মণিপুরি ঐতিহ্যের জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরিরা তিন ভাগে বিভক্ত হলেও নিজেদের সংস্কৃতি সংরক্ষণে বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ মণিপুরি সম্প্রদায় খুব সচেতন। তারা জীবন-জীবিকার মধ্যেও ধরে রেখেছে নিজেদের ঐতিহ্য। এমনই একটি অসাধারণ নিদর্শন ‘চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম’, যাকে একনামে সবাই জানে প্রতিষ্ঠাতার নামকরণে হামোম তনুবাবুর মণিপুরি জাদুঘর হিসেবে। বাংলাদেশ তথা আদিবাসী সম্প্রদায়ের প্রথম ও একক জাদুঘর এটি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের এক শান্ত ও ছায়াসুনিবিড় এলাকায় এই জাদুঘরের অবস্থান। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের যাবতীয় ব্যয়ভার বহন করেন প্রতিষ্ঠাতা মণিপুরি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামোম তনুবাবু। এই জাদুঘর প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগী হওয়ার পেছনে মূলত কাজ করেছে ২০০৬ সালে ঢাকায় ‘বাংলাদেশের লোকসংস্কৃতি শনাক্তকরণ ও মূল্যমান নির্ধারণ এবং মেধাস্বত্ব সংরক্ষণ’ শীর্ষক একটি সেমিনার। এই সেমিনারে মণিপুরি লোকসংস্কৃতির ওপর প্রবন্ধ উপস্থাপনের আমন্ত্রণ পেয়ে তনুবাবু বিভিন্ন মণিপুরি-অধ্যুষিত এলাকা ঘুরে নানা তথ্য সংগ্রহ করতে যান। তখন মণিপুরি লোকসংস্কৃতির অনেক নিদর্শন তাঁকে ভাবনা জোগায়।তিনি নিজ বাড়ির আঙিনায় গড়ে তোলেন এই সংগ্রহশালা। ইতিমধ্যে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক নিভৃত পল্লিতে মণিপুরি জাদুঘরটি পরিদর্শনে এসেছেন। জাদুঘরে স্থান পেয়েছে ১১৬ ধরনের ১৭১টি নিদর্শন। ২০০৭ সালের ১২ মে মণিপুরি বিভিন্ন ঐতিহ্য ও নিদর্শন দিয়ে সাজানো এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও গবেষক নূরুল হুদা। এই জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রাচীন ঐতিহ্য ও নিদর্শনের মধ্যে রয়েছে প্রাচীন যুগে মণিপুরিদের নিত্যব্যবহার্য কাঁসা-পিতলের কলস, জগ-গ্লাস, মগ, থালাসহ বিভিন্ন খাবার পাত্র, সোনা, রুপা এবং বিভিন্ন ধরনের ধাতব পদার্থে তৈরি মণিপুরি মেয়েদের ব্যবহার্য বিভিন্ন ধরনের গয়না ও সাজসজ্জার উপকরণ, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরনের ঝুড়ি, চালুন, ডালা, খলই, ছাতা, হাতপাখা, টুপি, মাছ ধরার দুওড়, পলো, শুকনো খাবার রাখার পাত্র, কাঠের তৈরি চিরুনি, তাঁতে কাপড় বুননের সরঞ্জাম, তাঁতে বোনা বিভিন্ন রং ও নকশার শাড়ি, গামছা, শালসহ বিভিন্ন উৎসবে ব্যবহার্য বিভিন্ন ধরনের পোশাক, বসার টুল, কৃষিকাজে ব্যবহূত উপকরণ, ঢোল, তবলাসহ গান গাওয়ার বিভিন্ন প্রাচীন বাদ্যযন্ত্র এবং মণিপুরি সম্প্রদায়ের ব্যবহূত নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন বস্তু। এসবের অনেক কিছুই এখন বিলুপ্তপ্রায়। সবার জন্য উন্মুক্ত এই জাদুঘর সপ্তাহের সাত দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা রাখা হয়। তবে এই জাদুঘরে প্রবেশে কোনো ফি দিতে হয় না।