মহামারি মহাকাল

করোনাভাইরাস আতঙ্কে কম্পমান সারা বিশ্ব। ভাইরাসটি হানা দিয়েছে বাংলাদেশেও। এই প্রেক্ষাপটে এবারের প্রচ্ছদে এ মহামারি নিয়ে লিখেছেন কথাসাহিত্যিক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শাহাদুজ্জামান

প্রাণবন্ত নগরী সব রাত পোহালে বুঝিবা জাদুকরের রুমালের ছোঁয়ায় হয়ে যাচ্ছে মৃতনগরী। নগরীর প্রধান ফটক বন্ধ, জনশূন্য পথঘাট, রুদ্ধ আকাশপথ, বন্ধ বিপণিবিতান, নির্জন বিদ্যালয় মাঠ, স্তব্ধ দপ্তরখানা, নিষিদ্ধ সমাবেশ, নগরের মোড়ে মোড়ে কেবল টহলরত পুলিশের গাড়ি আর নভোচারীর পোশাকে তৎপর চিকিৎসাকর্মী। আতঙ্কিত নাগরিকেরা ঘরে ঘরে বন্দী হয়ে আঁচ করছে, কোন পথে এবার হানা দেবে অদৃশ্য শত্রু। এ যেন কোনো পরাবাস্তব বৈজ্ঞানিক কল্পকাহিনির দৃশ্যপট। পৃথিবীর বড় বড় অনেকগুলো নগরীর এমনই রূপান্তর ঘটেছে সম্প্রতি। অচিরেই এ দৃশ্যের বুঝিবা পুনরাবৃত্তি ঘটবে একে একে আরও অগণিত নগরে। কে ভেবেছিল করোনা নামের এক অশরীরী শত্রু, ক্ষুদ্রাতিক্ষুদ্র এক অণুজীব পরাক্রমশালী মানবজাতিকে এমন ঘোর দুর্বিপাকের নাগরদোলায় চড়িয়ে দেবে? লেখক আলবেয়ার কাম্যু আমাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন তাঁর বিখ্যাত দ্য প্লেগ উপন্যাসে, ‘বারবার মানুষকে খুব অবাক করে দিয়ে হঠাৎ উপস্থিত হয় যুদ্ধ আর মহামারি।’ আলজেরিয়ার ওরান নগরে এক কাল্পনিক মহামারিতে সন্ত্রস্ত্র জনপদের বুকের ওপর চেপে বসা অসহায়ত্ব আর তার বিরুদ্ধে সংগ্রামের ইতিবৃত্ত কাম্যু হাজির করেন সেই উপন্যাসে। ওরান শহর একদিন মহামারিমুক্ত হয় ঠিকই, কিন্তু ক্যমু লেখেন, মহামারির জীবাণুরা মরে না, লুকিয়ে থাকে কেবল আমাদের চোখের আড়ালে, ওত পেতে থাকে, সুযোগ পেলে আবার ফিরে ফিরে হানা দেবার জন্য।
কালে কালে ভয়ংকর সব মহামারি মানুষের পৃথিবীর ওপর হানা দিয়ে গেছে বটে। ‘ব্ল্যাক ডেথ’ নামের চতুর্দশ শতকের প্লেগ মহামারি নিশ্চিহ্ন করে দিয়েছিল ইউরোপের জনসংখ্যার দুই তৃতীয়াংশ। পঞ্চদশ শতকে ইউরোপীয় অভিযাত্রীরা আমেরিকা নামের নতুন পৃথিবীতে পৌঁছালে সে ভূমিতে তারা নিয়ে যায় নতুন জীবাণু, রোগপ্রতিরোধ ক্ষমতাহীন হাজার হাজার আদিবাসী নতুন রোগের মহামারিতে আক্রান্ত হয়ে ঢলে পড়ে মৃত্যুর কোলে। ইতিহাস বলে, কেবল অস্ত্র নয়, জীবাণুও গভীর ভুমিকা রেখেছে উপনিবেশ স্থাপনে। ‘বেঙ্গল কলেরা’ নামের মহামারি এই বাংলা অঞ্চল থেকে যাত্রা শুরু করে প্যারিস, লন্ডন, বুদাপেস্টের লাখ লাখ মানুষের মৃত্যুর কারণ হয় উনবিংশ শতকে। আবার নিকট–অতীতে এই বিংশ কিংবা একবিংশ শতকেও এইডস, সার্স, ইবোলা, সোয়াইন ফ্লু, জিকা নামের বিবিধ মহামারি কেড়ে নিয়েছে শত শত প্রাণ। কথা সত্য যে মহামারির জীবাণুরা মরে না, ওত পেতে থাকে, সুযোগ পেলে ফিরে ফিরে হানা দেয়।
