মধু ও চন্দ্রা
আহ্লাদ অথবা মনস্তাপের দিনগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি পান করে মধু। অবশ্য তার নিত্যদিনের পানপর্বই বন্ধুদের জন্য ভীতিজাগানিয়া। অধুনা মধুর আহ্লাদপর্ব। এক্ষণে সে জন্মভিটার পার্শ্ববর্তী নদীটির তীরে প্রাচীন বৃক্ষের নিচে পানোপাচার সমেত একাকী কিন্তু সাড়ম্বরে বিরাজমান। অনেক দিন পরে প্রবাসী সন্তানকে কাছে পেয়ে বৃক্ষেরা পরম মমতায় শাখা দুলিয়ে বাতাস জোগায়, নদী ঢেউয়ের নাচ দেখায়, অজানার দিকে যেতে থাকা কুচুরিপানারা ফুলের মুকুট দুলিয়ে ‘হ্যালো’ বলে যায়। পাখিদের সংগীতের কথা বলাই বাহুল্য। এসব সম্ভাষণ, এসব ভালোবাসা অবশ্য মধুকে ঠিক সেভাবে স্পর্শ করে না; এসবে বিগলিত হওয়াটা মধুর সাহেবিকেতার অনুকূলও হয় না। তবে মহানগরের অভাব-আক্রান্ত বাসগৃহের গুমোট কিংবা সহবত না-জানা ধনী বন্ধুদের মুখর অথচ নিরানন্দ সঙ্গের প্রাত্যহিকতার তুলনায় শেষ দুপুরের অনির্ধারিত এই পানপর্বটি মধুর কাছে অসাধারণ লাগে। সামান্য কয়েক দিনের জন্য হলেও দেশের বাড়ি আসাটা এবার উপভোগ করছে সে। অবশ্য কিছুদিন ধরে মধুর জীবন বলতে গেলে বেশ মধুময়; যারা জানে তারা জানে যে প্রাপ্তবয়সে এমতপরিস্থিতি মধুর জীবনে খুব বেশিবার আসেনি। মধু এখন বাংলা সাহিত্যের রাজা। দত্তকুলোদ্ভব মাইকেল মধুসূদন ডাট এখন সাঁইত্রিশ। মেঘনাদবধ পাঠে বিমোহিত শহর কলিকাতার সুশীল সম্প্র্রদায়ের পক্ষে বিদ্যোৎসাহিনী সভা কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় পঠিত মানপত্রে মধুকে উদ্দেশ্য করে বলা হয়, ‘আপনি বাঙ্গালা ভাষায় আদি কবি বলিয়া পরিগণিত হইলেন, আপনি বাঙ্গালা ভাষাকে অনুত্তম অলঙ্কারে অলঙ্কৃৎ করিলেন, আপনা হইতে একটি নতূন সাহিত্য বাঙ্গালা ভাষায় আবিষ্কৃত হইল।’ মুগ্ধ বিদ্বৎসমাজ আরও বলে, ‘আপনা কর্ত্তৃক যেন ভাবী বঙ্গসন্তানগণ নিজ দুঃখিনী জননীর অবিরল বিগলিত অশ্রুজল মার্জ্জনে সক্ষম হন। তাঁহাদিগের দ্বারা যেন বঙ্গভাষাকে আর ইংরেজি ভাষা সপত্নীর পদাবনত হইয়া চিরসন্তাপে কালাতিপাত করিতে না হয়।’ চারদিক থেকে নাইয়ে দেওয়া এহেন প্রশস্তি মধুর বেশ লাগে। অবশ্য তাকে ঘিরে কলিকাতার হট্টমালা একটা সময়ে এসে নেটিভ আনস্মার্টনেস মনে হতে থাকলে সে ছুট লাগায়। সারা জীবন পশ্চিমমুখী হলেও এবার পুব তাকে টানে। কে জানে কেন? অজানা টানে মধু জন্মভিটা সাগরদাঁড়িতে। সুপার সেলিব্রেটি হয়ে ওঠা মধু সপরিবারে বাড়ি এসে ধন্য করছে জ্ঞাতি-পরিজনদের। অবশ্য এদের কেউ কেউ তাকে সম্পত্তির নায্য পাওনা থেকে বঞ্চিত করতে চায় বলে খবর আছে তার কাছে। বিলেতি সুধাতে আমোদিত মধু এই অপরাহ্নে এসব মনে করতে চায় না। সে মগ্ন আছে কাব্যলক্ষ্মীকে আরও একবার বশীভূত করার ভাবনাতে। সামনে প্রকাশিত হবে বীরাঙ্গনা। মধুর শৈশবের দিনগুলোর মতোই কপোতাক্ষের দুপারে ঘন কাশবন; সুখ ও অসুখে ভরা গ্রাম। ছোটবেলায় নৌকা চড়ে ওপারে যাওয়াটা ছিল মধু ও অপরাপর বালকদের জন্য বিশেষ একটি শখ পূরণ। এবার তেমন কিছু মনে আসেনি। গেলাসে প্রলম্বিত-বিলাসী চুমুক দিতে দিতে কপোতাক্ষ তীরের অপরাহ্নটি উপভোগ করতে থাকে মধু। আরও মুগ্ধতার সন্ধানে নিবিষ্ট হতে থাকার এক ক্ষণে কাশবনের শুভ্রতাকে ম্লান করে দেওয়া এক নারীমূর্তি দৃষ্টিগোচরে আসে তার। নিজেকে আশ্চর্য করে দিয়ে নিজের ভেতরে ‘অনাদিকালের বিরহ বেদনা’ শুনতে পায় মধু। পলকে সে প্রেমে পড়ে যায় এই শুচিস্মিতার। ঘরে হেনরিয়েটা রয়েছে। সীতা আছে, প্রমীলা আছে; মেঘনাদবধ-এ এদের সে এঁকেছে নিজের মতো করে। কিন্তু এখন মধুর কেমন যে লাগতে থাকে। লাভ রানস ব্লাইন্ড। ‘কে তুমি? তোমার ঘর কোথায়?’ চিরদিনের উদ্ধত-বাক মধুর কণ্ঠ যথাসম্ভব মোলায়েম। ‘আমি চন্দ্রা। সেই কবে আমি থাকতাম ভাটির দেশে।’ নিঃসংকোচ, নিঃসংশয় উত্তর আসে। ‘তবে তুমি কোথায় থাকো এখন? কে আছে তোমার?’ ত্বরায় সব জেনে নিতে আকুল হয় দত্তসুত। ‘আমার আছি আমি। আমি পৃথিবীর পথে হাঁটছি। আমি খুঁজছি আমার প্রিয়সখা জয়কে। বিধির বিলাসে আমাদের প্রণয় একদিন ছত্রখান হয়ে গিয়েছিল, কবিবর।’চন্দ্রার উত্তরে তুমুল-অসুখী প্রাণ বলে, ‘তুমি আমায় চেনো?’ ‘সাহিত্যের বঙ্গেশ্বর তুমি। তোমাকে প্রণাম জানাই শ্রীমধুসূদন। তোমাকে পেয়ে কত প্রশ্ন যে মনে জাগছে।’ বঙ্গেশ্বর সম্বোধনে মধুর ভেতরে হঠাৎ জন্ম নেওয়া প্রেমিকপ্রবর ছুটি নেয়। মধু ফিরে আসে মধুতে। এখন সে প্রস্তুত প্রভূত—যৌবনা গুণমুগ্ধার স্তব-স্তুতি শ্রবণ করত নিজের সন্তুষ্টি বিধানে। ‘থেমো না চন্দ্রা। থেমো না। কোনো বাঙ্গালী নারীতে আমি সেভাবে হইনি মুগ্ধ কখনো। কিন্তু বুঝতে পারছি না আজ কি হয়েছে আমার! বলো, বলো, কী তোমার জানার বাসনা?’