মনোমেঘের নিস্তব্ধপাঠ
ফ্ল্যাটজুড়েই ছবির সরঞ্জাম। কোনো কোণে বাঁধাই ছবির গোছানো স্তূপ। সরু এক দেয়াল আলমারিতে রং তুলি গোছানো। এই থাকার ঘরটাই স্টুডিও। যেখানে বসে শিল্পীর সঙ্গে কথা বলছি, তার পেছনের দেয়ালে ১৯৯৬ সালের করা প্রিন্ট সবুজ জমিনে কালো আড়াআড়ি ফর্মের কম্পোজিশন। ছবিতে মনোযোগী হতেই শিল্পী ওয়াকিল এলেন। দীর্ঘ দুই মাস পর দেশে ফিরেছেন। জার্মানিতে এ সময় গ্রীষ্মকাল। তাপমাত্রা অন্য মাসগুলোর তুলনায় বেশি। এ বছরের মে-জুন মাসেই পৃথিবীর সবচেয়ে বড় আর্ট বিয়েন্নাল জার্মানির কাসেল শহরে অনুষ্ঠিত হয়। এর নাম ডকুমেন্টা। প্রতি পাঁচ বছর পর পর এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় সমসাময়িক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন। এর পাশাপাশি বার্লিন বিয়েন্নাল দেখার জন্যও শিল্পী ওয়াকিল অপেক্ষা করে থাকেন। ঢাকা ও বার্লিন দুই শহরেই তাঁর স্টুডিও আছে। বার্লিনে একেবারে রোজ অফিস যাওয়ার মতো করেই স্টুডিওতে ছবি আঁকতে যান। কাজ করার জন্য দুই শহরে দুই রকম সময় ঠিক করে নেন। ঢাকার স্টুডিওতে কাজ করার জন্য সকালের সময়কে বেছে নেন। সাম্প্রতিক কাজে ফর্মের হারিয়ে যাওয়া এবং অনেক স্নিগ্ধ রঙের প্রয়োগ প্রসঙ্গে শিল্পী বলেন, স্মৃতির পুনর্বিন্যাসকে আমার ছবিতে আমি রাখতে চাই।’ ২০০৯ সালে গ্যালারি কায়ায় ঢালী আল মামুনের সঙ্গে যৌথ একটি প্রদর্শনী করেছিলেন, শিরোনাম ছিল ‘ওমিশন অ্যান্ড এডিশন’ অর্থাৎ যুক্ত করা এবং মুছে ফেলা। বর্তমান কাজগুলো গত ১০-১৫ বছরে করা কাজের ওপরে পুরোনো ফর্ম, লাইন, স্পেস, রংকে মুছে ফেলার চেষ্টা করেন। এ বছরের এই সময়ে করা কাজগুলো ২০০৯ সালের করা কাজেরই অগ্রবর্তী চিন্তার ফল। শিল্পী ওয়াকিল এটাকে বলেন অযাচিত অলংকারগুলোকে মুছে ফেলা। তাঁর অনেক কাজ আছে পুরোনো কাজের ওপর করা। জীবনের অনেক অভিজ্ঞতা আছে, যেগুলো আমরা মুছতে চাই। এ সময়কার নান্দনিক অবস্থা কী? সে ভাবনাও তাঁর কাজের মধ্যে প্রতিফলিত হয়। এ জন্য সমসাময়িক ছবির শিরোনাম দিয়েছেন ‘ওমিশন”। ওয়াকিলুর রহমানের সর্বশেষ প্রদর্শনী ছিল আলোকচিত্র মাধ্যমে করা। শিরোনাম ছিল ‘কালচারাল ফাস্টফুড’। গত ২০০ বছরে আলোকচিত্র বা ফটোগ্রাফি নানাভাবে মানুষের জীবনযাপনের সঙ্গে যুক্ত। এতে দৈনন্দিন জীবনের কথা যেমন প্রতিফলিত হয়, তেমনি কখনো আলোকচিত্র মাধ্যমেও শিল্পরূপ প্রকাশ পায়। শিল্পী ওয়াকিলের সর্বশেষ প্রদর্শনীতে তাই আলোকচিত্রকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিশ্বায়নের এ সময়ে অর্থনীতিই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। মানুষের জীবনযাপনে যুক্ত হয়েছে ফাস্টফুড, প্লাস্টিকের গৃহসামগ্রী, খেলনাসামগ্রী, সিনথেটিক ছবির ফ্রেম। এগুলো খুব কম দামে সংগ্রহ করা যায় সে জন্যই মানুষ এগুলো গ্রহণ করছে। ‘কালচারাল ফাস্টফুড’ প্রদর্শনীটি আমাদের জীবনাচরণে প্রভাবিত বিশ্ব অর্থনীতি প্রভাবের ছাপ স্পষ্ট হয়েছে। অনেকগুলো আলোকচিত্র একসঙ্গে জুড়ে দেওয়ায় একটা বক্তব্য তৈরি হয়েছে। শিল্পী ওয়াকিলুর রহমান আলোকচিত্র প্রদর্শনীকে দর্শকদের কাছে ভিন্নরূপে আলোকচিত্রের শিল্পিত উপস্থাপনা হিসেবে দেখেন।