মস্কোতে সেদিন দুটো বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ বলেন, একই জায়গায় দুবার নাকি বজ্রপাত হয় না। কিন্তু রোববার বোঝা গেল ধারণাটা ভুল।ছবিটি ভালো করে দেখুন। খেলাধুলার হালফিল খবরাখবর যাঁরা রাখেন, তাঁদের কাছে এই ছবিটা চেনা থাকারই কথা। গত রোববার রাতের ছবি। রাশিয়ায় চলমান অ্যাথলেটিকস বিশ্বচ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফাইনালের বিশেষ একটি মুহূর্ত। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মাত্রই সোনা জিতলেন উসাইন বোল্ট। কবর দিলেন গত মৌসুমের ব্যর্থতার। ফলস স্টার্ট করে দুই বছর আগের বিশ্বচ্যাম্পিয়নশিপে দেয়ালে মাথা ঠুকেছিলেন গতির রাজা। এবার বোল্ট জয়ী। ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ছুঁয়েছেন ফিনিশিং লাইন।এ সবই না হয় বোঝা গেল। এতক্ষণ যা জানলাম, সেটা তো খেলার পাতার ছাপা হয়ে যাওয়া বাসি খবর। পুনরাবৃত্তির রহস্যটা কী? রহস্য ছবিটার মধ্যে। বোল্ট যে রাতে মস্কোর ট্র্যাকে দৌড়েছেন, রাতটা ছিল মাঝারি দমকা ও ঝোড়ো হাওয়ার রাত। মস্কোর আকাশে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছিল। বোল্ট ফিনিশিং লাইন ছোঁয়ার সেকেন্ডের মধ্যেই এএফপির আলোকচিত্রী অলিভিয়ের মরিনের ক্যামেরায় বন্দী হয় এই দৃশ্যটি। যেখানে দেখা যায় দুটো ‘বোল্ট’। এক বোল্ট চমক দ্যুতি ছড়াচ্ছেন সিক্ত ট্র্যাকে। স্টেডিয়ামের ওপরে মেঘলা আকাশে আরেকটি বোল্ট! বি-ও-এল-টি—যে নামের অর্থই তো বজ্রপাত!ছবিটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। এ এমন এক ঘটনা, যেটি আকস্মিকভাবেই ধরা পড়ে ক্যামেরায়—বিনা মেঘে বজ্রপাতের মতোই। অনেক বছরের সাধনায়ও এমন ছবির দেখা মেলে না। এ কারণে ছবিটি হু হু করে টুইটার ও ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ এমন দাবি করেন, এটা ক্রীড়াবিশ্বের এই দশকের সেরা ছবি। আবেগপ্রবণ কেউ কেউ আগবাড়িয়ে এও বলে বসেন, এটা ক্রীড়া ইতিহাসেরই সবচেয়ে ‘আইকনিক’, সবচেয়ে সেরা একটি ছবি হয়ে গেল! তা হয়তো নয়। তবে এটা যে ক্রীড়া ইতিহাসে ঠাঁই করে নেওয়ার মতো একটি ছবি, সে তো বলাই যায়। অন্তত এ বছরের ক্রীড়াঙ্গনের বর্ষসেরা ছবি তো বটেই। এনবিসির (যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি) একজন ক্রীড়া সম্পাদক টুইটারে এই ছবি টুইট করলে ঝড় ওঠে। তবে কেউ কেউ ছবিটি ফটোশপের কারসাজি কি না, এই প্রশ্নও তোলেন। মরিনের টুইটার অ্যাকাউন্টেও গিয়ে অনেকে হামলে পড়েন ছবিটার আসল গল্প শোনার জন্য। কিন্তু মরিন খুব একটা টুইট-ফুইটে অভ্যস্ত নন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢুঁ মারেন কালেভদ্রে। পরে তাঁকে পাকড়াও করে ইয়াহু নিউজ। সেখানে তিনি বলেন, এই ছবি পুরোপুরি ‘শুদ্ধ’। এতে কোনো কারসাজি করা হয়নি। সত্যি বলতে কি, ছবিটা তিনি পরিকল্পনা করেও তোলেননি, ‘আমি যখন হ্যান্ড ক্যামেরায় ছবি তুলছিলাম, সে সময় কোনো বজ্রপাতই খেয়াল করিনি। দৌড় শেষ হওয়ার পাঁচ মিনিট বাদে যখন ল্যাপটপে ছবিটা সম্পাদনা করার জন্য খুললাম, তখনই প্রথম খেয়াল করি। আমি আসলে ছবিটায় বজ্রপাতটি ধরার কোনো চেষ্টাই করিনি।’মিলান-ভিত্তিক ৪৭ বছর বয়সী মরিনের কিন্তু ক্রীড়া আলোকচিত্রী হিসেবে বেশ সুনাম আছে। বেশ কয়েকটি বড় ক্রীড়া আয়োজন কাভার করেছেন। তবে শুধু খেলাধুলা নয়, এর বাইরেও তিনি অন্যান্য ইভেন্ট কাভার করেন। তাঁকে বলা হয় ‘অলরাউন্ডার ফটোগ্রাফার’। তবে এই আলোচিত ছবিটা তোলার মধ্যে তাঁর নিজের যে কোনো কেরদানি নেই, সবটাই যে ভাগ্যবশে হয়ে গেছে, সেটা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই। তথ্যসূত্র: ইয়াহু নিউজ, এএফপির ছবি, অস্ট্রেলিয়ার দ্য নিউজ