মফস্বল-মহানগর

মফস্বল কথাটার মধ্যেই একটা পিছুটান আছে। যে সামনে চলে সে অগ্রগামী; যে চলে পেছনে, যে আছে পেছনে, সে পশ্চাদগামী। নকশার যে দিকটা সবাইকে দেখানোর, সেটা সদর আর পেছন দিকটা হচ্ছে মফস্বল।
আমি নিজে চিরকালই মফস্বলবাসী। জন্মেছিলাম মফস্বলের তস্য মফস্বলে। লেখাপড়া—মানে স্কুল পর্যন্ত—মফস্বলে। তারপর আধা মফস্বল-দৌলতপুর বিএল কলেজ। শহরে যখন এলাম, ফের মফস্বল শহরেই এলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে আবার মফস্বল কলেজে অধ্যাপকের চাকরি। সিরাজগঞ্জে, খুলনায়, দৌলতপুরে—এসব জায়গায়।
এমনিতে এখন রাজশাহী খুলনাকে মফস্বল বলা চলবে না। রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামকে এখন মেগা সিটি মান দেওয়া হয়েছে। তাই রাজশাহী, খুলনাকে মফস্বল বলা যায় না। কিন্তু ফের বলি, রাজধানী ঢাকার সঙ্গে তুলনায় এদের মফস্বল শহর বলারই রেওয়াজ চলছে।
যা-ই হোক, আমি নিজে যে চিরকাল মফস্বলবাসী, তাতে সন্দেহ নেই। থাকি নিজের বাড়ির একতলায়। একটা বড় নিমগাছ ছিল জানালার পাশে। এই সেদিনকার ঝড়ে গাছটা উপড়ে পড়ল। মনে হলো, আমার বুকের ওপরই পড়ল গাছটা। ইচ্ছা হলেই আমি খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডা মাটিতে পা দিতে পারি। খালি পায়েই আশপাশের খালি পড়ে থাকা জমিতে যেসব ঝোপ-জঙ্গল আছে, সেখানে ঘুরে ঘুরে প্রজাপতি, গঙ্গাফড়িং, উচ্চিংড়ে দেখতে পারি। এসব পুরোনো দিনের কীটপতঙ্গ দেখতে পাই। আশপাশের রাস্তার পাশে দূর্বাঘাসের জটিল জাল। এই এলাকায় নানা ধরনের দূর্বা জন্মায়। জাল হয়ে মাটি ঢেকে থাকে। আরেক রকম দূর্বা আছে কচি শিশুর মাথার কোঁকড়া চুলের মতো। আকাশভরা সূর্য-তারার মধ্যে ঘাসে ঘাসে বেশ পা ফেলা যায়।
আমি বাংলাদেশের অল্পসংখ্যক মাঝারি সুবিধাপ্রাপ্ত মানুষদের মধ্যে একজন। জানি, আমার বাড়ি থেকে সামান্য দূরে গ্রামগুলোয় মানুষেরা ‘অন্নচিন্তা চমৎকারা’-এর মধ্যেই থাকে। ঠিক না খেয়ে মরছে না হয়তো। কিন্তু উদর নামের গহ্বরটি খাদ্যে-অখাদ্যে ভরা থাকলেই মানুষের জীবনে পরিপূর্ণ স্ফুর্তি ঘটে—এ কথাটা মেনে নিতে পারি না।
ঢাকা নামের বিশাল রাজধানী নগরের সঙ্গে মফস্বলের তুলনা করতে যাওয়াটা বালখিল্যতাই বটে। রবীন্দ্রনাথের ভাষাতেই বলি: দেহের সমস্ত রক্ত মুখে গিয়ে জমা হলে তা যেমন স্বাস্থ্য নয়, ঢাকাও তেমনি দেশের স্বাস্থ্যের সূচক নয়—এটা মনে রাখা দরকার। রক্তশূন্যতাই তাতে প্রকট হয়। তবে ঢাকারও তো একটা মাত্র চেহারা নয়—ঢাকার মধ্যে বহু ঢাকা আছে। অট্টালিকার অরণ্যের মধ্যে যেমন আছে আলো, তেমনি আছে আদিম অন্ধকার, অাছে অগণ্য মানুষের ভূমিশয্যার জন্য ফুটপাত। হায়, একালের আকাশচুম্বী নির্মাণগুলোয় রোয়াকও নেই, বারান্দাও নেই।
