মকবুল ফিদা হুসেন
২০১০ সালে বাংলাদেশের এশীয় দ্বিবার্ষিক আন্তর্জাতিক প্রদর্শনীর বিচারক হিসেবে ছিলেন ভারতের কিউরেটর ও সমালোচক সুষমা বাহল। আমিও ছিলাম বিচারকদের একজন। সুষমার সঙ্গে আলোচনার একপর্যায়ে হুসেনের প্রসঙ্গ উঠতে তিনি বললেন, সম্প্রতি তিনি দুবাই ঘুরে এসেছেন এবং হুসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বললেন, ‘আমি তাঁকে বললাম যে শিগগিরই আবার আমি দুবাই আসব, আপনার জন্য ভারত থেকে কী নিয়ে আসব? উত্তরে হুসেন বলেছিলেন, “ব্রিং মি সাম ফ্রেশ এয়ার ফ্রম ইন্ডিয়া।”’ বাক্যটি আমাকে ভীষণভাবে স্পর্শ করল। একজন শিল্পীর দেশপ্রেম কতটা নিখাদ হলে নানাভাবে হেনস্তা হওয়ার পরও স্বদেশের জন্য এমন মর্মস্পর্শী আকুতি প্রকাশ করতে পারেন!আন্তর্জাতিকভাবে সবচেয়ে পরিচিত ভারতীয় শিল্পী মকবুল ফিদা হুসেন ৯ জুন প্রয়াত হলেন ৯৫ বছর বয়সে; স্বেচ্ছানির্বাসনে, লন্ডনের একটি হাসপাতালে। বয়সের বিবেচনায় এতে আক্ষেপের কিছু নেই। হুসেনের জীবনে অপ্রাপ্তির খেদও হয়তো তেমন ছিল না। কিন্তু শিল্পীর শেষ জীবনে তাঁর প্রতি কিছু ধর্মীয় উগ্রপন্থী ভারতীয়ের অন্যায্য আচরণের ক্ষোভ তাঁকে না করলেও বিবেকবান সব মানুষকে অবশ্যই স্পর্শ করেছে। এমনকি মৃত্যুর পর ভারতের মাটিতে সমাহিত হওয়ার যে আকুতি তিনি প্রকাশ করে গেছেন, তার প্রতি ভারত সরকারের ঔদাসীন্যও হতাশাজনক।হুসেনকে আখ্যা দেওয়া হয়েছে ‘ভারতের পিকাসো’। এমন তুলনা হয়তো অপ্রয়োজনীয়। তবে বলতে হয়, তুলনাটি নানা অর্থে সুপ্রযুক্ত। এমনটিও হয়তো বলা যেতে পারে, চরিত্রের বর্ণাঢ্য আর সৃষ্টির বিপুলতা ও বৈচিত্র্যে দৃশ্যকলার জগতে পিকাসোর পর হুসেনের মতো কোনো উদাহরণ চট করে চোখে পড়ে না। তাঁর চিত্রকর্মের সংখ্যা ৬০ হাজারের মতো বলে উল্লেখ করা হয়। এর বাইরে রয়েছে ছাপাই ছবি, আলোকচিত্র আর তাঁর সৃজনকৃতির আরেকটি উল্লেখযোগ্য ক্ষেত্র চলচ্চিত্র। এসব ছাপিয়ে অনেক সময় তাঁর ব্যক্তিগত সাজপোশাক, আচরণ, জীবনপ্রণালি ইত্যাদিই তাঁকে করে তুলেছে অধিক পরিচিত ও আকর্ষণের বস্তু। মনে হয়, এ সম্পর্কে তিনি নিজেও ছিলেন যথেষ্ট সচেতন এবং নিজেকে চাহিদামতো উপস্থাপনের শিল্পটিও ভালোই আয়ত্ত করেছিলেন। একেবারে বৃদ্ধ বয়সেও তাঁর ঋজু ও দীর্ঘ ছিপছিপে শরীর, ধবধবে সাদা দীর্ঘ চুল ও শ্মশ্রু, নিজস্ব মত, পোশাক, খালি পায়ে চলন, খোলামেলা কথাবার্তা, চলচ্চিত্রের কোনো কোনো নায়িকার প্রতি মুগ্ধতার অকপট স্বীকৃতি—সবই তাঁর স্বতন্ত্র প্রতীক চিহ্ন হয়ে জীবদ্দশাতেই তাঁকে প্রায় কিংবদন্তির নায়কে পরিণত করেছিল। আধুনিক ভারতের আর কোনো চিত্রশিল্পী তাঁর মতো পরিচিতি অর্জন করেননি। এই বয়সেও সমকালের দৃশ্যকলার বৈশ্বিক পরিমণ্ডলে তিনিই ভারতের সবচেয়ে প্রাণস্পন্দিত প্রতিনিধি।