মহেশখাইল্যা পানর খিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি সোন্দর একখান মুখ পাইতামযদি নতুন একখান মুখ পাইতামমহেশখাইল্যা পানর খিলি তারেবানাই খাবাইতাম।শেফালী ঘোষের গাওয়া একসময়ের সাড়া জাগানো চট্টগ্রামের আঞ্চলিক গান। গানের মূল বিষয়, প্রেমের আবেদন হলেও ‘মহেশখাইল্যা পান’ একটা আলাদা বিষয় হয়ে এসেছে এখানে। যে পানের এমন সুনাম, সে পান একবার দেখতেই হয়। মহেশখালী গিয়েই তাই পানের সন্ধানে ছুটতে হলো। বেশি দূর যেতে হলো না। আদিনাথ মন্দির দেখতে গেলে তার আশপাশেই পাওয়া গেল পানের বরজ। টিলার ওপর দাঁড়ালেই নিচের সমতলে পানের বরজগুলো স্পষ্ট হয়ে ওঠে। সঙ্গী মং দা হন্যে হয়ে লোক খুঁজছেন। অনুমতি ছাড়া পানের বরজে ঢোকার নিয়ম নেই।অবশেষে একজনকে পাওয়া গেল। তাঁর নাম রমেশ। অনেক দূর থেকে পান দেখতে এসেছি শুনে তিনি কিছুটা উত্সাহী হলেন। খানিকটা হেঁটে আমাদের নিয়ে গেলেন তাঁর পানের বরজে। এগুলোকে বরজ না বলে ঘরও বলা যেতে পারে। ঘরের মতোই চারপাশে বেড়া, তার ওপর ছাউনি। বেশি বৃষ্টি বা অতিরিক্ত খরা যেন পাতার ক্ষতি করতে না পারে, সে জন্য এমন ব্যবস্থা।ছবি তোলার জন্য জুতা খুলে ভেতরে ঢুকতে হলো। এটাই নিয়ম। ওঁরা পান চাষকে অনেক পবিত্র মনে করেন। রমেশ জানান, চা-বাগানের মতো প্রতিবছরই কিছু কিছু নতুন লতা লাগানো হয়। প্রতিটি চারা বা কলম কিনতে লাগে ২০০ টাকা। কেউ কেউ আবার নিজেরাই চারা তৈরি করে নেন। একটি নির্দিষ্ট উচ্চতার পর লতা কেটে ফেলা হয়। পুরোনো লতা থেকে পর্যায়ক্রমে সারা বছরই পাতা আসে। সঠিক পরিচর্যা ও সেচের ব্যবস্থা থাকা আবশ্যক, না হলে ভালো ফলন পাওয়া যায় না। এ পান বেশ ভালো দামেই বাজারে বিকোয়।মহেশখালীর পানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এ পান মিষ্টি, খুব বেশি বড় হয় না, রং কাঁচা সবুজ। কিন্তু অন্যান্য পানের রং গাঢ় সবুজ। সম্ভবত প্রথম গুণের জন্যই তার এত খ্যাতি। রমেশ জানালেন, সমতলের কোথাও এ পান হয় না। মং দা যোগ করলেন, শুধু তা-ই নয়, মহেশখালীর পাহাড়ি এলাকা ছাড়া যেটুকু সমতল আছে, সেখানেও এ পান হয় না। তাঁদের এ কথার সত্যাসত্য যাচাই করা সম্ভব হলো না। ঢাকা-চট্টগ্রামের নির্দিষ্ট কিছু দোকানে পাওয়া যায় মহেশখালীর মিষ্টি পানের খিলি। স্বাদের দিক থেকে এ পান একেবারেই আলাদা। তবে চাহিদার বিপরীতে উত্পাদন কম। এখানে পাহাড়ের ভেতরে হাজার দুয়েক পানের বরজ আছে। প্রসঙ্গক্রমে বলা যায়, পানের আদি আবাস ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আমাদের দেশে কয়েক জাতের পান দেখা যায়—বাংলা পান, ছাঁচি পান, মিঠা পান, কর্পূরগন্ধি পান, খাসিয়া পান ইত্যাদি। জাতভেদে এদের আকার-আকৃতি, গড়ন, বর্ণ ও স্বাদে বেশ পার্থক্য আছে। সেই আবহমান কাল থেকে পান বাংলার ঘরে ঘরে আপ্যায়নের অন্যতম উপকরণ। গ্রামে এখনো অতিথিকে পান দিয়ে আপ্যায়ন করার রেওয়াজ প্রচলিত। পান নিয়ে অনেক মজার গান, বচন ও লোকগল্প প্রচলিত আছে। চরক, সুশ্রুত ও বঙ্গসেন পানের বহু গুণের কথা বলেছেন। স্বাদে যেমন রসে ভরপুর, গুণেও পান তার মানে কম যায় না!