‘কী বলি তোমায়? অধুনা বাঙ্গালা সাহিত্যের প্রধানপুরুষ তুমি। শুধু জানতে ইচ্ছে করে কী হেতু তুমি নারীরে দেখতে চাও পুরুষের অধস্তনরূপে? পাপের আধার হিসাবে? পুরুষ কেন মূলব্যান নারীর চেয়ে, তোমার কাছে? কী হেতু? অপরাধ নিয়ো না। অনুল্লেখ্য এক ব্যক্তি আমি, তায় নারী। তবু জিজ্ঞাসা করি, চরিত্রচিত্রণে এহেন সীমাবদ্ধতা কি তোমায় সাজে, মধুবাবু?’ এই অজ্ঞাতকুলশীলার বাকবিস্তারে স্তম্ভিত হয়ে যায় শ্রীমধুসূদন দত্ত। প্রথম যৌবনে বঙ্গের অন্যতম প্রধান ইয়ংবেঙ্গল। সারা জীবন উলটো পথের পথিক হতে পারার গর্বে সদাগর্বিত এক ব্যক্তিত্ব। অথচ আজ তার জ্ঞানকাণ্ড প্রশ্নের মুখে কে এক চন্দ্রার বিচারে! গুণী সমাজের প্রশংসাস্নাত সৃষ্টিকর্ম নিয়ে প্রশ্ন উত্থাপনকারীর প্রতি প্রচণ্ড ক্রোধ হয় মধুসূদনের। কিন্তু প্রশ্নকর্ত্রীকে মূঢ়, গ্রাম্যবালিকা আখ্যা দিয়ে সস্নেহে অথবা অহংকার ভরে এড়িয়ে যাওয়ার সাহস হয় না তার। ‘কী প্রমাণ দিতে পারো তুমি?’ ‘প্রমাণ কিংবা অপ্রমাণ কোনোটিই গুরুত্ববাহী নয়। মিনতি করি, মধুবাবু। একবার ভেবে দেখো, তোমার অমর সৃষ্টি মেঘনাদবধ-এ তুমি কী মূর্তি গড়েছ সীতার, কী মূর্তি গড়েছ প্রমীলার? আর নরকবাসী নারীকুলের?’‘আমাকে আর হাসিও না, আমাকে আরও ক্রুদ্ধ করে তুলো না; এই আমার অনুরোধ চন্দ্রাদেবী। অহো ঈশ্বর! চরিত্রচিত্রণে মাইকেল মধুসূদনের ভুল ধরছে এক গ্রাম-প্রমীলা! “রঙ্গভরা বঙ্গদেশ” বটে।’‘তোমার অহমিকা, তোমার ক্রোধ তোমার কাছেই থাকুক। কিন্তু প্রশ্নের হাত হতে আজ তোমার মুক্তি নাই। শোনো বলি, আমার অনুভব। তুমি নতুন ধর্মে দীক্ষা নিয়েছ প্রথম যৌবনে। ধর্মান্তরের পূর্বেও তুমি শাস্ত্রানুগ জীবন পালন করোনি এতটুকু। দৃশ্যত ইউরোপী বিদ্যার ধারে বিদীর্ণ করেছ নানাবিধ প্রথা ও রীতি। সব সত্য। কিন্তু এ-ও সত্য বটে, যুগ-যুগান্তরের মজ্জাগত সংস্কার ও সংস্কৃতি তুমি উপড়াতে পারোনি সমূলে। ওরা তোমার মধ্যে অনেকাংশে রয়ে গেছে, শ্রীমধুসূদন।’‘তোমার ভাষণ সাঙ্গ হয়েছে কি?’ ‘কেমন করে সাঙ্গ হবে? তুমি না প্রমাণ চেয়েছিলে? স্মরণ করো, মধুসূদন, লঙ্কেশ্বর রাবণের মহাবীর পুত্র মেঘনাদের সাথে সম্মুখ-সমরে কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণকে হারানোর ভয়ে তোমার সৃষ্ট রামচন্দ্রের কাতরোক্তি। শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক বিভীষণকে উদ্দেশ করে তিনি বলছেন, “নাহি কাজ, মিত্রবর, সীতায় উদ্ধারি। ফিরি যাই বনবাসে।” তার ক্ষণিক আগে কনিষ্ঠ বিয়োগের আশঙ্কায় আশঙ্কিত