এ বছরের জানুয়ারিতে বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনীটি ছিল ‘রিডিং ইমেজ’। অর্থাৎ ছবি পাঠ। বেঙ্গল লাউঞ্জের স্পেস দেখে তিনি প্রদর্শনীর পরিকল্পনা করেন। ‘ছবি পাঠ’ প্রদর্শনীর কাজগুলো গত ২০ বছরের কাজ থেকে বাছাই করে নেওয়া। পেইন্টিং, প্রিন্টমেকিংসহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম ওই প্রদর্শনীতে প্রদর্শিত হয়। ২০১০ সালে প্রথম আলোর দশম বর্ষপূর্তিতে আয়োজিত জাতীয় জাদুঘরের ‘কাগজের ছায়ায়’ প্রদর্শনীর কথা। শিল্পী ঢালী আল মামুন ও ওয়াকিলুর রহমানের যৌথ স্থাপনাশিল্প প্রদর্শনীটি সংবাদপত্রকে ঘিরে। ওই প্রদর্শনীতে সংবাদপত্রের শিরোনামগুলো লাল-কালো বর্ণের প্রয়োগে আর পত্রিকার শিরোনাম হয়ে থাকে না। জন্ম নেয় নতুন ছবি। ‘কাগজের ছায়া’ দর্শকদের মনে একধরনের বোধের জন্ম দেয়। শব্দ, বর্ণ এগুলোর ধারাবাহিক বিবর্তন নিয়ে ১৯৯৪ সালে জাতীয় জাদুঘরে আরেকটি স্থাপনাশিল্প প্রদর্শনী করেছেন। শব্দের রূপান্তরকে শিল্পী ওই প্রদর্শনীতে প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছেন। আশির দশকের শেষ ভাগে শিল্পী ওয়াকিলুর রহমান ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে চীনের বেইজিং কেন্দ্রীয় একাডেমি থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন।১৯৮৮ সালে বার্লিনে যান এবং দীর্ঘদিন ধরে বসবাস করছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্পভুবনে তিনি সমানভাবে বিচরণ করেন। একদিকে চৈনিক শিল্পধারা, অন্যদিকে জার্মানি তথা ইউরোপের শিল্পধারা। শিল্পের দুই ভুবন থেকে অর্জন করেন শিল্প অভিজ্ঞতা। ছবিতে পরিমিতিবোধ, দর্শন, নিস্তব্ধপাঠের খোঁজ দেন ওয়াকিল। গত তিন দশকে বাংলাদেশের শিল্পকলায় ওয়াকিলুর রহমানের শিল্পকর্ম আমাদের নিস্তব্ধ সুন্দরের খোঁজ দেয়। ওয়াকিলুর রহমান: জন্ম ১৯৬১। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট বর্তমানে চারুকলা অনুষদ থেকে স্নাতক ডিগ্রি নেন। ১৯৮৬ সালে চীনের বেইজিংয়ের সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টস থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পৃথিবীর বিভিন্ন দেশে ১৯টি একক প্রদর্শনী ছাড়াও অসংখ্য দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কার, একই বছর জাতীয় চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ পুরস্কারসহ জার্মানি, নরওয়ে, কানাডার প্রদর্শনীতে তিনি একাধিক পুরস্কার অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা ও বার্লিনে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন।