ভ্রমণগল্প অথবা সত্যিকারের গল্প

তাঁর দেখার ধরনই এমন, শুধু নিজে দেখেন না, পাঠককেও সঙ্গী করে নেন; কেবল নিজে ভ্রমণ করেন না, পাঠকদেরও ভ্রমণ করান। তাঁর লেখা পড়তে পড়তে পাঠক একই সঙ্গে জানতে পারেন লেখকের আগ্রহ এবং তাঁর লেখকের ভ্রমণ-অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, সেখানকার মানুষের আচার-অভ্যাস থেকে শুরু করে খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ সম্পর্কে। সর্বোপরি সংস্কৃতির একটা সামগ্রিক রূপ-চিত্র খুব সহজেই পাঠকের চোখে বাস্তব হয়ে ওঠে।
কথাগুলো মঈনুস সুলতানের যেকোনো ভ্রমণকাহিনি সম্পর্কে নির্দ্বিধায় বলা যায়। অবশ্য সম্প্রতি প্রকাশিত তাঁর কিশোর ভ্রমণগল্প: ঘুরে বেড়াই আদিম গুহায় পড়ে উপলব্ধি হলো, এটি অন্য গ্রন্থগুলোর চেয়ে আলাদা ধাঁচের। কাহিনি বয়ানের কৌশল, চরিত্র, ভাষা—বিচিত্রধর্মী স্বাদে পরিপূর্ণ। সাহিত্যের অন্য ফর্মগুলোতে শিশু-কিশোরদের রচনা মানেই একটু সহজ ভাষায় লেখা, একটু সহজ কাহিনি বা সহজ ছন্দে লেখা কিংবা নীতিকথায় ভরা। কিন্তু মঈনুস সুলতানের এই বইয়ে এসব বৈশিষ্ট্যের পাশাপাশি আছে চরিত্র ও বিষয় নির্বাচনের মুনশিয়ানা। লেখক খুব সচেতনভাবে তাঁর ভ্রমণসঙ্গী হিসেবে নিয়েছেন কিশোরবয়সী ছেলেমেয়েদের। বিষয় হিসেবে বেছে নিয়েছেন প্রাচীন গুহাকে। গুহা মানে এখানে কোনো অন্ধকার প্রকোষ্ঠ নয়; বরং ‘প্রাচীন গুহা’ কীভাবে আধুনিক উপায়ে সংরক্ষণ করা যায় এবং এটা পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয় স্থান হতে পারে, তা জানতে বইটি সবার পড়া দরকার।
এ বইয়ে ভ্রমণগল্প আছে ছয়টি। একটি বাদে গুহাগুলোর নামেই তিনি নামকরণ করেছেন গল্পগুলোর—‘লাউরে ক্যাভার্নস’, ‘লাওসের তন হাইহিন গুহা’, ‘সি-লায়ন কেইভ’, ‘মারোপেংয়ের আদিম গুহা’ ও ‘সিনহোয়ি গুহায় নীল জলের ঝিল’। অন্যটির নাম বিষয়ভিত্তিক ‘আদিম গুহায় খরগোশ ও টিয়া পাখি’—এই গল্পের গুহার নাম ‘ইন্ডিয়ান ইকো ক্যাভার্নস’।
নিজের কিশোরবয়সী মেয়ে কাজরিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন লেখক। একইভাবে তাঁর বাড়িতে বেড়াতে আসা কিংবা নিজেই অন্য কোথাও ঘুরতে যাওয়ার সুবাদে ওই বয়সীদের নিয়ে ঘুরতে গিয়েছেন। নিজের মনের খোরাক মেটানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের ঔৎসুক্য মনের নানা জিজ্ঞাসা, নানা বিষয়ের প্রতি তাদের আগ্রহ ইত্যাদির মধ্য দিয়ে লেখাকে পাঠকের কাছে শতভাগ বিশ্বস্ত করে তোলার এক নিরবচ্ছিন্ন চেষ্টায় তিনি লিপ্ত থাকেন বইজুড়ে। সঙ্গে ঘুরে বেড়ানোর স্থানসহ দর্শনীয় নানা কিছুর ইতিহাসও জানিয়ে দেন।
