এই উপন্যাসের মূল চরিত্র তিনটি—তৌফিক, মোহনা আর নন্দিনী। তৌফিকের জীবন আঁকবাঁকে ভরা। খুবই উত্থানপতনময়—সেই শৈশব-কৈশোরকাল থেকে। কিন্তু কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাঁর জীবনে। লেখাপড়ায় বরাবর মেধার পরিচয় দিয়েছেন। অথচ তাঁর আগমন এক অতি নিম্নবিত্ত পরিবার থেকে। যখন তিনি স্কুলের ছাত্র, সে সময় এক আকস্মিক ঘটনা তৌফিকের জীবন তছনছ করে ফেলে। মায়ের ঘরের দরজা খুলতে গিয়ে দেখে, এক সুঠামদেহী যুবকের সঙ্গে তাঁর মা দৈহিক মিলনে লিপ্ত। ছেলেকে দেখে মা নিজেকে কোনোমতে সামলে নেন বটে, কিন্তু মায়ের এই চারিত্রিক রূপ তাঁর হৃদয়-মন পুরোপুরি ভেঙে ফেলে। তিনি পালান।
আর নয় এই বাড়িতে। মায়ের মুখোমুখি হওয়া আর নয়।

উড়াল মাছির পানসি
রেজাউর রহমান
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রথমা প্রকাশন, ঢাকা
জানুয়ারি ২০১৬
১৬০ পৃষ্ঠা
দাম: ২৮০ টাকা।
এ ঘটনার পরপর তৌফিকের বাবাও মারা যান। এক ফুফু ছাড়া তাঁর জীবনে আপন বলতে কেউ আর থাকে না। তিনি পালিয়ে আসেন সেই ফুফুর বাড়িতে—মুক্তাগাছায়। সেখানেই নতুন করে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। এরপর উচ্চতর ডিগ্রি নেওয়া; এবং কৃতিত্বের সঙ্গেই। ফলে আণবিক শক্তি গবেষণাগারের মতো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তৌফিকের চাকরি পেতে অসুবিধা হয় না। এখানে পরিচয় হয় মোহনার সঙ্গে। সদ্য বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে ফিরে আসা এক ভরা যৌবনের তরুণী মোহনা। কাজের সূত্রে তৌফিক-মোহনা-দুজনের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু দুজনের এই সম্পর্কের ক্ষেত্রে কোথায় যেন থেকে যায় ফাঁক। কেউই মেলাতে পারেন না। কেননা তৌফিক চুলচেরা হিসাব করে দেখেছেন, মোহনা বরাবর উচ্চাকাঙ্ক্ষী। ওঁ কারও ঘরনি হতে চান না। চান বিজ্ঞানী হতে। তৌফিক বলছেনও সে কথা এভাবে, ‘তুমি বিজ্ঞানী হতে চাও। বউ হতে তো চাওনি।’
আর নন্দিনী! ‘নন্দিনী তাঁর (তৌফিকের) বড় কাছাকাছিই আছে এবং আছেও সর্বক্ষণ। ... চারদিকের ঘন অন্ধকারে থেকেও তিনি টের পেতে থাকেন নন্দিনীর প্রতি তাঁর ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে শুরু করেছে। এ মুহূর্তে তাঁকে তিনি কামনা করতে থাকেন। মনে-প্রাণে। পেতে চান তাঁকে তাঁর একান্ত আপন ভুবনের দ্বারপ্রান্তে।’
নন্দিনীও ভেতরে ভেতরে সমস্ত অন্তর দিয়ে চান তৌফিককে। কোনো লোভ-লালসা থেকে নয়। তৌফিক যে একজন আন্তরিক ও নিখাদ মানুষ, সেই টান থেকে নন্দিনী নিজের জীবনকে নিবেদন করতে চান তাঁর উষ্ণ বুকের গভীরে। দুজনের পৃথক অস্তিত্ব একাকার করে ফেলতে চায়। এখানে মনে রাখা দরকার, নন্দিনী সনাতনধর্মী। তবু জাত-পাতের প্রশ্ন তাঁর কাছে বড় নয়—এটা কম বড় সাহসের কথা নয় এই সমাজে।
ওদিকে মোহনা ভিয়েনায় উচ্চতর গবেষণার জন্য চলে যান। হতে শুরু করে সেখানকার জীবনধারার ওতপ্রোত সহচর। হনও। আর নন্দিনী তৌফিকের তত্ত্বাবধানে এমফিল করার পাশাপাশি নিয়ে ফেলেন সেই ঝুঁকি, যে ঝুঁকি প্রাথমিকভাবে তাঁর পরিবারে আলোড়ন তুললেও, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসে। মোটামুটি ঘটা করেই বিয়ে হয়ে যায় তাঁদের।
নন্দিনী বলছেন বাসরশয্যায় শুয়ে, ‘আমাকে পেতে কি তোমাকে পরীক্ষা দিতে হবে? আমি তো তোমার হয়েই জন্মেছিলাম। পৃথিবীতে এসেছিলাম। আমাকে জয় করতে কি ইতিহাসের “হেলেন অব ট্রয়ের” মতো যুদ্ধবিগ্রহে নামতে হবে?’
জবাকে তৌফিক বলেন, ‘তোমাকে আমার ঘরে তুলে আনতে পেরে আমার ক্লান্তি দূর হয়ে গেছে।’
এভাবেই উপন্যাসটির সমাপ্তি। রেজাউর রহমান এই উপন্যাসের মাধ্যমে এমন এক ঘরোয়া কাহিনি একান্ত আটপৌরে ভাষায় তুলে ধরেছেন, যার পাঠ শুরু করলে শেষ না করে উঠতে পারা যায় না। আমাদের কথাসাহিত্যে উড়াল মাছির পানসি একটা সংযোজনস্বরূপ সাহিত্যকীর্তি।