ভোট তো নয়, ছেলেখেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা লাইন। সবাই দাঁড়িয়ে আছেন সারি বেঁধে। ধীরে ধীরে এগোচ্ছে লাইনটি। এক-একজন করে ঢুকছেন। ভেতরে নির্বাচনী কর্মকর্তারা বসে আছেন। একজন ভোটারলিস্টের সঙ্গে মিলিয়ে দেখছেন ভোটদাতার নাম-পরিচয় আর শনাক্তকরণ চিহ্ন। দ্বিতীয়জন হাতে লাগিয়ে দিলেন অমোচনীয় কালি। তৃতীয়জনের কাছ থেকে ব্যালট পেপার নেওয়ার কথা। এই ব্যালট পেপারেই সিল মেরে দেওয়া হবে ভোট। কিন্তু এ কী, ব্যালট পেপারের বদলে যে হাতে ধরিয়ে দেওয়া হলো মার্বেল! এ কি ভোট, নাকি ছেলেখেলা! ভোট দিতে এসে হাতে মার্বেল ধরিয়ে দেওয়া কেন? না, খেলার জন্য নয়; ভোটদাতার হাতে মার্বেল দেওয়া হয়েছে ভোটই দেওয়ার জন্য!আপনার কাছে এই দৃশ্য অবিশ্বাস্য লাগতে পারে। কিন্তু এটাই ঘটেছে। তা-ও আবার কোনো যেনতেন অগুরুত্বপূর্ণ নির্বাচনে নয়; একটি দেশের জাতীয় নির্বাচনেই! মার্বেল দিয়ে ভোট দেওয়ার এই অভিনব কায়দা আমাদের শেখাল আফ্রিকার দেশ গাম্বিয়া। গত সপ্তাহে গাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারের বদলে ব্যবহার করা হয়েছে ছেলে-ছোকড়াদের খেলার উপকরণ কাচের মার্বেল। শুনে আপনার হাসি আসতে পারে। কিন্তু মাত্র আট লাখ ভোটারের ছোট্ট এ দেশটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা স্যামবউসাং এনজি বলছেন, এটাই দেশটির অশিক্ষিত জনগোষ্ঠীকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার সবচেয়ে ভালো উপায়। লেখাপড়ার কোনো বালাই এতে নেই। ভোট দেওয়াও খুব সহজ। তা ছাড়া এ নির্বাচনী প্রক্রিয়া খুবই সাশ্রয়ী। পরিবেশবান্ধবও।ভোটের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা দরকার। প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনজন প্রার্থী। তিনজন প্রার্থীর জন্য ভোটকেন্দ্রে রাখা হয়েছিল তিনটি টিনের ড্রাম। ভিন্ন ভিন্ন রঙের। সেই ড্রামের ওপর ছিল তিনজন প্রার্থীর ছবি ও প্রতীক। ১৯৯৪ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা, চতুর্থ দফায় নির্বাচিত হওয়ার প্রতীক্ষায় থাকা প্রেডিডেন্ট ইয়াহইয়া জামেগর ড্রামের রং গাঢ় সবুজ। ৪৬ বছর বয়সী প্রেসিডেন্টের প্রধান প্রতিপক্ষ ওসাইনু ডারবোয়ের ড্রামের রং হলুদ। ৬৩ বছর বয়সী এই প্রার্থীর প্রতীক হলো করমর্দন। তৃতীয় প্রতিদ্বন্দ্ব্বী, ৫১ বছর বয়সী হামাত বাহের ড্রামের রং আকাশি, প্রতীক হলো গরু।এবার ভোটদাতার কাজটি হলো খুব সহজ। নির্ধারিত মার্বেলের বাক্স থেকে একটা মার্বেল নিয়ে তাঁর পছন্দের প্রার্থীর ড্রামের ওপর রাখা ছিদ্র দিয়ে ফেলে দিতে হবে। ভোটদাতা মার্বেল ফেলার পর সেটি নল বেয়ে গড়িয়ে গিয়ে লাগবে ভেতরে রাখা সাইকেলের বেলের ওপর। ফলে টুং করে একটা শব্দ হবে। পোলিং এজেন্ট ও নির্বাচনী কর্মকর্তারা সেই টুং শব্দ শুনে নিশ্চিত হবেন, ভোট দেওয়া হয়েছে। তা ছাড়া কেউ যেন একটির বেশি মার্বেল ফেলতে না পারে, সে জন্যও এ ব্যবস্থা। তাতে টুং শব্দটা হবে একাধিকবার। বেলের গায়ে লাগার পরই মার্বেল জমা হবে নিচে। যেহেতু ধাতবের ড্রাম, দ্বিতীয় কোনো শব্দ যেন না হয়, এ জন্য ড্রামের নিচে রাখা আছে কাঠের গুঁড়া। শুধু তা-ই নয়, কোনো বিভ্রান্তি এড়াতে ভোটকেন্দ্রের ৫০০ মিটার আশপাশের এলাকায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সাইকেল ও সাইকেলের বেল!পরে মার্বেল গুনলেই বোঝা যাবে, কে পেয়েছে কত ভোট। এ ধরনের নির্বাচনীব্যবস্থা পৃথিবীতে আর কোথাও আছে বলে জানা নেই। তবে বিচিত্র এ ভোটব্যবস্থা নাকি দেশটিতে খুবই জনপ্রিয়। ২০০৬ সালের নির্বাচনেও ব্যবহূত হয়েছে এ পদ্ধতি। নির্বাচনী কর্মকর্তাদের বক্তব্য, ভোট আয়োজনে কেবল ব্যালট পেপারের কাগজ ও ছাপা খবর বাবদ খরচ হয় কোটি কোটি টাকা। এখানে সেটি সেরে ফেলা যাচ্ছে অল্প খরচেই। বেঁচে যাচ্ছে কাগজ। ফলে বাঁচছে প্রকৃতিও। শুধু তা-ই নয়; ভোটের পর মার্বেলগুলো রেখে দেওয়া হচ্ছে সযত্নে। যেন পরবর্তী নির্বাচনেও তা ব্যবহার করা যায়। এই ভোট-প্রক্রিয়া একই সঙ্গে সাশ্রয়ী এবং পরিবেশ ও ভোটারবান্ধব!এ মার্বেলগুলো কোথায় রাখা হয়, কোথা থেকেই বা বানানো হয়েছে, সে কথা নিরাপত্তার কারণে জানানো হয়নি। তবে ধারণা করা হয়, ২০০২ সালে ১৫ লাখ মার্বেল দিয়ে সাহায্য করেছিল তাইওয়ান। রাজীব হাসান, সূত্র: বার্তা সংস্থা