
সুফিয়া কামাল
মালেকা বেগম
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
ডিসেম্বর ২০১৪
৬৪ পৃষ্ঠা
দাম: ১৫০ টাকা
যে জীবন উত্তরকালে নারীর সামাজিক, এমনকি তার রাজনৈতিক জাগরণেও দৃষ্টান্তস্থানীয় হয়ে উঠবে, সে জীবনের ক্রম-উত্থান একটুও সহজ ছিল না। বরং প্রতিপদে তাঁকে ‘একান্ত’ নারী বলেই বাধার পর বাধা মোকাবিলা করেই অগ্রসর হতে হয়েছে। জন্ম তাঁর বিগত বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের একেবারে গোড়াতে। বাংলার মুসলিম নারী জাগরণের সেই শৈশাবস্থায়। ফলে সহজেই অনুমেয়, আর দশজন বাঙালি মুসলিম নারীর মতোই বেগম সুফিয়া কামালেরও পথচলা, সামান্য দু-একটি ব্যতিক্রম বাদে, একেবারেই নিষ্কণ্টক ছিল না। মালেকা বেগম, নিজে নারীনেত্রী বলেই, এমন এক অন্তরঙ্গ-ভাষ্যে মহীয়সী নারী বেগম সুফিয়া কামালের জীবনী রচনা করেছেন, এবং সুফিয়া কামাল শিরোনামে যাদের জন্য তাঁর এই গ্রন্থ রচনা, তারা এক নিঃশ্বাসে বইটি পড়ে শেষ করে ফেলবেন।
বইয়ের শুরুতেই তুলে ধরা হয়েছে সুফিয়া কামালের শৈশব ও কৈশোরকাল। জমিদার পরিবারে তাঁর জন্ম। এ পরিবারে পুরুষদের শিক্ষাদীক্ষা লাভের সুযোগ থাকলেও নারীরা ছিল প্রবল পর্দা ও অবরোধপ্রথার শিকার। মহীয়সী বেগম রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের এই একটি জায়গায় ভয়ানক মিল। বিদ্যায়তনিক শিক্ষার প্রবল ইচ্ছে থাকলেও সে সুযোগ থেকে বঞ্চিত হন। মালেকা বেগম তাঁর প্রাথমিক শিক্ষা-জীবনের প্রসঙ্গটি তুলে ধরেছেন এভাবে, ‘স্কুলে পড়া, খেলাধুলা করা, বন্দুক চালিয়ে শিকারের জন্য হাত পাকানো—এ সবকিছু ছিল কেবল ছেলেদের জন্যই, মেয়েদের জন্য ছিল নিষিদ্ধ। জমিদার পরিবারের ক্ষয়িষ্ণু অবস্থায় দেখা গেল, মেয়েরাও ছেলেদের সঙ্গে স্কুলে পড়তে যাচ্ছে। ভেতরবাড়ির চারদেয়ালের মধ্যেই তারা বন্দুক চালিয়ে শিকারে হাত পাকাতে শুরু করেছে। মসজিদে যাচ্ছে। তবে সিপারা-আমপারা পর্যন্তই পড়তে পারত মেয়েরা। তিনিও পড়েছেন। আবার জুবিলি স্কুলে প্যারীলাল মাস্টার মশাইয়ের কাছেও পড়তে গিয়েছেন। আচকান-পায়জামা কোর্তা পরে যেতে হতো। সাত বছর বয়সেই তিনি বড় হয়ে গেলেন। বাল্যশিক্ষার পরই তাঁকে স্কুলের পড়াশোনা শেষ করতে হলো।’
ফলে বিদ্যায়নিক শিক্ষাশূন্যতার এই ব্যাপারটি সুফিয়া কামালকে আজীবন পীড়া দিয়েছে। কিন্তু দমবার পাত্রী ছিলেন না। নিজের বড় মামার যে বিশাল পাঠাগারে মেয়েদের প্রবেশ ছিল নিষিদ্ধ, সেটাই তাঁর পরম আশ্রয়স্থল হয়ে ওঠে। অবাক করা ব্যাপার, তাঁদের বাড়ির অন্দর মহলে ‘বাংলা ভাষায় পড়ালেখা বা কথা বলা যেত না’। তিনি ‘বাংলা পড়তে শিখেছেন মায়ের কাছে, লুকিয়ে লুকিয়ে’। মামার পাঠাগারের বই সংগোপনে বানান করে পড়ে পড়েই নিয়েছেন সাহিত্যের রস। কৈশোরের শুরুতে এভাবেই তাঁর মনের গহনে রোপিত হয়েছিল সাহিত্যের বীজ। অসাম্প্রদায়িক ধ্যানধারণারও গোড়াপত্তন। তারপর ১২ বছর বয়সে বাল্যবিবাহের নিগড়ে বদ্ধ হয়ে বিয়ের পিঁড়িতে বসা, সামাজিক ও স্বদেশি আন্দোলনে যোগ দেওয়া, চরকায় নিজের হাতে সুতো কেটে মহাত্মা গান্ধীর হাতে পরিয়ে দেওয়ার আনন্দ—এসবই তাঁর জীবনে যোগ করে এক অভাবিত অভিজ্ঞতা। সরাসরি নারী আন্দোলনে যোগ দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেন তিনি বেগম রোকেয়ার ‘আঞ্জুমানে খতিয়ানে ইসলাম’ নামের সংগঠনে যোগ দেওয়ার ভেতর দিয়ে; কাজ করেন কলকাতায় বস্তিতে বস্তিতে, বস্তিবাসীদের আপন অধিকার সম্পর্কে সচেতন করার কাজে। এরই পাশাপাশি চলেছে তাঁর নিরবচ্ছিন্ন সাহিত্য-সাধনা। রবীন্দ্রনাথ, নজরুলের মতো কবি-সাহিত্য ব্যক্তিত্বদের আশীর্বাণী লাভ, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের প্রশ্রয়ধন্য হওয়া—এসবের ভেতর দিয়ে রূপান্তরিত হচ্ছিলেন নতুন এক সুফিয়া কামালে। পারিবারিক বাধা অগ্রাহ্য করে স্বামী নেহাল হোসেনের উৎসাহে জীবনে প্রথম বিমানে চেপে ওড়েন। বেগম রোকেয়া এ জন্য তাঁকে দেন আন্তরিক সংবর্ধনা। নিজের হাতে তাঁর গলায় পরিয়ে দেন মালা।
মোট তিনটি কালপর্বে বিভক্ত বেগম সুফিয়া কামালের জীবন—ব্রিটিশ ঔপনিবেশিক যুগের অবিভক্ত ভারত, পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশের মাটিতেও তাঁর সংগ্রামের বিরাম ছিল না। পাকিস্তান আমলে তখনকার সরকারের দেওয়া খেতাব তিনি অবলীলায় বর্জন করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাখেন সাধ্যাতীত সাহসী ভূমিকা। এসবই ৬৪ পৃষ্ঠার এ বইয়ে মনোরম ভাষায় তুলে এনেছেন মালেকা বেগম। বইটির পাঠক সুফিয়া কামালের জীবনসংগ্রাম, দেশ ও সমাজের জন্য তাঁর নিবেদিতপ্রাণ কর্মযজ্ঞের আন্তরিক পাঠে মুগ্ধ হবেন।