মহাজীবনের বিচিত্র উদ্ভাস

চির উন্নত মম শির
সম্পাদনা: নাশিদ কামাল
প্রচ্ছদ: মুস্তাফা জামান আব্বাসী
প্রকাশক: প্রোব পাবলিশার্স
২২২ পৃষ্ঠা
দাম: ৪০০ টাকা
একদিন কবি কাজী নজরুল ইসলামের কাছে গেলেন সংগীতজ্ঞ আব্বাসউদ্দীন। জানালেন, তাঁর ছেলে হয়েছে। নাম দিতে হবে। দু-দণ্ড চোখ মুদলেন নজরুল। আতাতুর্ক স্মরণে নবজাতকের নাম দিলেন মোস্তাফা কামাল ওরফে দোদুল।
এর ৮১ বছর পর ড. আনিসুজ্জামান নজরুলের সেই ‘দোদুল’, যিনি পরে তাঁর ‘দুলু ভাই’ হয়ে ওঠেন, তাঁর জন্মদিনে লিখেছেন, ‘ভিন্নমতের প্রতি সহনশীল থাকা এবং স্বধর্মনিষ্ঠ থেকে অন্যান্য ধর্মের মানুষকে সমদৃষ্টিতে দেখার উদারতা তিনি লাভ করেছেন।...সম্ভবত সৃষ্টির সবকিছুর প্রতি এক প্রেমময় দৃষ্টি তাঁর আছে। অন্যায়কারীর প্রতি ওঁর কঠোরতা এই প্রেমময়তারই অংশ।’ আর বদরুদ্দীন উমর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দুলুকে ‘ইসলামিক ব্রাদারহুডের’ সদস্য এবং সলিমুল্লাহ হল ইউনিয়ন নির্বাচনে ইসলামি গ্রুপের (স্বয়ং উমরও যার সমর্থক ছিলেন) পক্ষে যুগ্ম সম্পাদক নির্বাচিত হতে এবং সর্বোপরি বিদ্রোহী কবির ‘সিন্ধু’ থেকে আবৃত্তি করে পুরস্কৃত হতে দেখেছেন, তিনি লিখেছেন, ‘সে নিজ গুণে জীবনে অনেক উন্নতি ও সুনাম অর্জন করেছে। আইনে পাণ্ডিত্যের স্বাক্ষর রেখেছে।’
সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামালের ৮১তম জন্মদিনে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ চির উন্নত মম শির। দেশি-বিদেশি ৩১ জন লেখকের রচনায় এখানে ফুটে উঠেছে মোস্তাফা কামালের কর্মময় বর্ণাঢ্য জীবনের বিচিত্র দিক; সেখানে কিরণমালার মতো বিচ্ছুরিত তাঁর আইনি ও জজিয়তি জীবন।
এক দুর্দান্ত দাপুটে শিক্ষাজীবনে নিজকে উপমহাদেশীয় উচ্চতায় তুলেছেন মোস্তাফা কামাল। মায়েদের গল্পের স্বপ্নবিষ্ট ফার্স্টবয় হয়েছেন। ভারতের কুচবিহারের জেনকিন্স স্কুলে আবার সমগ্র পূর্ব পাকিস্তানের মেট্রিকুলেশন ও আইএ পরীক্ষার মেধা তালিকায় তার ছাপ স্পষ্ট। রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স এবং এমএ দুটোতেই প্রথম শ্রেণিতে প্রথম। বৃত্তি নিয়ে লন্ডনে যাত্রা। ব্যারিস্টার হয়ে দেশে ফেরা। ঢাবিতে আইনে শিক্ষকতা। এরপর অ্যাডভোকেট জেনারেল (এ সময়ে ‘সমুদ্রজয়ে’ জাতিসংঘ কমিটিতে ভূমিকা রাখেন) হয়ে ১৯৭৯ সালে হাইকোর্টের বিচারক হন। ১৯৯৯ সালে প্রধান বিচারপতি। এ পদে মাত্র ছয় মাস থেকেও তিনি এক বিরল জুডিশিয়াল স্টেটসম্যানশিপ দেখান। অবসরে এসে বিশ্বব্যাংকের বিচার বিভাগ সংস্কার প্রকল্পে যুক্ত হন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত মার্কিন অ্যাটর্নি মরিস ডি. গাইগার এ বইয়ে লিখেছেন, ‘এতে সামান্যই সন্দেহ আছে যে বিচারপতি কামালের মেধা ও দক্ষতার কারণে বিশ্বব্যাংক প্রকল্পটি বেঁচে গেছে। এটি একাধিক লক্ষ্য অর্জন করেছে।’ তাঞ্জানীয় বিচারক দানিয়েল আর দেজার চোখে তিনি ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অক্লান্ত যোদ্ধা’। মার্কিন নারী আইনজীবী ফিলিস কক্সের মতে, বাংলাদেশে বিরোধ নিষ্পত্তির বিকল্প এডিআর প্রবর্তনের জনক তিনি।
এই সংকলনে মোস্তাফা কামালের ভাই মুস্তাফা জামান আব্বাসীও লিখেছেন—তাঁর ভাই গরুর গোশত ভালো রাঁধেন, বিটিভিতে কুইজ অনুষ্ঠান করতেন, ‘পিতার গান সব তাঁর জানা, সুর গায়কিসমেত, হতে পারতেন আরেক আব্বাসউদ্দীন।’
এ ছাড়া সংকলনে সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামালও লিখেছেন নিজের কথা, স্মরণ করেছেন তাঁর ছেলেবেলার কুচবিহারের মহারাজাকে: ‘একজন হিন্দু মহারাজা হিসেবে তিনি মুসলমানদের সঙ্গে সুষম ব্যবহার করতেন। হিন্দু-মুসলিম সম্পর্ক এত চমৎকার ছিল, যা আজকের দিনে কল্পনা করা যায় না।’
বইটি অনেক আলোকচিত্রে সমৃদ্ধ, যার ঐতিহাসিক মূল্য অসামান্য। বইটিতে আছে এক মহাজীবনের বিচিত্র উদ্ভাস।