গ্রন্থভুক্ত একটি ভ্রমণগল্পের নাম ‘সি-লায়ন কেইভ’। এটিও একটি গুহা। পাঠকের অজানা থাকতে পারে, তাই তিনি বুঝিয়ে বলেছেন, সি-লায়ন কী জিনিস। বলেছেন, ‘সি-লায়ন হচ্ছে একধরনের ম্যামল। এরা সমুদ্রে বাস করে। সি-লায়ন সাঁতার কাটতে পারে আবার ডাঙায়ও হাঁটতে পারে। প্রজাতিগতভাবে এরা সিল মাছের আত্মীয়।’
>

ঘুরে বেড়াই আদিম গুহায়
মঈনুস সুলতান
প্রচ্ছদ: মাসুক হেলাল l প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা l প্রকাশকাল: ডিসেম্বর ২০১৬ l ৭২ পৃষ্ঠা l দাম: ১৬০ টাকা
সেই ‘সি-লায়ন কেইভ’ দেখার জন্য লেখক যাচ্ছেন প্রশান্ত মহাসাগরের উপকূল-ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা দিয়ে। গাড়ির চালক তিনি নিজেই। তাঁর যাত্রাপথের বর্ণনা মনোগ্রাহী করে তুলেছেন এভাবে, ‘গাড়ির জানালা থেকে পরিষ্কার দেখা যায় প্রশান্ত মহাসাগর। তাতে প্রচুর ঢেউ। ঢেউগুলোয় জমেছে সাদা ফেনা। সূর্যের আলো তাতে ঝিকিয়ে উঠছে রংধনুর মতো।’ একসময় লেখক তাঁর যাত্রাসঙ্গী কিশোরী এমা ও তার মাকে নিয়ে পৌঁছে যান সি-লায়ন কেইভের ঘরের সামনে। আর সেই ‘সি-কেইভের ঘরটি দাঁড়িয়ে আছে সমুদ্রের তীর ঘেঁষে।...ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঝকঝকে সাদা একটি অ্যান্টিক মোটর কার। অনেক বছর আগে তৈরি কোনো জিনিসকে বলা হয় অ্যান্টিক। গাড়িটি তৈরি হয় ১৯৪২ সালে। প্রায় সত্তর-বাহাত্তর বছর আগে। মোটর গাড়ির কোম্পানিগুলো এ ধরনের ডিজাইনের গাড়ি আজকাল আর তৈরি করে না। সি-লাইন কেইভের পিতামহ গাড়িটি কিনেছিলেন।’
এভাবেই প্রতিটি গল্প মনোগ্রাহী করে তোলেন মঈনুস সুলতান। যদিও এর নামকরণে ‘কিশোর ভ্রমণগল্প’ শব্দবন্ধ উল্লেখ রয়েছে, কিন্তু আদিম গুহা আর পৃথিবীর পুরাতাত্ত্বিক নিদর্শনের গল্প আকর্ষণের বিষয় নয় কার কাছে? লেখক ছয়টি ভিন্ন শহরের—যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, লাওস, বাল্টিমোর, ফ্লোরেন্স, দক্ষিণ আফ্রিকার মারোপেং, জিম্বাবুয়ের সিনহোয়ির মতো শহর ঘুরে ভিন্ন ভিন্ন ভ্রমণবৃত্তান্ত নিয়ে লিখেছেন ঘুরে বেড়াই আদিম গুহায়। বইটি পড়ার সময় মনে হবে, রূপকথার গল্পের মতো কেউ যেন ক্রমাগত গল্প শুনিয়ে যাচ্ছেন। আর শ্রোতার চোখের সামনে ভেসে উঠছে সব কল্পকাহিনির স্থিরচিত্র। বইটি পড়তে পড়তে পাঠক কখন যে অদৃশ্য কথকের মনোযোগী শ্রোতা হয়ে ওঠেন, তা সংবিৎ ফেরার আগ পর্যন্ত টেরই পাওয়া যায় না।