কিন্ত জীবাণুরা সেই সুযোগ পায় কী করে? স্মরণ রাখা প্রয়োজন যে রোগ ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ, কিন্তু মহামারি একটি সামষ্টিক অভিজ্ঞতা। মহামারি পুরো জনগোষ্ঠীর যৌথ অভিজ্ঞতার বিষয় বলে এ শুধু রোগতত্ত্বের ব্যাপার নয়, এটি সমাজতত্ত্ব, রাজনীতি, অর্থনীতিরও ব্যাপার। জনস্বাস্থ্যবিদ্যা আমাদের জানায়, মহামারির এই সব জীবাণু নিরীহ হয়েই বসে থাকে নানা প্রাণীর শরীরে—বাদুড়ে, ইঁদুরে। কেবল মানুষের শরীরে এলেই কখনো কখনো বংশবৃদ্ধির মাধ্যমে তা হয়ে ওঠে ভয়ংকর। প্রাণীদেহের জীবাণু মানবদেহে আসবার সুযোগ পায় বস্তুত মানুষের অনিয়ন্ত্রিত নানা আচরণের ফলে; এবং তা নির্ধারিত হয় নানা রাজনীতি, অর্থনীতির চোরাগলি ধরেই। চীনের উহান শহরের যে প্রাণীবাজার থেকে এই বিশেষ করোনা জীবাণুর সূত্রপাত, সেখানে বন্য প্রাণী, গৃহপালিত প্রাণী পালনের ও নিধনের উৎসব চলে। চলে কৃত্রিম প্রাণী উৎপাদন। সারা পৃথিবীতে সুলভে, দ্রুত ও ব্যাপক হারে পণ্য সরাবরাহ চীনকে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করেছে বটে, কিন্তু বিপুল মুনাফার উত্তেজনায় পণ্য উৎপাদনের ঝুঁকি নিরাময়ের ভারসাম্যে অবধারিতভাবে ত্রুটি ঘটেছে কোথাও। বন্যপ্রাণী আর মানুষের সংযোগের গ্রহণযোগ্য মাত্রার দেয়াল ধসে গেছে উহানে। সেই সুযোগে জীবাণু তার পথ করে নিয়েছে মানুষের শরীরে। করোনা মহামারি সূত্রপাতের প্রারম্ভেই তাই বন্ধ করে দেওয়া হয়েছে উহান বাজার। লি ওয়েনলিয়াং নামে যে চিকিৎসক এই মহামারির আগাম আশঙ্কার কথা বলেছিলেন, গুজব ছড়ানোর দায়ে অভিযুক্ত হলেন তিনি চীনের এককেন্দ্রিক, কড়া নজরদারির রাজনীতির আবহে। সত্য প্রমাণ করতে নিজের শরীরে জীবাণু বহন করে মৃত্যুবরণ করতে হলো তাঁকে। তিনি ছিলেন উহান সেন্টাল হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ। গত ৩০ ডিসেম্বর একটি চ্যাট গ্রুপে করোনাভাইরাস নিয়ে প্রথম সতর্ক করেন তিনি।
বরাবরের মতো এই অনিশ্চিত পরিস্থিতিতে ষড়যন্ত্র তত্ত্বও সক্রিয় আছে। প্রশ্ন উঠেছে, এ কি কোনো জীবাণুযুদ্ধের আলামত? নইলে চীনের ঠিক পর ইরানেই–বা কেন দেখা দেবে এ মহামারি? চীন আর ইরান কি পরাক্রমশালী আমেরিকার প্রধান দুই রাজনৈতিক শক্র নয়? ২০১৪ সালে ইবোলা মহামারির সময় আমেরিকার ওবামা প্রশাসন ওই মহামারি মোকাবিলায় একটি ইউনিট তৈরি করেছিল তাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে, পরে ক্ষমতা পেয়ে যা বাতিল ঘোষণা করেছিলেন ট্রাম্প। ফলে করোনা যদি আমেরিকায় ব্যাপকতা পায়, তা মোকাবিলা জটিল হয়ে পড়বে তাদের জন্য। আমেরিকার আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণে তাই ভূমিকা রাখবে এই করেনাভাইরাসও। লক্ষণীয়, চীনে এই রোগের উৎপত্তি হলেও চীনের কড়া নজরদারির ওই রাজনৈতিক সংস্কৃতির কারণেই তারা আবার সক্ষম হয়েছে দ্রুততম সময়ে এই মহামারি নিয়ন্ত্রণে। অন্যদিকে ব্রিটেন নিজেদের উদারনৈতিক রাজনীতির দোহাই দিয়ে নাগরিকদের ওপর কোনো নজরদারিতে না গিয়ে অবস্থা মোকাবিলার চেষ্টা করছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কাও করছেন অনেকে। হাসপাতালের বিছানাস্বল্পতার কারণে অপেক্ষাকৃত তরুণদের রক্ষার জন্য ব্রিটেনে সজ্ঞানে করোনা–আক্রান্ত অনেক বৃদ্ধকে মৃত্যুর দিকে ঠেলে দেবার মতো কঠিন নৈতিক সংকটের সিদ্ধান্তও নিতে হচ্ছে চিকিৎসকদের।
