ভ্রমণকাহিনি নয়, ভ্রমণচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোয়াজিল্যান্ড: রাজা প্রজা পর্যটক
সোয়াজিল্যান্ড: রাজা প্রজা পর্যটক
সোয়াজিল্যান্ড: রাজা প্রজা পর্যটক
মঈনুস সুলতান
প্রচ্ছদ ও অলংকরণ অশোক কর্মকার
প্রথমা প্রকাশন, ফেব্রুয়ারি ২০১৫
১৯২ পৃষ্ঠা
দাম: ৩৬০ টাকা।

ভাবনার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন সব সময় ঘটে না, কদাচিৎ ঘটে। কিন্তু সবার সামর্থ্য থাকে না সেই অভিজ্ঞতা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার। শুধু যে ছড়িয়ে দেওয়া, তা নয়। শব্দবন্ধনের অভাবনীয় শৈলী দিয়ে কেউ যদি তা চিত্রিত করেন গদ্যের অবয়বে, তবে তো নিঃসন্দেহে বলাই যায়, তাতে আকৃষ্ট না হয়ে উপায় থাকে না পাঠকের। বরং পাঠকের ‘ভাবতে তোফা লাগে—নির্দিষ্ট গন্তব্য সম্পর্কে অধিক মাত্রায় সচেতন না হয়ে, খুব অল্প বাজেটে, যানবাহনের বাছবিচার না করে’, তেমন কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই আফ্রিকা মহাদেশের ‘স্বল্প পরিচিত’ একটি দেশ ভ্রমণের দুঃসাহস কেমন করে হয় মঈনুস সুলতানের।

লেখকের ভাবনার শুরু বন্ধুদের এক আড্ডায়—সমাজতন্ত্র ও গণতন্ত্র আছে, এমন সব দেশের সমাজব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকলেও, রাজতন্ত্র দেখার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। এই একবিংশ শতাব্দীতে ‘সত্যিকারের রাজতন্ত্র’ আছে, এমন দেশ সোয়াজিল্যান্ড। এর নাম জানাটা তাঁর জন্য ছিল কাকতালীয় ঘটনা। তা না হলে আড্ডাস্থলে ভাবনার কথাটি মুখ ফসকে বের হওয়া এবং তা পাশ থেকে শুনে একেবারে অপরিচিত এক মার্কিন কূটনীতিক কেন তাঁকে বলবেন, ‘সরেজমিনে রাজতন্ত্র দেখতে চাইলে ওখানে তোমার এক চক্কর যাওয়া অবশ্যই উচিত। জাস্ট ইমাজিন, এ যুগে বিলাতে লেখাপড়া করা একজন মহারাজা নয়জন রানি নিয়ে রাজ্য শাসন করছেন।’
তবে লেখক মঈনুস সুলতান যখন ভ্রমণ করতে যান, তত দিনে সোয়াজিল্যান্ডের রাজার ‘লিফোবেলা’ বা স্ত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরোজনে। কারণ, ‘তিনি দেশ শাসনের চেয়ে বিয়ে সম্পাদনে অধিক আগ্রহী।’ বছরে বছরে বাড়ে তাঁর স্ত্রীর সংখ্যা। অবশ্য, এর চেয়ে বেশি স্ত্রী ছিল তাঁর বাবা মহারাজ সোবুজার। তাঁর রানির সংখ্যা ছিল নিরানব্বই। কিন্তু তাতে কী? সোবুজা যে অনেক বেশি প্রজাবৎসল ছিলেন বর্তমান রাজা মাসওয়াতির চেয়ে।
