপর পায়ের স্যান্ডেল জোড়া খুলে তলাটা দেখিয়ে দেয় সবাইকে, ‘দেখ দেখ, আমার জুতার তলায় কোনো আলকাতরা নেই।’
হাসে রাফিদ, ‘নেই, কারণ কাল রাতে তুই তোর নীল বেল্টের স্যান্ডেলটা পরেছিলি।’
সোজা হয়ে বসে পাশে বসা জারিফ, ‘তুই এতটা শিওর হলি কীভাবে?’
‘কারণ, সকালবেলায়ই আমি অন্তুর বাসায় গিয়েছিলাম, ব্যাপারটা বুঝতে। ওদের বাসার সামনে খুলে রাখা স্যান্ডেলটা আমি হাতে নিয়ে দেখেছি।’
‘এটা কোনো প্রমাণ হতে পারে না।’ অন্তু কাঁদো কাঁদো গলায় বলল।
‘অবশ্যই পারে না। যে কারও জুতার তলায়ই আলকাতরা লাগতে পারে।’ কথাটা বলেই একটু থামে রাফিদ। তারপর আগের চেয়েও স্থির গলায় বলল, ‘তাই তো শোয়ার আগে টাটকা লাল রং লাগিয়ে রেখেছিলাম জানালার গ্রিলে, যাতে বোকা ভূতটা গ্রিল ধরলেই রংটা লেগে যায় হাতে।’
হাসি ফুটে ওঠে অন্তুর মুখে। হাতটা সবার সামনে মেলে ধরে ও, ‘দেখ দেখ, আমার হাতে কোনো লাল রংও নেই।’
‘হাতের রংটা তুলে ফেলা কোনো ব্যাপারই না। যে সাদা রঙের বিছানার চাদরটা পরে ভয় দেখাতে এসেছিলি সেটাতে ঠিকই লেগে গেছে লাল রংটা।’
‘তোকে বলেছে?’ মুখ ভেঙচিয়ে উত্তর দেয় অন্তু।
‘বলেননি শুধু, দেখিয়েছেনও। সকালবেলা তোর বাসায় যখন গেছি, তখন তুই ছিলি বাথরুমে। আন্টি রাগে তখন গজগজ করছিলেন আর তোকে অনর্গল বকাবকি করছিলেন। উনিই তো আমাকে চাদরটা দেখিয়ে বললেন, ‘দেখো রাফিদ, গাধাটা কীভাবে যেন এত সুন্দর চাদরটাতে লাল রং লাগিয়েছে।’
সবাই মুখ ঘুরিয়ে তাকায় অন্তুর দিকে। অন্তু চুপ, মাথাটা ঝুঁকিয়ে তাকিয়ে আছে পায়ের দিকে।
চট করে প্রসঙ্গটা পাল্টে ফেলে রাফিদ, ‘চল, চল সবাই, খেলবি না? সন্ধ্যা হয়ে গেল তো।’
রাফিদের তাড়া শুনে সবাই হইহই করে মাঠের দিকে দৌড় লাগায়। একমাত্র অন্তুই ঘুরে দাঁড়িয়ে হাঁটতে থাকে বাসার দিকে। রাফিদ দৌড়ে এসে হাত রাখে অন্তুর কাঁধে, ‘কী রে, খেলতে যাবি না?’
বহু কষ্টে মুখটা তুলে রাফিদের মুখের দিকে তাকায় ও, ‘আমি? খেলায় নিবি আমাকে?’
অবাক হয়ে তাকায় রাফিদ, ‘কেন নেব না?’
‘না মানে..., এত কিছুর পর!’ গলাটা ধরে আসে অন্তুর।
হা হা করে হেসে ওঠে রাফিদ, ‘আরে বোকা, তুই আমার বন্ধু না। আমার সঙ্গে একটা দুষ্টুমি করেছিস। এটার সঙ্গে খেলায় না নেওয়ার সম্পর্ক কী? আমি তো সারা দিন তোকে মোটু মোটু বলে খ্যাপাই, তোর পেছনে লেগে থাকি। কই, তুই তো আমার সঙ্গে মেশা বাদ দিসনি!’
‘থ্যাংকস।’ ছোট্ট করে বলে অন্তু।
‘তুই তো জানতিই আমি ভূতে বিশ্বাস করি না। যদি ভূত না সেজে একটা এলিয়েন সেজে যেতি, তাহলেও না হয় একটু বিশ্বাস করতাম। আসলেই তুই একটা বুদ্ধু!’ বলতে বলতে অন্তুর মাথায় চাঁটি মারে রাফিদ।
এই প্রথম রাফিদের মুখে ‘বুদ্ধু’ শব্দটা শুনে ভীষণ ভালো লাগে অন্তুর।