ঐতিহাসিকভাবে বরাবর দেখা গেছে, মহামারি প্রান্তিককে আরও প্রান্তিক করে তোলে। ঔপনিবেশিক ভারতে কলেরা আর গুটিবসন্তের মহামারির অজুহাতে ব্রিটিশ শাসকেরা আঘাত হেনেছে স্থানীয় লোকজনের ধর্ম আর চিকিৎসাব্যবস্থায়। তীর্থস্থানগুলোকে মহামারির উৎস হিসেবে চিহ্নিত করে তা নিষিদ্ধের আইন জারি করা হয়েছে। অবৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে আয়ুর্বেদের মতো শতাব্দী প্রাচীন চিকিৎসাব্যবস্থাকে বেআইনি ঘোষণা করা হয়েছে। মহামারি থেকে রক্ষা পাবার পথ হিসেব খ্রিষ্টধর্মে দীক্ষিত করার মিশনারি প্রচেষ্টাকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। চতুর্দশ বা উনবিংশ শতকের ইউরোপীয় মহামারিতেও মূলত পর্যুদস্ত হয়েছেন সেখানকার প্রান্তিক মানুষেরা। প্লেগ মহামারির জন্য দায়ী করে ব্যাপক ইহুদি নিধন হয়েছে মধ্যযুগের মহামারির কালে। অন্যদিকে, ইউরাপীয় কলেরা মহামারির সময় দরিদ্রদের শহরে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে, বল প্রয়োগ করে নেওয়া হয়েছে হাসপাতালে। এ সময়ে চাঙ্গা হয়ে উঠেছে সমাজের সুপ্ত অসন্তোষগুলো। মহামারির বছরগুলোতে তাই ঘটেছে ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো গণবিদ্রোহ। নিকট–অতীতে ২০১৪ সালের ইবোলা মহামারিতে সর্বাধিক মৃত্যু হয় আফ্রিকার দেশ লাইবেরিয়ায়। প্রাথমিকভাবে লাইবেরিয়ানদের সনাতন সৎকারব্যবস্থা, বন্য প্রাণী খাওয়া ইত্যাদিকেই এই মহামারির জন্য দায়ী করা হলেও নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে দুর্বল স্বাস্থ্যব্যবস্থা, তথ্যের অভাব ও আফ্রিকার একটি প্রান্তিক দেশ হওয়ার ফলে আন্তর্জাতিক গুরুত্বের অভাবেই মূলত লাইবেরিয়ায় এ মহামারির অভিঘাত ছিল এত প্রবল। তেমনি ২০১৫ সালে জিকা মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ব্রাজিলের দরিদ্র নারীরা। জিকার কারণে গর্ভস্থ শিশু বিকলাঙ্গ হতে পারে জেনেও গর্ভনিরোধের অভাব, গর্ভপাতের ব্যবস্থা না থাকায় অগণিত ব্রাজিলীয় নারীকে বাধ্য হয়ে গর্ভধারণ অব্যাহত রাখতে হয়েছে। অপর দিকে অর্থনৈতিকভাবে প্রান্তিক না হলেও সাম্প্রতিক করোনা মহামারিতে জাতিগত প্রান্তিকেরা হচ্ছেন ভুক্তভোগী। পশ্চিমা বিভিন্ন শহরে শুরু হয়েছে সংখ্যালঘু চীনা অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ। ব্রিটেনে পড়তে আসা চীনা ছাত্রছাত্রীরা বর্ণবৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন, অনেক পশ্চিমা শহরের রেস্টুরেন্টে চীনা খদ্দেরদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

