লাতিন কথাসাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও হুলিয়ো কোর্তাসারকে আমরা চিনেছি গ্রেগোরি রাবাসার অনুবাদের মাধ্যমে। সমকালীন দুনিয়ার খ্যাতিমান এই অনুবাদক প্রয়াত হয়েছেন সম্প্রতি

মহৎ এক অনুবাদক দুনিয়া থেকে চলে গেলেন—চিরতরে। তাতে কী যায়-আসে এ পৃথিবীর? উপরিতলে না হলেও ভেতরে ভেতরে একটা চিড় ধরে বৈকি। ওই যে জীবনানন্দ বলেছেন, ‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর।’ তলস্তয়, রবীন্দ্রনাথ বা বোর্হেস, মার্কেস কিংবা মাহমুদ দারবিশ আমাদের জন্য যেমন জরুরি, তেমনই দরকারি একজন কন্সটান্স গার্নেট, নরম্যান টমান ডি জোভান্নি বা কায়সার হক, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় কিংবা গ্রেগোরি রাবাসা বা ফাদি জুদাহ। প্রথমোক্ত নামগুলোকে আমরা নমস্য মানি, কিন্তু পরের নামগুলো ঠিক চিনি না, অথচ তাঁদের হাত ধরেই প্রথমোক্ত দিকপালদের ভুবনে প্রবেশ করার পাসপোর্ট পাই আমরা। প্রিয় পাঠক, এঁরা হলেন জনা কয়েক অনুবাদক, নিন্দিত আর কষ্টক্ষুধায় পীড়িত এক পঙ্গপাল, যাঁরা তাঁদের সৃজনকর্মের মধ্য দিয়ে একটি উৎসভাষা থেকে আরেকটি লক্ষ্যভাষায় সাহিত্য সৃষ্টি করেন বা করেছেন। এঁরা আমাদের আলো বিলিয়ে দেন, কিন্তু নিজেরা থাকেন আঁধারে। এঁদের যথাযথ স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করি আমরা, অনেক সময়েই মূল লেখকের নামের পাশে ঠাঁই হয় না তাঁদের, অর্থযোগের কথা না হয় না-ই বললাম।
২.
৩৫০ বছরের বেশি সময়ের ব্যবধানে রচিত দুটি গ্রন্থ হিস্পানিয়োল ভাষার অস্তিত্বের ন্যায্যতা জাহির করে—মিগেল দে সের্বান্তেস (১৫৬৪-১৬১৬)-এর দোন কিহোতে এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (১৯২৭-২০১৪)-এর সিয়েন আনিয়োস দ্য সোলেদাদ। ১৯৬৭ সালে প্রকাশিত সিয়েন আনিয়োস দ্য সোলেদাদ পঞ্চাশ পূর্ণ করবে আগামী বছর। আমাদের চোখে লাতিন আমেরিকার যে আদল, তার অনেকটাই এসেছে অবিস্মরণীয় এই উপন্যাসের মাধ্যমে। সের্বান্তেসের আদলের হিস্পানিয়োল ভাষায় লেখা সিয়েন আনিয়োস দ্য সোলেদাদ ইংরেজিতে অনূদিত হয় ১৯৭০-এ, ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিচ্যুড নামে। ইংরেজি তরজমার মধ্য দিয়ে ভুবন জয় করা উপন্যাসটির অনুবাদক হলেন সদ্য প্রয়াত গ্রেগোরি লুইস রাবাসা (১৯২২-২০১৬), যাঁকে শ্রদ্ধা জানানোর অভিপ্রায়ে এই নিবন্ধ।
কুবা থেকে মার্কিন মুল্লুকে অভিবাসী হয়ে আসা পিতার সন্তান গ্রেগোরি রাবাসা বড় হয়েছেন নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে। মাতৃভাষা হিস্পানিয়োল হলেও তাঁদের বাড়িতে মূলত ইংরেজি জবানেই চলত কথাবার্তা। স্নাতক পর্যায়ে ছাত্র থাকাকালে হিস্পানিয়োলের প্রেমে পড়ে যান গ্রেগোরি। রোমান ভাষায় স্নাতক শেষ করে পরবর্তী সময়ে হিস্পানিয়োল নিয়ে স্নাতকোত্তর এবং পর্তুগিজ ভাষা নিয়ে পিএইচডি সম্পন্ন করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে।
