মহত্তম ‘ভবঘুরে’
চার্লস চ্যাপলিন(১৬ এপ্রিল, ১৮৮৯—২৫ ডিসেম্বর, ১৯৭৭)১৯২৫ সালের ৬ জুলাই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথমবারের মতো জায়গা পান একজন অভিনেতা। নাম তাঁর চার্লস (চার্লি) চ্যাপলিন। কিন্তু তিনি কি শুধুই অভিনেতা! আমরা কি চ্যাপলিন অভিনীত ছবি দেখি, নাকি ‘চ্যাপলিনের ছবি’ দেখি! যে ছবিতে চ্যাপলিন আছেন, তা শুধু চ্যাপলিনেরই ছবি। সেখানে তিনি পরিচালক, কাহিনি রচয়িতা, চিত্রনাট্যকার, শিল্পনির্দেশক ও সংগীত পরিচালক—সবই। সবাক ছবির যুগে যোগ হয়েছে আরও দুটি—সংলাপ রচনা ও গান গাওয়া। ফরাসি চলচ্চিত্র নির্মাতা জাঁ লুক গদার চ্যাপলিনের অবদানকে বিশ্বের ‘অনেক পরিচালকের সম্মিলিত অবদানের চেয়েও মূল্যবান’ মনে করেন। চ্যাপলিনের মতো শিল্পী কি একজন দার্শনিকও নন! দার্শনিক উইল ডুরান্টকে একবার চ্যাপলিন বলেছিলেন, ‘সৌন্দর্য একই সঙ্গে দুয়ের মিশেল। নোংরা ফেলার পাত্রে এক চিলতে রোদ বা নর্দমায় ভেসে যাওয়া একটি গোলাপ ফুল।’সৌন্দর্য নিয়ে এই দর্শনের প্রকাশ ঘটেছে চ্যাপলিনের সব ছবিতেই। ছোট-বড় সব মিলিয়ে প্রায় ৮০টি ছবি তৈরি করেছেন তিনি। তাঁর এই ছবিগুলোকে ‘ট্র্যাজিক’ বা ‘কমিক’ এমন কোনো তকমা দিয়েই চিহ্নিত করার সুযোগ নেই। চ্যাপলিন হচ্ছেন হলিউডের সেই অভিনেতা ও নির্মাতা, যিনি হলিউডের প্রচলিত জমকালো বড় বাজেটের ও তারকানির্ভর ছবির বিপরীতে দর্শকের কাছে নিজেকে জনপ্রিয় করেছেন একজন ভবঘুরে চরিত্রের মাধ্যমে। যে ভবঘুরে আসলে চ্যাপলিন নিজেই। জন্মেছেন লন্ডনে, সেখানে চরম দারিদ্র্যে খেয়ে না-খেয়ে থাকার শৈশবে গান ও অভিনয় শুরু, যুক্তরাষ্ট্র বা হলিউডে সাফল্য ও শেষ জীবনে সুইজারল্যান্ডে বসবাস ও মৃত্যু—এই হচ্ছেন ভবঘুরে চ্যাপলিন। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনে চ্যাপলিনের জন্মের কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান মা-বাবা চার্লস ও হান্নাহ চ্যাপলিন। দুজনই মঞ্চে গান গাইতেন। মায়ের কাছ থেকে আলাদা হয়ে বাবা চলে গেছেন যুক্তরাষ্ট্রে, মায়ের সঙ্গে তখন চ্যাপলিন। জীবনের সবচেয়ে কষ্ট আর কঠিন সময় কেটেছে তখন। এক কাপ চা ও এক টুকরা রুটির জন্য শিশু চ্যাপলিন ও তাঁর মা কত কৌশলই না নিয়েছিলেন! আত্মজীবনীতে সে কাহিনি লিখেছেন চ্যাপলিন। মা তখন একাই নিজের ক্যারিয়ার করার চেষ্টা করছেন। একদিন মঞ্চে যাওয়ার আগে মায়ের গলায় সমস্যা দেখা দেওয়ায় তিনি আর মঞ্চে নামতে পারলেন না। একটি জনপ্রিয় গানের সুর ভাঁজতে ভাঁজতে মঞ্চে নামলেন চ্যাপলিন। ওই গান