মহামারির সময়ে মে দিবস

উনিশ শ উনিশের প্রথম সপ্তাহ। যুক্তরাষ্ট্রের সিয়াটলের জাহাজ কারখানায় শ্রমিকেরা বিক্ষুব্ধ। মিলছে কর্মবিরতির আভাস। প্রথম বিশ্বযুদ্ধের ধকল গেলেও চারদিকে তখন স্প্যানিশ ফ্লুর প্রকোপ। এ এক সাংঘাতিক মহামারি। ১৯১৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯১৯ সালের জুন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেই এই মহামারিতে অন্তত ৬ লাখ ৭৫ হাজার মানুষের প্রাণ গেছে। এই সময়ে নীরবে-নিভৃতে অতিবাহিত হয়ে গেছে শ্রমিকদের মে দিবস। একদিকে মৃতের ঢল, অন্যদিকে কারখানায় কাজের আদেশ। কিন্তু বেতন বৃদ্ধির কোনো নিশানা নেই। কর্মবিরতি তাই ডাকতেই হলো। আনুষ্ঠানিকভাবে জাহাজশ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছিল ১৯১৯-এর ২১ জানুয়ারি। আর সিয়াটলে এত দিন কর্মবিরতির আভাস মিললেও এখানে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী ধর্মঘট।
মুহূর্তেই ওই আগুন ছড়িয়ে গেল সবখানে। কর্মবিরতি রূপান্তরিত হলো সর্বসাধারণের অবরোধে। স্থবির হয়ে পড়ল পুরো সিয়াটল। এর কয়েক দিন বাদে কর্মবিরতির ডাক দিলেন বোস্টনের পুলিশ সদস্যরা। এভাবেই তখন শ্রমজীবী ও কর্মজীবী মানুষের অবরোধের ঢেউ ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারে অভিনেতা-অভিনেত্রীরাও নাটক বন্ধ করে দিলেন। প্রায় ৫০ হাজার পোশাকশ্রমিক ১৩ সপ্তাহের জন্য গেলেন কর্মবিরতিতে। প্রায় তিন লাখ শ্রমিক অবরোধ ডেকে বসে জাতীয় ইস্পাত কারখানায়। নভেম্বরে চার লাখ কয়লাশ্রমিক ডাকলেন ‘বন্ধ্’। এ সময় কয়লাশ্রমিকেরা যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসনের অনুরোধ শুধু নয়, ফেডারেল কোর্টের আদেশও প্রত্যাখ্যান করলেন। ঘটনা এতই প্রভাববিস্তারী ছিল যে দ্য আউটলুক এ ঘটনাপ্রবাহকে ‘বাতাসে অবরোধের জ্বর…’ হিসেবে ছেপেছিল। আর রিডার্স ডাইজেস্ট-এর শিরোনাম ছিল আরও সরাসরি: ‘স্ট্রাইকের প্যানডেমিক’।
যুক্তরাষ্ট্রজুড়ে এত বড় সংঘবদ্ধ প্রতিরোধের পেছনে রয়েছে মে দিবসের চেতনা। অনেকে এর সঙ্গে রুশ বিপ্লব ও ব্রিটিশ লেবার পার্টির মনোভাবের প্রতিফলন খুঁজে পান। প্রতিবাদী চেতনা সেই সময় প্রাতিষ্ঠানিক মে দিবসের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। মে দিবসের পত্তনের পেছনেও রয়েছে যুক্তরাষ্ট্রের শ্রমজীবী শ্রেণি। শিকাগোতে ১৮৮৬ সালের মে মাসের প্রথম দিন বিক্ষোভ হয়েছিল। দাবি—দৈনিক শ্রমঘণ্টা আট ঘণ্টার বেশি নয়। দ্রুতই বিক্ষোভটি রূপ নেয় সহিংসতায়। পুলিশ গুলি ছোড়ে শ্রমিকদের ওপর। গ্রেপ্তার হয় শতাধিক। চার শ্রমিকনেতার ভাগ্যে জোটে ফাঁসি। এরপর ইতিহাসের পাতায় স্থান পায় দিনটি, দাবিটি বৈশ্বিক রূপ পায়।
ওই মহামারির বছরে মে দিবসের চেতনা যুক্তরাষ্ট্র থেকে যথারীতি রাশিয়াতেও পৌঁছে যায়। ১৯১৭ সালে রুশ বিপ্লবের পর নতুনভাবে জেগে উঠেছিল রাশিয়া। বিপ্লব–পূর্ববর্তী সময়ে সেখানে মে দিবসের স্বীকৃতি না থাকলেও ১৯১৮-২০ সালে মস্কোতে মহামারি চলাকালেও মে দিবস পালিত হয়। রাস্তায় মিছিল করে মে দিবসে শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া—সর্বত্র, স্প্যানিশ ফ্লু চলার সময়েও দাবিতে সোচ্চার থাকে শ্রমজীবী শ্রেণি। মহামারি দমাতে পারেনি শ্রমিকদের; কারণটা সবাই জানে, মহামারির প্রধান শিকার হন শ্রমিকেরাই।
সূত্র: জ্যাকোবিনম্যাগ ও দ্য মস্কো টাইমস
গ্রন্থনা: মামুন অর রশীদ