ঢাকা প্রাচুর্যে ভরা, ঢাকা অভাবে জর্জর, ঢাকা আলোয় ভরা, ঢাকা সূচিভেদ্য অন্ধকারে ঢাকা, ঢাকা মানুষকে অনেক কিছু দেয় আবার সম্পন্ন মানুষকে মানবিকতা থেকে নির্বাসিতও করে। শুধু ধনসম্পদ থাকলেও মানুষ নিঃস্ব হতে পারে। সেটা কীভাবে সম্ভব হয় ঢাকা গেলেই বোঝা যায়। এক কথায় বলতে পারি, রাজধানী ঢাকাজুড়েই আছে বিশাল জাল। তাতে রুই-কাতলা ধরা পড়ে, জাটকাও বাদ যায় না।
অন্যদিকে, মফস্বল কি শুধুই অন্ধকারে ডুবে থাকে? হয়তো তা-ই। রাজধানীকে পাইয়ে দিতে তাকে নিঃস্ব থাকতেই হয়। তখন বড় মুখ করে বলতে পারি নিঃস্বতাই তো শান্তি, অভাবে দুমুঠো অন্ন জোটানোই হচ্ছে সরল, সাদাসিধে জীবনযাপনের গৌরব। এই গৌরব তার ওপরে চাপানো, সে নিজে থেকে এটা চায়নি। মফস্বলবাসী শুধু দেখতে পায় তার সাংবাৎসরিক মজুত চলে যাচ্ছে মহানগরের দিকে। কারণ, মহানগর উৎপাদন করে না, তা করতে হয় মফস্বলবাসীকে। ঢাকা শহরের কথা ছেড়ে দিচ্ছি। মফস্বলের বাজার আগুন হয়ে ওঠে। রাষ্ট্রের অন্ন-বস্ত্র-জ্বালানি ইত্যাদি বেঁচে থাকার মৌলিক উপকরণগুলো উৎপন্ন হয় মফস্বলে। দৈত্যাকার পরিবহনগুলো শাঁ শাঁ শব্দে সেসব নিয়ে গিয়ে তোলে রাজধানীর বাজারে। মৌসুমি ফলমূল আম-জাম-লিচু, শাকসবজি, মাছ-মাংস ঝেঁটিয়ে চলে যায় রাজধানীতে; মফস্বল নিরুপায় চোখে চেয়ে চেয়ে দেখে। আবার মফস্বলের যারা সংগতিসম্পন্ন বাকিটা তারা দখল করে। স্বল্পবিত্তের মানুষ আঙুল চোষে। ‘উপায় নাই রে, নাই প্রতিকার’ কঠিন মরণব্যাধিতে যেতে হবে অনেক দূর, সেই রাজধানীতে, সব পেয়েছিল দেশে। লাখ টাকা, কোটি টাকা খরচ হয়ে গেলেও টের পাবে না এসব দামি রোগী। দুধের গাই আছে মফস্বলে, সব জোগান তারাই দেবে। নিজেরা পচে যাওয়া পা, ভেঙে যাওয়া কোমর, পেটে আটকে যাওয়া সন্তান, যক্ষ্মা-ক্যানসার জবাবহীন বিকল হৃদ্যন্ত্র—সব নিয়ে হাসপাতালের বারান্দায় শুয়ে থাকবে, লাথি খাবে রাত-দিন অথচ লাথি তাদের কেউ মারে না। সাধারণ মফস্বলবাসী নীরবে লাথি খায়। তবে রাজধানীও যে সম্পূর্ণ ব্যতিক্রম তা নয়, হাজার হলেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল (!) দেেশ তো বটেই। অবশ্য এই উন্নয়ন ভাগ করে দেওয়া হয়েছে বাঁদরের পিঠে ভাগের মতো করে। তরুণেরা মাদক নিয়ে ঘুরে বেড়ান। স্কুলের ছাত্র তার সহপাঠীকে গলায় রশি পেঁচিয়ে খুন করে, মধ্যরাতে নারী পথে পথে ঘুরে বেড়ান যদি মেলে খরিদ্দার।
এ দেশে মফস্বল মহানগর একাকার।