অতীতের নানা মহামারির তুলনায় করোনা মহামারির মৃত্যুঘাতী প্রবণতা কম হলেও এর দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা বিশ্বব্যাপী আতঙ্কের জন্ম দিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের যাবতীয় অর্জন, সর্বোচ্চ প্রযুক্তি থাকা সত্ত্বেও উন্নত অর্থনীতির দেশের পক্ষেও এই মহামারিতে আক্রান্ত ব্যক্তিদের ব্যাপকতা সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠছে। ফলে আতঙ্কের হাওয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, নানা দেশে। সেই হাওয়া হানা দিয়েছে বাংলাদেশেও। মহামারি যে অনিশ্চয়তা আর আতঙ্কের জন্ম দেয়, তাতে সুযোগ তৈরি হয় গুজব রটনাকারীদের, মুনাফালোভীদের। কিন্তু বিশ্ব পরিস্থিতির দিকে সতর্ক নজর রেখে স্থির মস্তিষ্কে স্থানীয় পরিস্থিতি মোকাবিলা করাই এখন জরুরি। এই ভাইরাসের সঠিক গতিবিধি এখনো পুরোপুরি স্পষ্ট হয়ে না উঠলেও দেখা যাচ্ছে এ মহামারি মোকাবিলার সবচেয়ে সহজ, সুলভ উপায়, আপাতত সামাজিক দুরত্ব রক্ষা করা আর ব্যক্তিগত পরিষ্কার–পরিচ্ছন্নতার কিছু নিয়ম মেনে চলা। জনস্বাস্থ্য পরিস্থিতি ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। এমতাবস্থায় রাষ্ট্রের উচিত জনগণের কাছে পরিস্থিতির ব্যাপারে স্বচ্ছ থেকে, জনগণকে সঙ্গে নিয়ে এই সংকটের মোকাবিলা করা। আদতে এখন প্রয়োজন হলো মহামারিতে নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা। সবার বোঝা জরুরি যে এই স্বাস্থ্যবিধি শুধু নিজের স্বার্থে নয়, অন্যের স্বার্থেও।
এই মহামারি মানুষ মোকাবিলা করবে নিশ্চয়ই। কিন্তু করোনা মহামারি আমাদের আবারও কতগুলো সত্যের মুখোমুখি করুক। মহামারি আমাদের জানাক যে আমাদের সবার ব্যাক্তি অস্তিত্ব আসলে জড়িয়ে আছে সামষ্টিক স্বার্থের সঙ্গে। একটি সংকট যখন সর্বমানবিক হয়ে ওঠে, তখন তার সমাধানও আসতে হবে সর্বমানবিক যৌথ চেষ্টাতেই। আমাদের মনে পড়ুক পল রবসনের সেই গান, ‘উই আর ইন দ্য সেম বোট ব্রাদার’। সঙ্গরোধ (কোয়ারেন্টিন) আমাদের বুঝতে সাহায্য করুক, মানুষের জন্য মানুষের সঙ্গের হাহাকার কত গভীর। মহামারি আমাদের ফিরে তাকাতে উদ্বুদ্ধ করুক আদি অকৃত্রিম প্রকৃতির দিকে। সবাইকে স্মরণ করিয়ে দিক যে প্রকৃতির কাছে মানুষ এখনো খুবই নাজুক। ফলে আমরা যেন নতুন করে ভাবতে বাধ্য হই বিশ্বায়ন, বাজার অর্থনীতির যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃতির দাবি সাংঘর্ষিক হয়ে উঠছে কি না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাহতির ঠিক পরই কাম্যু লিখেছিলেন তাঁর উপন্যাস দ্য প্লেগ। মহামারির রূপকে নাৎসি ধ্বংসযজ্ঞ আর আতঙ্কের বয়ানই সেখানে মূলত করেছেন কাম্যু। মহামারির অসহায়ত্বকে খুঁড়ে তিনি এই মহাকালের ভাবনাতেই তাড়িত করেছেন সবাইকে যে একটা দুর্যোগ যখন কোনো জনগোষ্ঠীর ওপর নেমে আসে, সে সময় তা জয় করা যায় শুধু সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ আর ভালোবাসা দিয়েই। বিপদে পারস্পরিক ভালোবাসার এই উপশমের কথা বারবার স্মরণ করেছেন আমাদের কবি জীবনানন্দ দাশও:
কঠিন অমেয় দিন রাত এইসব।
চারিদিকে থেকে থেকে মানব ও
অমানবিকতা
সময়সীমার ঢেউয়ে আধোমুখ হয়ে
চেয়ে দেখে শুধু মরণের
কেমন অপরিমেয় ছটা।
তবু এই পৃথিবীর জীবনই গভীর।
...আজ তবু কণ্ঠে বিষ রেখে
মানবতার হৃদয়
স্পষ্ট হতে পারে পরস্পরকে ভালোবেসে।
ইমেল: [email protected]