ভ্যাএ-এ-এ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা বলছে, ‘পাতা,

কী যে করিস, বুঝি না ছাতা মাথা!’

পাতা এখন বসেছে গাঁট হয়ে

মেঝেতে সে রেখেছে শিল-নোড়া

মেন্দি বেটে মাখবে হাতে-পায়ে

রং হবে তার টকটকে আনকোরা।

মা বলছে, ‘শোন, আগেই বলে রাখি,

মেন্দি তুই সারা গায়ে করবি;

তখন কিন্তু খুব বিপদে পড়বি;

এমন মার মারব তোর কমিয়ে দেব চর্বি।

তখন কিন্তু হাতে পায়ে ধরবি।’

কে শোনে কার কথা!

শিল-নোড়ার শব্দ ছাড়া শুধুই নীরবতা।

কাণ্ড দেখতে বাবা এসে বসল পাতার পাশে।

বলল, ‘বাবা, ধীরে সুস্থে করো।’

চোখ রাঙিয়ে পাতা বলল, ‘ত্যক্ত কোরো না তো!

ও ঘরে যাও, এখান থেকে সরো।’

২.

বিকেলে দেখি, কানে গালে

কপালে লাল রং।

কাণ্ড দেখে পাতার মা তো

রেগে মেগে টং।

হালকা একটা চড়, কিন্তু

শব্দ হলো ‘পটাশ!’

মেরেই রাগ চিনি-পানি,

‘কেন আমায় চটাশ।’

পাতা কাঁদছে—ভ্যাএ!

মাও কাঁদছে—ভ্যাএ-এ-এ!!