মনে লয় রাজা হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বইমেলায় বই দেখছেন দর্শকেরা। ছবি: আবদুস সালাম
বইমেলায় বই দেখছেন দর্শকেরা। ছবি: আবদুস সালাম

এবার সাড়ে সাত লাখ বর্গফুট এলাকাজুড়ে আয়োজন করা হচ্ছে অমর একুশে গ্রন্থমেলার। এ বছরের বইমেলার আয়োজন নিয়ে লিখেছেন বাংলা একাডেমির মহাপরিচালক

যত না কৃষ্ণ তার গায়ের বর্ণ, তারও অধিক চোখের খুশি! লেজের গোড়ায় ওত পেতে আছে রোদ এবং তাতে ভেজে সবুজ দূর্বাদল। ও কাক, তুমি যে দাঁড়িয়ে আছ, সে জমিন তো ঢাকতে হবে! নইলে পায়ে-পায়ে উড়বে ধুলো। বুঝি তাই ইট নামছে¾ঝপাৎ! তৈরি হচ্ছে নতুন পথ, সবল চত্বর। কিন্তু বিপত্তির তো অন্ত নেই। ইটে ইটে জোড় না হলে চলাচলে যে ভজকট। তাই বালি ঢেলে তার মুখ বন্ধ করা। তবু কি রেহাই মেলে? এবার বালি সামলাতে হয় জল মেরে। এই যে ঘাস-ইট-বালু-জলের খেলা চলছে,¾তার পিঠেই তো সওয়ার হবে একুশের গ্রন্থমেলা ২০২০।

মাঠের কথা হচ্ছিল, কাঁচা-পাকা গলি খুলে আয়োজন চলছে মেলার। খুদে স্টল, মোটা স্টল, ন্যাড়া স্টলকে ঝাঁকি মেরে হামতাম করে ময়দানে নেমেছে প্যাভিলিয়ন। এই স্টল-প্যাভিলিয়নের যোগসাজশে অসহায় বৃক্ষগুলো লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে ফাঁকফোকরে। পুরো মাত্রার আয়োজন এবার সাড়ে সাত লাখ বর্গফুট এলাকাজুড়ে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে ফেব্রুয়ারি মাসব্যাপী বই চলাচল করবে। স্বাধীনতাস্তম্ভের কাচের প্রতিফলনে সম্মুখের জলরাশি দেখবে পূর্ব-দক্ষিণ-পশ্চিমের আনন্দমেলা। শুরুতে কাকের লেজের টিকিটি না মিললেও ঝরাপালকের ওড়াউড়ির গুম-সংবাদ পাওয়া যাবে অচিরাৎ!

বাংলা একাডেমিতে পেল্লায় শামিয়ানা উঠেছে। রবীন্দ্রচত্বর ছাপিয়ে জসীমউদ্​দীন ভবনের পাশ কাটিয়ে শহীদুল্লাহ্​ ভবন ছুঁই-ছুঁই তার সীমা। পায়ের নিচে ঘন তৃণদল আর পেতে দেওয়া লালগালিচা মিলেমিশে যেন মাসব্যাপী বইমেলা উদ্বোধনের অপেক্ষায়। মাননীয় প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির ২ তারিখ অপরাহ্ণ তিনটায় দুয়ার খুলে দেওয়ার পরই মানুষের ঢল নামবে। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন বুঝি এবার বইমেলার শুরু এক দিন গিলে ফেলল। কিন্তু তারও আগে যে কাঠ-বাঁশ-পেরেক ও রঙের গল্প—তা তো এক সৃজনের মহড়া। শিল্পীর ছবি বাস্তবে রূপ পাবে বইয়ের বিশ্রামস্থল হিসেবে। ক্ষণিকের এই শোভার সঙ্গে কালো অক্ষরের কম্পন এবং সাদা পাতার সৌরভ থাকবে মিলেমিশে। আষ্টেপৃষ্ঠে বাঁধা আছে স্বপ্নের সুদীর্ঘ তালিকা। তারপরও নজর তো অন্যদিকেও যায়। মেট্রোরেলের কাজ চলছে দোয়েল চত্বর থেকে শাহবাগের চৌমাথা। মানে দাঁড়ায়, বইমেলার যাতায়াতে হুজ্জত। সড়কের ওপর রেলসড়ক নির্মাণের এ আয়োজনও তো থামার নয়। তবু যাতে দুই প্রান্তের মধ্যে ফাঁকফোকর রাখা যায়,¾সেই চেষ্টারও ঘাটতি নেই।

দুই

‘মনে লয় রাজা হইয়া মুকুট মাথায় দেই।’ কিন্তু মুকুট মেলে কোথায়? কাগজের শরীরে রংবাহারে তৈরি নানা বই দিয়ে মাথা ঢাকতে পারলেও না হয় কথা ছিল। কিন্তু তা-ও তো হওয়ার লক্ষণ নেই। মাথা যে বন্ধক রাখা অন্য দরবারে। আর সে দরবারের কায়দাকানুনই আলাদা। রাত ফুরোতে না ফুরোতে সেপাই-সান্ত্রির হুংকারে তছনছ হয় ময়দান; আর বেলা যত বাড়ে, দাপট বাড়ে তত! সব ঝুঁকি মাথায় নিয়ে সন্ধ্যা নামে। জনতার পদভারে আকাশের তারাও বুঝি ম্লান হয়ে আসে! তারপরও কোথায় যেন মুকুটের স্বপ্ন উঁকি দিয়ে যায় এবং সে স্বপ্নকে ভর করেই দিনগুলো এগোতে থাকে।