জ্যেষ্ঠের উক্তিটিও উল্লেখ্য, “স্মরিলে পূর্বের কথা রক্ষঃকুলোত্তম, আকুল পরান কাঁদে! কেমনে ফেলিব এ ভ্রাতৃ রতনে আমি এ অতল জলে?” বঙ্গীয় বিদ্বৎসমাজের হূদয়হরণকারী শ্রীমধুসূদন, এই তোমার মীমাংসা! বিস্ময় মানি। একদিকে রাখলে শোকাকুলা জানকীরে, রামচন্দ্রের স্মরণে কাটে অহর্নিশি যার অশোকবনে। অন্যদিকে থাকল দেবতার বরে বলীয়ান লক্ষ্মণ। তবুও “সহসা আকাশ-দেশে, আকাশ-সম্ভবা সরস্বতী”র নিনাদ শুনে লক্ষ্মণের নিরাপত্তা নিশ্চিত হবার আগে লঙ্কাবিজয় তথা সীতা উদ্ধারে এক পা নড়ে না তোমার রামচন্দ্রের। ভাইয়ের জন্য পত্নী বিসর্জনে উদ্ধত রামের চরিত্রচিত্রণ থেকে মহত্ত্বের কী চিত্র খুঁজে নিতে পারি?’মধুসূদন বলে চন্দ্রাকে, ‘তুমি বুঝবে কিনা আমি জানি না, তবু বলি—পূর্বাপর বিশ্লেষণ না করে বিচ্ছিন্নভাবে একটি ঘটনার বর্ণনা দিয়ে আমাকে প্রতিক্রিয়াশীল প্রমাণের এই চেষ্টা ভ্রান্ত।’ ‘আমি বুঝতে পারব না ধরে নিয়ে কাতর হয়ে পোড়ো না, মধুবাবু। বিদ্যাধর তুমি, বোঝালেই বুঝব। কিন্তু আমি তোমায় বিচ্ছিন্নভাবে উপস্থাপন করছি না। লঙ্কেশ্বরকে বড় দেখানোর প্রয়োজনে ভাইয়ের জন্য ধর্মপত্নীকে বিসর্জন দিতে রামচন্দ্রকে উদ্যত করার মধ্যে সীমাবদ্ধ থাকেনি তোমার মসীচালনা। দেবতার পক্ষপাতে লক্ষ্মণের হাতে অন্যায়-সমরে নিহত বীরবাহু মেঘনাদের পত্নী প্রমীলার জন্য তুমি আয়োজন করেছ সহমরণের। তোমার হাতে পড়ে, মধুবাবু, তোমার হাতে পড়ে প্রমীলা সুন্দরী বলে, “পতি বিনা অবলার কি গতি জগতে?” মনে তার সহমরণে যাবার আনন্দ! তোমার ভাষায়, “চিতায় আরোহী সতী (ফুলাসনে যেন!) বসিলা আনন্দমতি পতি-পদতলে।” লক্ষ করে দেখো, মধুসূদন, প্রমীলাকে সহমরণে পাঠানোর মধ্যে চরিত্রচিত্রণের প্রয়োজনীয়তার যুক্তি একেবারেই চলে না। আচ্ছা, এ কথা লেখার সময় তোমার ইয়ংবেঙ্গলিয়ানা কোথায় ছিল, মধুসূদন দত্ত? তবু কিছু ধন্যবাদ পাবে তুমি। তোমার মনুষ্যবৃত্তি তোমাকে বাঁচিয়ে দিয়েছে রক্ত-মাংসের প্রমীলাকে অগ্নিভস্ম করার পাপ থেকে। কৈলাসপতি শিবকে দৃশ্যপটে হাজির করে প্রমীলাকে তুমি দেবরাজ ইন্দ্রের রথে চড়িয়ে মর্ত্যলোক থেকে “দেবলোকে” পাঠিয়ে দিয়েছ। প্রমীলার জন্য চিতা সাজিয়ে যে ঘোর অপরাধ করেছিলে তার ভার কিছুটা লাঘব হয়েছে তোমার।’ চন্দ্রার ভাষণের জবাবে বাকস্ফূর্তি ঘটে না মধুর। নিজের মধ্যে ঘোরতর তোলপাড় দেখা দেয়। বোধে ও প্রজ্ঞায় অন্য সবার চেয়ে যোজন যোজন এগিয়ে থাকার অহমে ঘা লাগে। কিন্তু চন্দ্রার নিক্ষিপ্ত বাক্যবাণ প্রতিহত করার মতো আয়ুধ হাতড়ে পায় না সে। অগ্রাহ্য করতে না পেরে ভেতরে ফুঁসতে থাকা ক্রোধের আগুন থেকে অহংকারের জ্বালানিগুলো স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়; যুক্তিহীন পুরুষকার এসে স্থান নেয় সেখানে। চন্দ্রার পরবর্তী কথাগুলো সেভাবে কানেও যায় না মধুসূদনের। বক্তব্য উপস্থাপনকারিণীর দিকে পেছন ফিরে দাঁড়ায় সে।তখন কণ্ঠে যথাসম্ভব করুণা সঞ্চার করে চন্দ্রা বলে, ‘যমপুরীতে পাঠিয়েও নারীকে যত অনিষ্টের মূল সাব্যস্ত করা থেকে বিরত থাকতে পারলে না কেন, দত্তপুত্র? কেন এই রোষ? একি সচেতন? নাকি সঞ্চিত আছে অবচেতনে? নিজের অজ্ঞাতে? দেখো তুমি কী লিখেছ, নরকবাসিনী নারীদের দেখিয়ে মায়াদেবী রামচন্দ্রকে বলেছে, “এই যে নারীকুল, রঘুমনি, দেখিছ সম্মুখে, বেশভূষাসক্তা সবে ছিল মহীতলে। সাজিত সতত দুষ্টা, বসন্তে যেমতি বনস্থলী, কামী-মনঃ মজাতে বিভ্রমে কামাতুরা”। ‘নারী একাধারে “দুষ্টা” ও “কামাতুরা”? সে সতত প্রয়াস চালিয়ে যায় পুরুষেরে “মজাতে বিভ্রমে”? তোমার লেখায় তোমার পরিশ্রমের প্রতিফলন ঘটেছে কি, মধুসূদন? দোহাই তোমার, সাহিত্যিক প্রয়োজনীয়তার দোহাই পেড়ো না। এমনকি হতে পারে যে তোমার পারিপার্শ্বিকের সঙ্গে মেলে না কিন্তু তুমি নারীকে এভাবেই দেখো। জানি আমি, অতি গুরুতর এই সন্দেহ। কিন্তু পাঠক আমি, মধুবাবু। আমার অধিকার আছে তোমার সৃষ্টি আমার পাঠে যেভাবে ধরা পড়ে সেভাবে ব্যাখ্যা করার, নয় কি? সত্য বলো, শ্রীমধুসূদন। কবি তুমি। মহাকবি। বাঙ্গালা সাহিত্যের ইতিহাসে তোমার নাম আজীবনের জন্য খোদিত হয়েছে। অনাগতকালে বাঙ্গালী তোমার নাম উচ্চারণ করবে পরম গৌরবে। সত্য গোপন তোমার জন্য নয়, মধুসূদন।’ ‘দূর হয়ে যাও তুমি!’ সরোষ চিৎকারে কপোতাক্ষ তীরের প্রথম বিকেলের নীরবতাকে ছিন্ন করে মধু। কতগুলো মুহূর্ত কেটে যায়; কোনো সাড়া পাওয়া যায় না। বিরোধিনীর মুখোমুখি হবার লক্ষ্যে পাশ ফেরে মধু। কোথাও কেউ নেই। চন্দ্রাকে কোথাও দেখতে পায় না মধুসূদন। সেদিন দেখতে পায়নি; আর কোনো দিন দেখতে পায়নি। এ কথাও হয়তো মধু জানেনি যে ‘শৈশবের সঙ্গী’ ‘যৈবনকালের সাথী’ জয়ানন্দ অন্যজনে আকৃষ্ট হয়ে চলে যাবার পরে বিরহবিধুর জীবনে চন্দ্রা, কবি চন্দ্রাবতী, রচেছিলেন তাঁর রামায়ণখানি।