মহা ক্রান্তিকালের কড়চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহা ক্রান্তিকালের কড়চা
মহা ক্রান্তিকালের কড়চা

ভূমিকায় উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল-এর লেখক মঈদুল হাসান স্বীকারোক্তির স্বরে স্পষ্ট করেই বলেছেন, ‘বইটির বিষয় একাত্তরের স্মৃতিচারণা, আমার নিজের অভিজ্ঞতার কথা। ১৯৭১ সালের মার্চ, এপ্রিল ও মে মাসের প্রথম কয়েকটি দিন শত্রু অধিকৃত ঢাকা নগরীতে যা ঘটতে দেখেছি, যা শুনেছি এবং যেসব কাজে যৎসামান্য জড়িত হয়েছি, তারই যথাসম্ভব আবেগবর্জিত বর্ণনা।’
এ বইয়ের পাঠ শেষে মনে হয়েছে, মঈদুল হাসান শুধু লেখকই নন, চিন্তক এবং সক্রিয়তাবাদীও বটে। অবশ্য তাঁর সক্রিয়তাবাদীর, বিশেষত সক্রিয় বামপন্থী রাজনৈতিক জীবনের ইতি ঘটেছিল ১৯৬৫ সালে তৎকালীন সোভিয়েত ও চীনের মধ্যকার রাজনৈতিক মতাদর্শগত দ্বন্দ্ব-সংঘাতের সেই চরম কালপর্বে। কিন্তু মুক্তিযুদ্ধের মতো মহান যজ্ঞের মুখে তিনি নিশ্চুপ ও নিষ্ক্রিয় থাকার অবকাশ পাননি। তাঁর স্বভাব কিংবা চারিত্রিক দার্ঢ্য কিংবা রাজনৈতিক-সামাজিক সচেতনতা, যা-ই বলি না কেন, তাঁকে বালুতে মুখ গোঁজা উটপাখি হতে দেয়নি। ফলে আমরা এ বইয়ে বর্ণিত প্রতিটি ঘটনার মুখে তাঁকে যেভাবে সাড়া দিতে দেখি, দেখি ভাবিত হতে, তাড়িত হতে, বিশ্লেষক হতে, ঢাকায় ’৭০ ও ’৭১ সালের ঘটনাধারার যাঁরা সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছিলেন, তাঁরা নিশ্চিতই মঈদুল হাসানের এ বই পড়ে শুধু মোহিতই হবেন না, তাঁর দেখা ঘটনা ও ভাবনার সঙ্গেও তাঁরা একাত্ম হয়ে যাবেন মুহূর্তকালের মধ্যেই, বিশেষত একাত্তরের ২৫ মার্চের নিধনযজ্ঞের পূর্বপরিকল্পনা ও তৎপরবর্তীকালের ঘটনার বিবরণ পাঠ করার পর।
আলোচ্য বইটি একাত্তরের মার্চ, এপ্রিল মাস ও মে মাসের অল্প কয়েক দিনের রাজনৈতিক ঘটনার বিবরণ ধারণ করলেও ইতিহাসের সূত্র ধরে এখানে অতীতকেও টেনে এনেছেন লেখক। সেই সূত্র উঠে এসেছে দুই পাকিস্তানের মধ্যকার বৈষম্যমূলক সম্পর্কের ইতিবৃত্ত এবং রাজনীতিকদের ভূমিকার কথাও। বস্তুত আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে যে জটিল আবর্তের সৃষ্টি হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী, ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, শেষতক সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসক ও রাজনৈতিক মহলে; এবং স্বাধীনতা পোষণকারী বাংলাদেশকে ঘিরে শুরু হয়েছিল যে কূটনীতির কুটিল দাবা চালাচালির খেলা, এই স্বল্প পরিসরের বইয়ে নিজস্ব অভিজ্ঞতার আলোকে লেখক তা তুলে ধরেছেন তাঁর সাধ্যমতো। উপরন্তু বইটিতে উঠে এসেছে সেই সময়ের কথা, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোচনা বৈঠকে মিলিত হচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে। লেখক শেখ মুজিবের ওই সময়ের ভূমিকা নিয়ে সংশয়ী, দ্বিধাগ্রস্ত। বলছেন, শেখ মুজিব কনফেডারেশনের প্রস্তাবে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁর এই প্রত্যয় সম্পর্কে অবশ্য কেউ প্রশ্ন তুললে অবাক হওয়ার কিছুই থাকবে না।

>উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল—মঈদুল হাসান প্রচ্ছদ: মাসুক হেলাল l
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ডিসেম্বর ২০১৫ l ৪২ পৃষ্ঠা l
দাম: ২৬০ টাকা

উপধারা একাত্তর: মার্চ-এপ্রিল-এর বড় বৈশিষ্ট্য হচ্ছে, বইয়ে লেখক কেবল দেশের ভবিষ্যৎ-ভাবনা ভেবেই ক্ষান্তি দিচ্ছেন না, কত দিনে, কীভাবে দেশ স্বাধীন হবে, সে ভাবনাতেও তিনি ক্লান্তিহীন। তাই তো তাঁর ভারতযাত্রা। সোজাসুজি দেখা করছেন প্রবাসে গঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে। তাঁকে অবহিত করছেন দেশে ঘটমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। আলোচনা করছেন স্বাধীনতাকামী বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় ফ্রন্ট গঠন বিষয়ে। দেখা করছেন তিনি ভারতের রাজনীতির নীতিনির্ধারক সর্বোচ্চ সরকারি ব্যক্তিবর্গের সঙ্গে। আলোচনা বৈঠকে বসে তাঁদের সঙ্গে কথা বলছেন খোলামনে। তাঁর ভাবনার অনুকূলে ফলও পেতে থাকেন দুই দিন আগে বা পরে। এবং তাঁর এসব তৎপরতার অসম্ভব নির্মোহ ভাষায় তিনি উচ্চারণ করেন, ‘মে মাসের ১২ তারিখে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে কলকাতায় দেখা হওয়ার প্রথম দিনই আমি পুরো পরিস্থিতির দীর্ঘ বিবরণ দিয়েছিলাম। মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করার যে প্রয়োজনের কথা আমি উল্লেখ করেছিলাম, সে ব্যাপারেই এমন একটি দায়িত্ব আমার ওপর ন্যস্ত করা হয়, যা আমার চিন্তা ও কর্মসূচি আপাদমস্তক পাল্টে ফেলে। ১৯৭১-এর মার্চ-এপ্রিলে অবরুদ্ধ ঢাকায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির বিবরণ এখানেই প্রায় শেষ, যদিও সেগুলোই পাথেয় হয়ে উঠেছিল পরবর্তী যাত্রাপথে।’
‘সংযোজন’ ও ‘পরিশিষ্ট’ নামের দুটি অধ্যায় এ বইকে সম্পূর্ণতা দানে সহায়তা করেছে। মঈদুল হাসানের এ বই হয়ে উঠেছে স্মৃতিকথার সূত্রে আমাদের মুক্তিযুদ্ধের মতো এক মহা ক্রান্তিকালের দার্ঢ্য দলিল।