ভ্যান গঘ নয়, পল গগা কেটেছিল কান
ভ্যান গঘ কোনোদিন তার কান কাটার বিষয়ে মুখ খোলেনি। কিন্তু সর্বশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে, রাগের মাথায় ভ্যান গঘ নিজেই তার কান কেটে শেষে এক পতিতাকে উপহার দিয়েছিল এ কাহিনি সত্যি নয়, ভ্যান গঘের কান কাটে আসলে বন্ধু পল গগা। আর্লের এক পতিতালয়ের সামনে উত্তপ্ত বাগবিতণ্ডার একপর্যায়ে গগা ভ্যান গঘের কান কেটে ফেলে। গবেষকদের মতে, ইতিহাস এত দিন ভুল লোককে অভিযুক্ত করে এসেছে। তাদের বিশ্বাস, কালপ্রিট হচ্ছে পল গগা, সে-ই তার বন্ধুর কান কেটেছে। আর এই রক্তপাত মোটেও শিল্পের জন্য নয়, তাদের বিবাদের মূলে ছিল আসলে এক পতিতা। নতুন এই তথ্য প্রকাশ পেয়েছে কজন জার্মান ঐকিহাসিকের দশ বছরের গবেষণায়। তাদের ভাষ্য: ভ্যান গঘ নিজেই কান কেটেছে—এই গল্প নিজেকে বাঁচাতে চাউর করে পল গগা। আঁকাআঁকি বিষয়ে আর্লের আর্ট ক্যাম্পে একসঙ্গে ছবি আঁকার সময় দুজনের বিরোধ তুঙ্গে ওঠে। ভ্যান গঘ বিশ্বাস করত, একজন যা দেখবে তারই ছবি আঁকবে; কিন্তু পল গগা ছবি আঁকত তার স্মৃতি থেকে। শিল্প নিয়ে তাদের তর্ক ছিল সার্বক্ষণিক, কিন্তু কান কাটার ঘটনায় তাদের ঝগড়ার কারণ ছিল র্যাচেল নামের এক দেহপসারিণী, আর বিবাদের ঘটনাস্থল ছিল পতিতাপল্লির বাইরের রাস্তা। জার্মান ঐতিহাসকদের গ্রন্থের সারবক্তব্য এটাই। হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হান্স কাউফমানের বক্তব্য: পতিতালয়ের সামনে বিবাদের একপর্যায়ে ভ্যান গঘ যখন একই সঙ্গে গগাকে আর্লে ছেড়ে না যাওয়ার জন্য পীড়াপীড়ি করছিল, তখনই গগার হাতের সেই অস্ত্র নেমে আসে গঘের কানের ওপর। বাঁ কান খসে পড়ে গঘার। এটা নিছক একটা দুর্ঘটনা, না ইচ্ছাকৃত, বলা মুশকিল। এ ঘটনার পর গগা গা ঢাকা দেয়। পরদিন পুলিশের জেরার মুখে ভ্যান গঘের কান কাটার এই গল্প বানায় পল গগা।’বিছানায় শয্যাশায়ী ভ্যান গঘ পুলিশকে কোনো তথ্য দেয়নি। বইয়ের মতে, গগা তাকে পরিত্যাগ করায় মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল গঘ। ঐতিহাসকদের সিদ্ধান্ত, ভ্যান গঘের নিজের কান কাটার তত্ত্ব পুরোপুরি পল গগার বানানো। ভ্যান গঘ নিজে কখনোই এ বিষয়ে মুখ খোলেনি। তবে সত্যি প্রকাশ পেলে গগাকে নিশ্চিত কারাভোগ করতে হতো। ধারণা করা হয়, ঘটনার পর গগা ছুরি বা ক্ষুর রোহ নদীতে ফেলে দেয়। গগার গল্প সত্যি হলে ভ্যান গঘের কাছে ক্ষুর বা ছুরি পাওয়ার কথা, কিন্তু সে রকম কোনো কিছু গঘের কাছে পাওয়া যায়নি।কৃতজ্ঞতা: এনকাউন্টারস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ভ্র ও ডেইলি মেইল