দিয়েই শুরু। এরপর অভিনয়। অভিনয়ের সূত্রেই দলের সঙ্গে ১৯১০ সালে ২১ বছর বয়সে নিউইয়র্কে আসেন চ্যাপলিন। ১৯১৩ সালে হলিউড। প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি কিড নিয়ে হাজির হন ১৯২১ সালে। অস্কার হিসেবে পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ড চলচ্চিত্র পুরস্কারের শুরুটা হয় ১৯২৯ সালে। অস্কারের সেই প্রথম আসরেই সার্কাস (১৯২৮) ছবিতে ‘অভিনয়, পরিচালনা ও প্রযোজনা ক্ষেত্রে বহুমুখী এবং অসাধারণ প্রতিভার’ জন্য বিশেষ পুরস্কার পান চ্যাপলিন। পঞ্চাশের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিস্টবিরোধী যে গণ-উন্মাদনা দেখা দিয়েছিল, তার শিকার হলেন চ্যাপলিন। ১৯৫২ সালে লাইম লাইট ছবির উদ্বোধনী প্রদর্শনীতে পরিবারসহ লন্ডনে গিয়েছিলেন তিনি। প্রদর্শনী শেষে দেশে ঢুকতে পারেননি! হতাশ, ক্ষুব্ধ চ্যাপলিন সুইজারল্যান্ডে বসবাসের সিদ্ধান্ত নিলেন। যুক্তরাষ্ট্রের বাইরে থাকার সময় দুটি ছবি বানিয়েছেন এ কিং ইন নিউইয়র্ক (১৯৫৭) ও এ কাউন্টেস ফ্রম হংকং (১৯৬৭)। শেষ ছবির পর আর ১০ বছর বেঁচে ছিলেন চ্যাপলিন। ১৯৭৭ সালের বড়দিনে জীবনের চেয়ে বড়, মহত্তম এই শিল্পী ঘুমের মধ্যেই ঘুমিয়ে যান চিরদিনের জন্য।তার পরও বেঁচে আছেন তিনি। ঢোলা ছেঁড়া প্যান্ট, বেখাপ্পা জুতা, প্রজাপতি-গোঁফ আর হাতে লাঠি নিয়ে আমাদের চোখের সামনে ভবঘুরের এক আইকন হয়ে বেঁচে আছেন।তথ্যকণিকা অ্যাডল্ফ্ হিটলারের জন্মের চার দিন পর চার্লস চ্যাপলিনের জন্ম। প্রথম বিশ্বযুদ্ধে যোগ না দেওয়ায় চার্লি চ্যাপলিনের তুমুল সমালোচনা হয়। বাস্তবতা হলো, চ্যাপলিন যোগ দিতে চেয়েছিলেন। উচ্চতা ও ওজন কম হওয়ায় সুযোগ মেলেনি। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে সহযোগিতার জন্য দ্বিতীয় ইউরোপীয় ফ্রন্ট খোলার জন্য চ্যাপলিন আহ্বান জানান। যুক্তরাষ্ট্র তাঁকে কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করে। এফবিআই তাঁকে নজরে রাখতে শুরু করে। পাঁচবার মনোনীত হয়ে তিনি তিনবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পেয়েছেন। এ মহাবিশ্বে চার্লি চ্যাপলিন নামে একটি গ্রহাণু আছে! চ্যাপলিনের মৃত্যুর চার বছর পর ইউক্রেনের জ্যোতির্বিদ লুদমিলা কারাচকিনার আবিষ্কৃত নতুন গ্রহাণুটির নাম রাখা হয় সর্বকালের অন্যতম সেরা এ পরিচালক ও অভিনেতার নামে। বেশির ভাগ লোকের বিশ্বাস, চ্যাপলিনের চোখ ছিল বাদামি। কারণ সাদাকালো ছবিতে তাঁর চোখ তেমনই দেখাত। কিন্তু চ্যাপলিনের চোখ ছিল আসলে নীল।