শিল্পের নান্দনিক ভূমিতে বিচরণের স্নিগ্ধ সকালে শিল্পী আবুল বার্ক আলভী বাঙালির শ্রেষ্ঠ সময় মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন। দেশ, সমাজ ও জনমানুষের প্রতি তীব্র মমত্ববোধ ধারণ করে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযোদ্ধা শিল্পী আবুল বার্ক আলভী তাঁর শিল্পকর্মে সেই বিভীষিকাময় অভিজ্ঞতাকে ব্যক্ত না করে সবুজ-সুফলা দেশকে প্রতিনিয়ত মূর্ত করে চলেছেন। তাঁর অনুভূতির স্ফুরণ রেখা, রং, বুনট ও বিন্যাসে স্পষ্ট হয়ে ওঠে। তাঁর শিল্পচেতনায় মৃত্তিকা ও সবুজ প্রান্তর নিসর্গ বিমূর্ত প্রকাশবাদিতায় পরস্ফুিট হয়। বিধ্বংসী মনোভাবের বদলে স্নিগ্ধ প্রকৃতির অনুরণন নানা বিমূর্ত আঙ্গিকে বিন্যস্ত তাঁর চিত্রপটে। ‘ফ্রম দ্য নেচার’ শিরোনামের এই চিত্রকর্মে অপরূপ নীল-সবুজ-হলুদ-সাদা-লাল রঙের জ্যামিতিক বিভাজনে অপূর্ব এক আনন্দময় প্রকৃতির সম্ভার ফুটে ওঠে। চিরায়ত বাংলার প্রান্তর, নৈসর্গিক নিমগ্নতা ও স্মৃতিময় অভিজ্ঞতার স্বতঃস্ফূর্ততা উজ্জ্বল দৃশ্যপটে বিধৃত। স্বপ্ন আর বাস্তবতার প্রগাঢ় দ্বন্দ্বময় অনুভব, সংঘাত, কল্পনার বিস্তার, ওয়াশ মাধ্যমে অনন্য অঙ্কনশৈলী, উজ্জ্বল রং, বিমূর্ত আঙ্গিক আর অন্তর্নিহিত অভিব্যক্তিতে সমৃদ্ধ শিল্পী আলভীর এই শিল্পকর্ম। প্রকৃতি, জনজীবন ও ঘরবাড়ি—জীবনযাপনের এমন নানাবিধ অনুষঙ্গ এই চিত্রকর্মে ফুটে উঠেছে ঋদ্ধ মননের সরল মাধুর্য। আপাতদৃষ্টিতে বিমূর্ত মনে হলেও অনুসন্ধানী শিল্পমনন চিরায়ত বাংলায় অবগাহনের আস্বাদ অনুভব করে।শিল্পী আলভীর রং, রেখা ও কম্পোজিশনে সৃজনশীল চেতনার প্রয়োগে তৈরি হয় নতুন এক নান্দনিক অভিঘাত। ফর্মের নতুন বিন্যাস ও কোমল বর্ণ প্রয়োগে তাঁর কাজে ছড়িয়ে থাকে সজীব প্রশান্তি। বাংলার প্রকৃতি তাঁর শিক্ষক। এখানে রুক্ষতা ও হতাশার বদলে জল ছলছল প্রাণোচ্ছল বর্ণময়তা গুনগুনিয়ে ওঠে। তাঁর চিত্রকলা সমকালীন বাংলার মানবিক সৌন্দর্যের আত্মমগ্ন উপাসনা।শিল্পী আবুল বার্ক আলভী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের প্রধান। এ ছাড়া তিনি জয়নুল শিশু নিকেতনে নতুন প্রজন্মকে শিল্পশিক্ষার হাতেখড়ির মাধ্যমে দেশের শিল্প বিস্তারে নিভৃতে কাজ করে চলেছেন।