আধুনিক এই দুনিয়ায় রাজতান্ত্রিক শাসনব্যবস্থার কিছু চিত্র উঠে এসেছে সোয়াজিল্যান্ড: রাজা প্রজা পর্যটক বইয়ের কয়েকটি পর্বে। ২০টি পর্বে সুবিন্যস্ত এই বইয়ের প্রতিটি পর্বে রয়েছে চমকপ্রদ তথ্য আর লেখক-বর্ণিত ভ্রমণ-চিত্রের সমাহার।
বই পড়তে পড়তে পাঠক চলে যান অন্য এক রাজ্যে। জানেত পারেন লেখকের বিচিত্র অভিজ্ঞতা। এখানে মঈনুস সুলতানকে মাঝেমধ্যে মুখোমুখি হতে হয়েছে বিব্রতকর পরিস্থিতির। বিপদের সম্মুখীনও হয়েছেন। সেসব উঠে এসেছে এ কাহিনিতে। একই সঙ্গে এ লেখায় আরও আছে সোয়াজিল্যান্ডের মানুষের লোকবিশ্বাস, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের বাস্তব চিত্র। যেমন ‘বটল ট্রি’র কথা ধরা যাক। এখানকার ‘পর্যটকদের মাঝে প্রচলিত সংস্কার হচ্ছে, বিচিত্র এই বৃক্ষ দর্শনে ভাগ্য প্রসন্ন, চলার পথে জোটে যথাসময়ে দানাপানি বা অন্ন।’
এভাবে প্রতিদিনই বিভিন্ন জায়গায় ছুটে চলেছেন এবং নিয়মিত নোট লিখেছেন সুলতান। আর সেসবের বর্ণনার প্রাণবন্ত প্রয়াসে মাঝেমধ্যে আশ্রয় নিয়েছেন উপমা-উৎপ্রেক্ষার। আর ভাষার শিল্পিত কারুকাজ তো রয়েছেই। তাতে পাঠকের নান্দনিক ভাবনা-চিন্তাকেও যেন উসকে দিয়েছেন তিনি। বিশেষ করে যখন তিনি বলেন, ‘পর্বতের অতিকায় ষাঁড়ের কুঁকুদের মতো একাধিক চূড়ায় এখনো চরছে বেলা শেষের মোলায়েম রোদ;’ কিংবা ‘ল্যাম্পপোস্টের আলোয় তাঁর হাসিকে শোকেসে রাখা স্যাফায়ার পাথরের গয়নার মতো দ্যুতিময় দেখায়’; তখন পাঠক অনায়াসে প্রত্যক্ষ করেন ঘটনাস্থলের চলমান চিত্র। লেখকের সঙ্গে তিনিও যেন ঘুরে বেড়ান সোয়াজিল্যান্ডের পথে।
ভীতিকর পরিস্থিতিতে রসিকতা করা কিংবা তার সরস বর্ণনা দেওয়া লেখকের সহজাত। এই বইয়ে অনায়াসেই তার স্বাদ পাওয়া যায়। সোয়াজিল্যান্ড ভ্রমণে নেলসপ্রুট নামক জায়গায় লেখক পড়েন ছিনতাইকারীদের কবলে। সেখানকার ছিনতাইকারীরা ঠিক দেশীয় ছিনতাইকারীদের মতো নয়, ব্যতিক্রম। মোবাইল, মানিব্যাগসমেত টাকাপয়সা প্রভৃতি ‘বগলদাবা’ করে নেওয়ার পর তারা লেখকের শার্টের কলারে ‘স্প্রিংবাক বলে একটি ছুটন্ত হরিণের ছবিওয়ালা বোতাম লাগাতে লাগাতে বলে, ইউ আর সেফ নাউ, বাবা, জোড়া স্প্রিংবাকের সঙ্গে তোমার অলরেডি দেখা হয়ে গেছে, নেলসপ্রুটে অন্য কেউ তোমাকে ঘাঁটাবে না।’
বইটি শুধু নির্দিষ্ট ভ্রমণকাহিনি জানার জন্য নয়, ভ্রমণ করার জন্য এবং ভ্রমণকাহিনি কীভাবে লিখতে হয়, সে ব্যাপারেও উজ্জীবিত করবে পাঠককে।