একুশের বইমেলার ঠিক পূর্বমুহূর্তে গত বছরগুলোর আয়োজন যেমন উঁকি দেয়, তেমনি বর্তমানের সম্ভাবনাটি আলো ফেলে সম্মুখে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ সামনে রেখে বইমেলার পরিকল্পনা। তাঁকে ঘিরে যেমন আবেগ আবর্তিত হচ্ছে, তেমনি লেখক-প্রকাশকও তাঁদের সুপ্ত আয়োজনগুলো মেলে দিয়েছেন নির্দ্বিধায়। তুমুল এ কর্মকাণ্ডে প্রকাশিত হবে অসংখ্য গ্রন্থ। ছাপাখানার চাপ কিংবা বাঁধাইয়ের মাপ পার করে নানান বিষয় ঝাঁপ দেবে ফেব্রুয়ারি মাসজুড়ে। কয়েক শ প্রকাশকের কয়েক হাজার বইয়ের অবারিত গতিপথে অপরাহ্ণ থেকে সন্ধ্যারাত ধরা দেবে অন্য রূপে। এবারের মেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। প্রকাশিত হবে শেখ মুজিবুর রহমান বিরচিত গ্রন্থ আমার দেখা নয়াচীন। ২ ফেব্রুয়ারি বেলা তিনটায় মেলার উদ্বোধনী মঞ্চে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটি উন্মোচন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ গ্রন্থ প্রকাশের মধ্য দিয়েই বাংলা একাডেমির বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ গ্রন্থমালা সিরিজের কার্যক্রম শুরু হবে। একে একে সারা মাসব্যাপী আরও ২৬টি গ্রন্থ প্রকাশিত হবে। আর প্রতিদিনই মেলার মূল মঞ্চে থাকবে একেকটি বইয়ের প্রকাশনা-আয়োজন। তার পরই থাকছে কবিতাপাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মযজ্ঞ। একুশ আমাদের চেতনা, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার আর বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয়ের অনন্ত নিশান।

তিন

চাঁদ নিয়ে বেলা ফাঁদ পাতে আর জাদুকর তাতায়। তেমনি মেলা নিয়ে খেলা করে ইঁদুর আর ময়দান শাসায়। পাগলা হিমের মধ্যে কুয়াশারা শর্ষে ফুলে ঝাঁপায়—কবি দেখে। যেদিন আকাশভাঙা ঝড়-জলের দাপট, গায়ক সেদিন তার গানের গলা ভাসিয়ে দেয়। নায়ক তার চুম্বনের অগ্রভাগ রাখে লেখকের কলমে। এই যে মেলবন্ধনের জন্য কতিপয় বিষয় হোঁচট খেতে খেতেও এগোয়, তা একদিন সৃষ্টি হবে। পিঁপড়ের পিঠ চুলকানো ঘাসে জমা হবে ফোঁটা, যার কোনো নির্দিষ্ট বোঁটা থাকতে নেই।

কাদা বাদ দিয়ে যদি কঠিনে আসি—তবে আমাদের লগ্নি করা একচিলতে জীবনে ভালোবাসা ছাড়া আর কী অবশিষ্ট থাকে? আরও থাকে? হয়তো। দশদিগন্তের নামতায় পাতালের হিসাব নেওয়া বড় কঠিন। কত বই যে মেলায় প্রকাশিত হবে, কত প্রেম যে ঘুরপাক খাবে মেলায়, তার একটা খতিয়ান পেলে মন্দ হতো না। ভাজা শব্দগুলো ডাল মাখিয়ে চাখা যেত।

সব এলোমেলোর ভেতরও কিছু সিঁড়ি থাকে যা সাফসুতরো করতে হয়। একুশের এ বইমেলা ঘিরে তাই নানা ধাপের অন্যতম বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার। পুরস্কারটি নিয়ে নিত্য বছর থাকে নানা গুঞ্জন, নানা বাদ-প্রতিবাদ। এ বছর কি এর ব্যতিক্রম ছিল? প্রশ্নটি স্থগিত রেখে বলা চলে, ১০টি শাখায় ১০ জন পুরস্কার পেয়েছেন। গুণ-মান বিচারের কোনো আদি-অন্ত নেই। তবে বাংলা একাডেমি তার সর্বোচ্চ প্রচেষ্টা চালায় পুরস্কার যাতে যোগ্য ব্যক্তির হাতে ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ২ ফেব্রুয়ারি পুরস্কার দেবেন। তাঁদের অভিনন্দন।

চার

যে আশা একদিন কুমারে ভিজিয়ে পদ্মায় ভাসিয়েছিলাম, তা ক্রমে বুড়িগঙ্গা ছুঁয়েছে। বালকের জলের হিসাব বাষ্প হয়ে ঝরেছে কখনো, আবার কখনো যুবকের মেঘরূপে বিজলিকে টোকা দিয়েছে। বার্ধক্য তো এক শিকড়-শুকনো আমলকী বৃক্ষ, যার ফল জল ছাড়া চল পায় না। এক জীবনে জন্মের ও মৃত্যুর মধ্যবর্তী অঞ্চল তাই সর্বদা হু হু করে—ডাক দেয় ভালোবাসা। নেড়েচেড়ে দেখতে হয় মাটি ও মধুর সহবাস। অপেক্ষা করতে হয় নিজ রক্তবীজে নিজেরই ফলনের। মিলন তার আয়োজন মেটায় এবং তা যদি হয় শব্দে আর শব্দে, তবে জোড় লেগে হয় বই। বই নিয়ে তাই ভোর বলে, আমি তোর। বই ধরে আবার তাই সন্ধ্যাও বলে, তুই বন্ধ্যা। ডানে-বাঁয়ে সব জড়ো করে মেলা, বইমেলা।

বইমেলা ঘিরে একদিন রাজা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। মাথায় মুকুট। হাতে তালপাখা। শিমুলে হাওয়ারা দোলে...