মনে হতো আমিই বনলতা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে মনে হয়, গান ছাড়া এমন কী বিষয় আছে, যা আমার খুব প্রিয়? নাটক, চলচ্চিত্র—এগুলো তো প্রিয় বটেই; তবে বই পেলে আমি যেন বর্তে যাই। আর সেটা যদি হয় কবি জীবনানন্দ দাশের কবিতার বই, তাহলে তো কথাই নেই! জীবনানন্দের নির্দিষ্ট কোনো কবিতার বই নয়, বরং তাঁর সব কবিতাই আমার প্রিয়। তাঁর কবিতা পড়তে গেলে এখনো যেন নতুন অনুভূতি পাই।আমার গানে হাতেখড়ি ছোটবেলাতেই। এরপর বোধবুদ্ধি হওয়ার পর কেন যেন বারবার মনে হয়েছে, যেহেতু আমি মার্তৃভাষায় গানের চর্চা করি, তাই বাংলা ভাষাটিও ভালোভাবে শেখা দরকার—এই বোধ থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করেছি। জীবনানন্দের কবিতার প্রতি ভালোবাসা মূলত তখন থেকেই। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা শৈশব থেকেই পড়ছি। কিন্তু সেই তরুণ বয়সে জীবনানন্দ দাশের কবিতায় অন্য রকম এক স্বাদ পেয়েছিলাম, যা আমার আগে পড়া কবিতার চেয়ে আলাদা। তাঁর ভাষার প্রয়োগ, উপমা-চিত্রকল্প নির্মাণ একদম ভিন্নতর। পড়তে গেলে মনে হয়, কবিতায় কবি যা বলছেন, তার সবকিছুই আছে বাস্তবতায়। আমি বেড়ে উঠেছি কুষ্টিয়া শহরে। তবে আমার আদি নিবাস নাটোরে—চলনবিলের পাশঘেঁষা কলম গ্রামে। ওই যে কথায় আছে না, ‘গ্রাম দেখতে কলম, বিল দেখতে চলন।’—সেই গ্রামে আমার বাড়ি। ‘বনলতা সেন’ কবিতায় জীবনানন্দ বনলতা সেনকে খুঁজে পেয়েছিলেন নাটোরে। নাটোরের মেয়ে হিসেবে কবিতাটি আমাকে আচ্ছন্ন করেছিল। সেই সময় মনে হতো, আমিই বনলতা সেন। আসলে তখন বয়সটাই তো ছিল এমন—সুচিত্রা সেনের সিনেমা দেখে নিজেকে যেমন সুচিত্রা সেন ভাবতাম।জীবনানন্দের রূপসী বাংলা খুব ভালো লাগে। ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ/ খুঁজিতে যাই না আর’—কী অসাধারণ কথা! বাংলার শ্যামল প্রকৃতি নিবিড়ভাবে অনুভব না করলে এমন পঙিক্ত লেখা যায় না। শেষে একটি কথা বলব, জীবনানন্দ দাশকে দেখলেও আমি এক অন্য কাব্যিক অনুভূতি পাই। তাঁর চেহারায়, চাহনির ভেতর এমন এক সারল্য ও সৌন্দর্য আছে, বুঝি রূপসী বাংলার সৌন্দর্যের সঙ্গেই এর মিল হতে পারে। কবিতার মাধ্যমে জীবনানন্দ দাশ নামের এই কবি বারবার মোহিত করেন আমাকে।অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