ভোরের এপিটাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের সমাধির পাশে শুয়ে আছি। দেখি, আফিমের বাগানে গজিয়ে উঠছে স্মৃতিচিহ্নেরা। বেঁচে থাকা, সেও এক বিভ্রান্তি। অথবা আঙুরলতার ফলভারনত শাখা! এসব আজ দুরূহ, কঠিন মনে হয়। মনে হয় দূরের আকাশে ঠান্ডা বোমারু বিমান ছাড়া কোনো সহজ সত্য নেই। তবু ভোরের সমাধির পাশে শুয়ে আছি। যেন সমাধি সমাধি নয়, গমখেত। ভাতের গরম মাড়। এসব ঋণ ও লবণ হূদয় আজীবন পান করে গেছে। অথচ শরীর সেই অক্ষর মুছে মুছে আজ সাদা পাতা হয়ে আছে। ২.তালগুড় মুখে নিয়ে পিঁপড়ে নয়, হেঁটে আসে মৃত্যু। যেন মরে যাওয়া খুব ভালো। যেন শোকসংগীত পৃথিবীর মহত্তম সৃষ্টি। জীবনের সব রস জ্বাল দিলে এমন সুমিষ্ট হবে! সেই গাঢ় রস তবে তালগুড় হয়ে কাছে আসে? তবু কেন হূদয় আজও শিশুর আলিঙ্গন ভালোবাসে!৩.ভোরের সমাধির পাশে শুয়ে আছি। নিচে মাটি, আশা ও অস্থি, মানুষের গান। ওপরে চেয়ে দেখি, আকাশ আকাশ নেই। তারও হয়েছে কবর। উড়ন্ত বল নেই। শিশু নেই। খেলার নিয়মে আজ ঘটেছে বদল। সবচেয়ে সত্য এই মাটির করতল।