
‘কলাকেন্দ্র’ নামে নতুন এক চিত্রশালা সম্প্রতি চালু হয়েছে ঢাকার মোহাম্মদপুরে ১/১১ ইকবাল রোডের একটি বাড়ির চারতলায়। অধুনালুপ্ত ঢাকা আর্ট সেন্টারের সঙ্গে যুক্ত কয়েকজন শিল্পী ও শিল্পসমঝদার শামিল হয়েছেন এই উদ্যোগে। কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও এখন এখানেই। কলাকেন্দ্র শুরু হয়েছিল সমকালীন চিত্রশিল্পীদের ছাপচিত্র প্রদর্শনী দিয়ে। এখন সেখানে চলছে শিল্পী রিপন সাহার একক চিত্র প্রদর্শনী। ‘ভীতি যাপন-৩’ সিরিজের আওতায় ‘হিসেবি খেলা’ নামে এ প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান ও কেহ্কাশা সাবাহ। প্রদর্শনীতে স্থান পেয়েছে নবীন এই শিল্পীর সাম্প্রতিক কালে আঁকা ২৬টি চিত্রকর্ম।
রিপন সাহা ছবি আঁকেন সভ্যতার অভব্য আচার ও সমকালীন জীবনের নানা অসংগতি নিয়ে। অনেকটা ফ্যান্টাসির কায়দায় আঁকতে আঁকতে দর্শককে নিয়ে যান বাস্তবতার রূঢ় ভূখণ্ডে। শিল্পী নিজে গল্প বলিয়ে হওয়া সত্ত্বেও নিজের আত্মপ্রতিকৃতির সঙ্গে অবলীলায় ঢুকে পড়েন চিত্রপটের ভরকেন্দ্রে। এতে তৈরি হয় নাটকীয়তার সরব সাসপেন্স। শিহরিত ও আপ্লুত হয়ে দর্শক তখন দেখতে পান সমাজের ভেতরের কদর্যপট। পশ্চিমা পপ আর্ট ধরনের ছবি আর সমাজ-বাস্তবতা নিয়ে রিপনের এই ছবিগুলো যেন শিল্পী শিশির ভট্টাচার্য্য ও মোস্তফা জামানের আঁকা ফ্যান্টাসির বেশ কাছাকাছি।
প্রদর্শনীর দুই নির্বাচক রিপন সাহার কাজের প্রেক্ষিত প্রসঙ্গে নির্দেশ করেছেন চলমান সময়ের ভেতর তিলে তিলে বেড়ে ওঠা অশুভ প্রবণতাকে। বলেছেন, আমাদের দিনযাপনের নিত্যতার ভেতর ঢুকে পড়েছে ভীতি আর অনিশ্চয়তা। আর এই ভয়ভীতি বোধ বিনষ্ট করছে অন্যের বিপদে মানুষের পরোপকারী মনোভাবকে, এমনকি সামান্য প্রতিক্রিয়া প্রকাশের পথও দিচ্ছে রুদ্ধ করে। সমাজ হয়ে উঠছে অনিরাপদ। যোগাযোগ, গণমাধ্যম, সামাজিক সংগঠন, বিনোদন, অভ্যন্তরীণ জীবন ও আন্তর্জাতিক তথ্যপ্রবাহ—একটু একটু করে অপরাধ যেন গা সওয়া হয়ে যাচ্ছে সর্বত্রই। এ থেকে মুক্ত নন চিত্রশিল্পীও। তাই তো রিপনের চিত্রে খোলতাই হয়েছে এই সময়ের অবরুদ্ধতার রূপ।
‘লাল আঘাত-২’ শিরোনামের ছবির কেন্দ্রস্থলে আমরা দেখি ঘুমঘোরে মানবেতরভাবে কুণ্ডলী পাকানো কয়েকজন মানুষ। আর এর ভেতর থেকে দাঁড়িয়ে দাঁত-ব্রাশ করছেন একজন। তাঁর সামনে-পেছনে কতগুলো শিশুর অবয়ব। ভাবলেশহীনতার প্রতিবিম্ব যেন চিত্রিত হয়েছে এখানে।
অন্য একটির শিরোনাম ‘ছোবল-২’। এর শীর্ষভাগে রয়েছে মুণ্ডুহীন নরনারীর রমণদৃশ্য, নিচে কতগুলো দাঁত পেরিয়ে বড় আকৃতির দু-পাটি দাঁতের ফাঁকের একটিতে শিল্পীর আত্মপ্রতিকৃতি, অন্যটিতে প্রতিকৃতি হয়ে আছেন কার্ল মার্ক্স।
‘হিসাব-৩’ এ দেখতে পাই দু-পাটি দাঁতের বিবদমান অবস্থা, যাকে আমরা বলি ‘দাঁত-কপাটি’। কাগজে কার্টুনে প্রয়োগ করা সংলাপ-সংকেতে সন্ধান মেলে তীব্র দ্বন্দ্বের। চিত্রপটে মিকালাঞ্জেলোর বীর ডেভিড থেকে আরম্ভ করে অনেক যোদ্ধা ও হাল আমলের সন্ত্রাসীদের ছবিরও আভাস এঁকেছেন শিল্পী। রিপনের এই ছবি নানা প্রতীকের মাধ্যমে তবে কি বলছে সেই আপ্তবাক্য—‘জোর যার মুল্লুক তার’?
ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে রিপন এঁকেছেন মানুষের হানাহানি ও বিদ্বেষের গল্প। এ গৎবাঁধা গল্প থেকে কবে আমাদের মুক্তি মিলবে, সেটি হয়তো কেউ জানি না আমরা। কেবল এটুকু জানি, সামাজিক নানা অসংগতির বিপক্ষে শিল্পীরা ফুঁসে ওঠেন সব সময়। ৩০ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২৩ মে পর্যন্ত।