মকবুল ফিদা হুসেনকে আমি একবারই সামনাসামনি দেখেছি। সেটি সম্ভবত ১৯৮০ সাল। আমি তখন ভারতের বরোদার শিক্ষার্থী। ফ্যাকাল্টির মূল প্রদর্শনী কক্ষে হুসেনের একক প্রদর্শনী হবে; সাজ সাজ ব্যস্ততা চলছে কয়েক দিন ধরে। অবশেষে এল উদ্বোধনের দিন। বিকেলে হুসেন নিজেই করবেন উদ্বোধন। দুপুর থেকেই ফ্যাকাল্টির চত্বর শিল্পী-শিক্ষক-শিল্পপ্রেমী-ছাত্র আর কৌতূহলী জনতায় গিজগিজ। আমরা ঠাঁই করে নিলাম প্রদর্শনীর ঘরের দোতলার রেলিংয়ে, যেখান থেকে নিচের উদ্বোধনের কক্ষটি দেখা যায়। শিল্পী এলেন তিনটি অ্যাম্বাসেডর গাড়িতে। একা নন, সঙ্গে এক দঙ্গল লোক। তাঁদের বেশির ভাগ সাহেব-মেম, তা ছাড়া সাংবাদিক, আলোকচিত্রী, ভিডিও গ্রাহক, ব্যক্তিগত সহকারী প্রমুখ। উদ্বোধনের ঘরে ইজেলে ক্যানভাস বসানো, তাতে কিছু এঁকে উদ্বোধন করবেন শিল্পী। হামলে পড়া মানুষের ভেতর দিয়ে এলেন তিনি। শীর্ণকায়, দীর্ঘদেহী, সাদা চুল-দাঁড়ি, খালি পা, মুখে স্মিত হাসি। রংতুলি নিয়ে কিছু একটা আঁকলেন, সই করলেন, সামান্য কিছু বললেন, মানুষের কোলাহলে কিছুই শোনা গেল না। শেষ করেই গাড়িতে উঠলেন, সাঙ্গোপাঙ্গ নিয়ে চলে গেলেন। একজন চিত্রশিল্পী যে এ রকম মিথ আর সেলিব্রেটি হয়ে উঠতে পারেন, আধুনিক ভারতের দৃশ্যকলার ইতিহাসে হুসেনই তার প্রথম এবং এখন পর্যন্ত সম্ভবত একমাত্র উদাহরণ। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে (২৭ মে ২০১১) বিবিসিকে দেওয়া তাঁর সাক্ষাৎকারটি দেখতে দেখতে আশ্চর্য হচ্ছিলাম, ৩০ বছর আগে ৬৫ বছরের শিল্পীকে যেমনটি দেখেছিলাম, ৯৫ বছরেও ঠিক তেমনটিই দেখতে আছেন হুসেন। শুধু দেখতে নয়, পুরো সাক্ষাৎকারে তেমনই চটপটে, স্মার্ট, রসিক ও স্পষ্টভাষী। প্রবাসের একাকিত্বের মধ্যেও শারীরিক ও মানসিক সক্ষমতার এ উদাহরণটিও কম কথা নয়।তবে সব রকম বাহ্যিক আভরণ বাদ দিয়ে শুধু চিত্রশিল্পী হিসেবে এম এফ হুসেনকে বিবেচনা করলেও তাঁর স্বাতন্ত্র্য ও গুরুত্ব তেমন কমবে না। একেবারে ভিন্ন এক পরিবেশ থেকে উঠে এলেও এবং মূলত স্বশিক্ষিত শিল্পী হয়েও তিনি নির্মাণদক্ষতার ঘাটতি পূরণ করেছেন নিজস্ব শৈলী গড়ে নিয়ে। চল্লিশের দশকের সূচনায় ফ্রান্সিস নিউটন সুজার নেতৃত্বাধীন বম্বে প্রগ্রেসিভ গ্রুপে যোগ দিলেও তাঁর নজর ছিল নিজস্ব স্বাতন্ত্র্যের চেহারাকে পরস্ফুিট করে তোলার দিকে। নানা জায়গা থেকে তিনি আহরণ করেছেন তাঁর প্রেরণা। কিন্তু শেষ পর্যন্ত নিজের মতো করে তাকে জারিত করে পরিবেশন করেছেন। তাঁর ছবিতে সাধারণভাবে ক্যুবিজমের প্রেরণা ধরা পড়ে। মোটা বহিঃ রেখায় দ্রুত তালে আঁকা আর ছবিতে পরিমার্জনের ঘাটতিও পিকাসোকে মনে করিয়ে দেয়। পিকাসোর মতোই বিবিধ, বিচিত্র উৎস থেকে তিনি আহরণ করেছেন তাঁর বিষয়—হিন্দুধর্ম ও পুরাণ, ইতিহাস, রাজনীতি, সাহিত্য, ব্যক্তিত্ব, সমসাময়িক ঘটনা কোনোটিই তাঁর নজর এড়ায়নি। তাঁর ছবির অধিকাংশই সিরিজ চিত্র। রামায়ণ, মহাভারত থেকে ব্রিটিশ রাজত্বকাল, মহাত্মা গান্ধী থেকে মাদার তেরেসা, ইরাকে মার্কিন আগ্রাসন—সবকিছুই তাঁর সিরিজ চিত্রের বিষয়। অতি স্বল্প সময়ের মধ্যে হুসেন স্বাতন্ত্র্য ও খ্যাতি উভয়ই অর্জন করেন। তবে বিতর্ক ও সমালোচনা কখনো তাঁকে ছেড়ে যায়নি। ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে, তখন ইন্দিরাকে দেবী হিসেবে চিত্রিত করে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন।চলচ্চিত্রকার হিসেবেও হুসেন নিজস্ব বৈশিষ্ট্যে যেমন স্বতন্ত্র, তেমন সমালোচনারও পাত্র হয়েছেন। ১৯৬৭ সালে তাঁর তৈরি প্রামাণ্যচিত্র থ্রু দি আইস অব আ পেইন্টার বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের জন্য গোল্ডেন বিয়ার লাভ করে। চলচ্চিত্রাভিনেত্রী মাধুরী দীক্ষিতের নৃত্যকুশলতার প্রতি তাঁর মুগ্ধতাও তিনি গোপন করেননি। তাঁকে নিয়ে আঁকেন সিরিজ চিত্র। মাধুরীকে নায়িকা করে নির্মাণ করেন চলচ্চিত্র গজগামিনী, যা একই সঙ্গে প্রশংসা ও সমালোচনা কুড়িয়েছে। তাঁর আরেক পছন্দের নায়িকা টাবুকে নিয়ে তৈরি করেন মীনাক্ষী: আ টেল অব থ্রি সিটিজ। তাঁর চলচ্চিত্র নানা রকম মিশ্র প্রতিক্রিয়ার সঞ্চার করলেও তিনি ভয়ংকর বিরোধিতার, এমনকি আক্রমণের লক্ষ্য হয়ে ওঠেন জীবনের শেষ পর্বে, নব্বইয়ের দশক থেকে।১৯৭০ সালে আঁকা হুসেনের নগ্নিকারূপী দুর্গা ও সরস্বতীর চিত্র তখন কোনো প্রতিক্রিয়া সঞ্চার না করলেও ১৯৯৬ সালে একটি হিন্দুত্ববাদী পত্রিকা এটি ছাপে এবং হুসেনের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। এই প্রচারণা ক্রমেই শক্তি অর্জনকারী হিন্দু সাম্প্রদায়িক শক্তি ব্যবহার শুরু করে। ক্রমে ক্রমে এটি তাঁর প্রদর্শনীতে হামলা থেকে তাঁর ওপর শারীরিক হুমকিতে পরিণত হয়। হুসেনের বিরুদ্ধে দায়ের হয় একাধিক মামলা। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। ভারতের শিল্প-সাহিত্য মহল থেকে তাঁর প্রতি সমর্থন জ্ঞাপন করা হলেও সেটি খুব জোরদার ছিল না। ভারতের শক্তিশালী নাগরিক সমাজের মধ্য থেকে সোচ্চার প্রতিবাদের অভাবটিও ছিল হতাশাজনক। ১৯৯৮ সালে উগ্র সাম্প্রদায়িক বজরং দলের লোকজন তাঁর বাড়ি আক্রমণ করে চিত্রকর্মে অগ্নিসংযোগ করে। বিভিন্ন প্রদর্শনী থেকে তাঁর চিত্রকর্ম নামিয়ে ফেলা হয়। তাঁর ‘ভারতমাতা’ ছবির জন্য ২০০৬ সালে আবার তাঁর বিরুদ্ধে মামলা হয় ও জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে হুসেন দেশত্যাগ করেন এবং কাতার ও যুক্তরাজ্যে প্রবাসজীবন বেছে নেন। এর মধ্যে মুসলিম উগ্রপন্থীরা তাঁর চলচ্চিত্র মীনাক্ষী: আ টেল অব থ্রি সিটিজ-এর একটি গান নিয়ে আপত্তি করলে এটিরও প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। অব্যাহত হুমকির মুখে দেশে আর ফিরতে না পারলেও হুসেন দেশের জন্য তাঁর ব্যাকুল আকুতি বারে বারেই ব্যক্ত করছেন।হুসেনের চিত্রকর্ম ভারতের সমকালীন শিল্পধারায় নিজস্ব একটি ঘরানা নির্মাণ করেছে। তিনি পশ্চিমের আধুনিক প্রকরণকে গ্রহণ ও বেশ কয়েকজন পশ্চিমা শিল্পীর দ্বারা অনুপ্রাণিত যেমন হয়েছেন, একই সঙ্গে ভারতের ঐতিহ্যকে সমকালের চিত্রধারায় এত বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহারও অন্য কোনো শিল্পী করতে পারেননি। এ ক্ষেত্রে এম এফ হুসেন ভারতের চিত্রশিল্পের ইতিহাসের পাতায় স্থায়ী আসনই পাবেন। প্রবাসজীবনে হুসেনের দেওয়া একাধিক টেলিভিশন সাক্ষাৎকার দেখার সুযোগ হয়েছে। সর্বত্রই লক্ষ করেছি, তিনি কখনোই তাঁর বিরুদ্ধবাদীদের প্রতি কোনো আক্রমণাত্মক মন্তব্য করেননি। বরং তাঁর স্বভাবসুলভ পরিহাসের সঙ্গে তাদের অজ্ঞতাকে উদার দৃষ্টিতে বিবেচনা করেছেন। এই মানবিক গুণটিও উপেক্ষার নয়। প্রবাসজীবনেও ৯০-ঊর্ধ্ব বয়সের এই শিল্পী ব্যক্তিগত শারীরিক সীমাবদ্ধতা, নৈঃসঙ্গ্য ও মানসিক যন্ত্রণা সম্পূর্ণ উপেক্ষা করে একের পর এক সৃষ্টিকর্ম উপহার দিচ্ছিলেন। তাঁর সাম্প্রতিক দুটি বৃহদাকার সিরিজ-পরিকল্পনা ছিল ‘ভারতীয় সভ্যতা’ ও ‘আরব সভ্যতা’; কাতার সরকারের পরিকল্পনা ছিল এ সিরিজমালার জন্য একটি স্বতন্ত্র জাদুঘর নির্মাণের। এ সিরিজ দুটি তিনি সমাপ্ত করতে পেরেছিলেন কি না, আমাদের জানা নেই। মকবুল ফিদা হুসেনের জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে যত বিতর্কই থাক, তাঁর ছবির গুণগত বিচারেও সমালোচনার পরিসর থাকতে পারে। তবে এটুকু আমরা নির্দ্বিধায় বলতে পারি, দীর্ঘ জীবনব্যাপী তিনি অঙ্গীকারাবদ্ধ থেকেছেন শিল্পের প্রতি, অফুরান সৃষ্টিশীলতার প্রতি, তাঁর দেশ ও মানুষের প্রতি। এই ব্যতিক্রমী মানুষটির প্রতি আমরা এটুকু শ্রদ্ধা নিবেদন করতেই পারি।