প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লখিন্দর নই আমি—পিতা নন দেবীদ্রোহী চাঁদ সদাগর
যার পাপে ব্যর্থ হবে আমার বাসর
তবুও জীবনভর দেখেছি তো সারাঘরে সাপের বসতি
সুতানলি নয় ওরা—তারও চেয়ে ক্ষীণকায় অতি,
মূলত অদৃশ্য সুতো, মাঝেমাঝে মনে হয় বোধেরও অতীত—
যাদের উদ্বাস্তু করে আদিকালে গড়েছেন ভিত
ঘরমুখো পূর্বপুরুষেরা ওরা যেন সেইসব সাপেদের ভূত
কী দারুণ ক্ষিপ্রগতি এবং অদ্ভুত
বিস্তারিত সারা ঘরে, দেহের প্রতিটি ভাঁজে এবং হৃদয়ে;
কবলিত গৃহস্থালি, সারাক্ষণ কাটে ভয়ে-ভয়ে—
সত্তাজুড়ে অহর্নিশ তুলে রাখে শত শত ফণা।
মরণ-ছোবল ভালো−—এরা দেয় খণ্ডমৃত্যু, অসহ যন্ত্রণা!