প্রায় আট দশক অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকা গ্রেগোরি রাবাসা তরজমা করবেন বলে অনুবাদ শুরু করেননি। এ ক্ষেত্রে তাঁর পদচারণ নিতান্তই কাকতালীয়। গত শতকের ছয়ের দশকে ওডেসি রিভিউ নামের সাহিত্যবিষয়ক জার্নালের সম্পাদনা সূত্রে একটি সংখ্যার জন্য তখনকার দিনের লাতিন আমেরিকান গল্পের অনুবাদের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু হিস্পানিয়োল আর পর্তুগিজ থেকে তরজমা করার মতো কাউকে না পেয়ে সম্পাদক গ্রেগোরি রবাসা নিজেই হাত দেন অনুবাদে। সেই সময়কার নিউইয়র্কের ডাকসাইটে প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্যান্থেয়োন বুক্স্’-এর এক সম্পাদকের ভালো লেগে যায় গ্রেগোরির করা তরজমা। অগত্যা তাঁকে অনুরোধ করা হয় ১৯৬৩-তে প্রকাশিত আর্হেন্তিনার কথাসাহিত্যিক হুলিয়ো কোর্তাসার-এর রাইয়ুয়েলা অনুবাদের জন্য। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আর্হেন্তাইনের অস্তিত্ব খুঁজে বেড়ানোর কাহিনি, অভিনব এ উপন্যাসটির অনুবাদের কাজটি আন্তরিকতার সঙ্গে করলেন গ্রেগোরি রাবাসা। ১৯৬৬-তে বের হলো সেই উপন্যাসের ইংরেজি সংস্করণ, যার নাম হপ্স্কচ্ (এক্কাদোক্কা)।
তখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে হিস্পানিয়োল আর পর্তুগিজভাষী লাতিন আমেরিকান ফিকশনের পথিকৃৎ অনুবাদক ছিলেন হ্যারিয়েট দে ওনিস (১৮৯৫-১৯৬৯)। তিনি গ্রেগোরির শিক্ষক ফেদেরিকো দে ওনিসের স্ত্রী। বিশ্ববিদ্যালয়ে স্বামীর ছাত্র গ্রেগোরিকে হ্যারিয়েট তরজমা বিষয়ে যে উপদেশ দিয়েছিলেন, পরবর্তী সময়ে তা-ই মেনে চলার চেষ্টা করেছেন সৃষ্টিশীল গ্রেগোরি। হ্যারিয়েটের কথাটি ছিল এ রকম: ‘হুবহু টেক্সট ধরে ধরে কাজটা করতে যেয়ো না, কিন্তু আবার বেজায় স্বাধীনতাও নিয়ো না।’ গ্রেগোরি রাবাসাকে পরিচিতি এনে দেয় হপ্স্কচ্, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। স্বয়ং হুলিয়ো কোর্তাসার (যিনি নিজেও প্যারিসে অনুবাদক হিসেবে কাজ করেছেন, ইংরেজি থেকে হিস্পানিয়োলে তরজমা করেছেন অ্যাডগার অ্যালান পো-এর রচনাসমগ্র) তাঁর উপন্যাসটির ইংরেজি অনুবাদের জন্য সাধুবাদ জানান গ্রেগোরিকে। ওদিকে ওই একই সময়ে—ছয়ের দশকেই লাতিন আমেরিকায় কয়েকজন অসামান্য সাহিত্যস্রস্টা একের পর এক রচনা করছিলেন অনন্য উপন্যাস। এঁদের মধ্যে যাঁর কথা বাদ দিয়ে আধুনিক লাতিন আমেরিকার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস রচনা সম্ভব নয়, তিনি গার্সিয়া মার্কেস। তাঁর কালজয়ী সিয়েন আনিয়োস দ্য সোলেদাদ উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করে চিরকালের জন্য মার্কেস ও লাতিন আমেরিকার উপন্যাসের সঙ্গে নিজের নামটি জড়িয়ে ফেললেন গ্রেগোরি। ১৯৭০-এ বের হওয়া উপন্যাসটির ইংরেজি রূপান্তরের কল্যাণেই প্রধানত সারা দুনিয়ায় মার্কেস আর তাঁর নির্জনতার এক শ বছর পাল্টে দিল উপন্যাসের খোলনলচে। এর অপরিসীম প্রভাবের কথা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এখন যে গ্রেগোরিকে স্মরণ করছে, এটাও তো সেই প্রভাব। আমাদের বাংলায়ও গ্রেগোরি-কৃত ওই তরজমাটি অবলম্বন করেই উপন্যাসটি অনূদিত হয়েছে দু-তিনজনের হাতে, যার মধ্যে জি এইচ হাবিবের তরজমাটিই এখন পর্যন্ত সেরা। উল্লেখ্য, মার্কেস যখন তাঁর উপন্যাসটি ইংরেজিতে অনুবাদের জন্য কাউকে খুঁজছিলেন, সেই সময় হুলিয়ো কোর্তাসারই চিঠির মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেন গ্রেগোরিকে। পরে গল্প-উপন্যাস মিলিয়ে মার্কেসের আরও পাঁচটি বই তরজমা করেছেন গ্রেগোরি। তিনি সাধারণত পড়তে পড়তেই বেশির ভাগ টেক্সট অনুবাদ করেছেন, মানে প্রথম পাঠের সঙ্গে সঙ্গে তরজমা। তবে সিয়েন আনিয়োস দ্য সোলেদাদ উপন্যাসটির বেলায় ছিল ব্যতিক্রম, কাজ শুরুর আগেই ওটা পড়ে ফেলেন গ্রেগোরি। পাঠকমহলে তোলপাড় তোলা এ উপন্যাস সম্পর্কে লোকজন আগেই সাবধান করেছিল তাঁকে, কিন্তু সাহসের সঙ্গেই এটির তরজমার কাজ আরম্ভ করলেন তিনি। ১৯৬৭ সালে বাসার এক ছোট্ট স্টুডিওতে বসে এই উপন্যাস লেখার সময় মার্কেস যেমন গোটা বইটি ভূতগ্রস্ত হয়ে লিখেছিলেন, তেমনই এর প্লট, বিষয়, চরিত্র—এর সমস্ত সন্নিবেশ একসঙ্গে ভর করেছিল গ্রেগোরির মাথায়। নিজের স্মৃতিকথায় এ কাজটি সম্পর্কে বলেছেন, এর সুরকে এক স্কেল থেকে অন্য স্কেলে নিয়ে গেছেন তিনি। এমনকি গোটা উপন্যাস তরজমা করতে গিয়ে কোথাও কোথাও মুশকিলে পড়লেও গ্রেগোরি আর মার্কেসের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

৩.
গত শতকের ছয়ের দশকে হপ্স্কচ্ আর ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিচ্যুড—পরপর দুটি অসামান্য উপন্যাস অনুবাদের মধ্য দিয়ে গ্রেগোরি রাবাসা হয়ে ওঠেন লাতিন আমেরিকান কথাসাহিত্যের অবিসংবাদিত অনুবাদক। এরপর গত পাঁচ দশকে হিস্পানিয়োল আর পর্তুগিজ ভাষা থেকে নিরলসভাবে অনুবাদ করে গেছেন তিনি। তরজমা করেছেন ৩০ জন লাতিন আমেরিকান কথাসাহিত্যিকের প্রায় ৩০টির বেশি ফিকশন-গ্রন্থ। এই তালিকায় কোর্তাসার ও মার্কেস ছাড়াও রয়েছেন নোবেলজয়ী পেরুর মারিয়ো বার্গাস ইয়োসা, ব্রাজিলের জোয়াকিম মারিয়া মাশাদু জি আসিস, জর্জ আমাদু, ক্লারিস লিসপেক্তোর, গুয়াতেমালার নোবেলজয়ী মিগেল আনহেল আস্তুরিয়াস, কুবার হোসে লেসামা লিমা, পর্তুগালের আন্তোনিয়ো লোবো আন্তুনেস প্রভৃতি। আলাদা করে বলতে হয় যে মার্কেসের ‘বুম’ হওয়ার আগে জর্জ আমাদু ছিলেন লাতিন আমেরিকার সবচেয়ে অনূদিত লেখক, যাঁর অনেক উপন্যাস তরজমা করেছেন গ্রেগোরি রাবাসা।
প্রশ্ন হলো, এত বৈচিত্র্যময় লেখকদের লেখা যিনি অনুবাদ করেন, তাঁর তরজমার কাজে বিচিত্র সেই গদ্যের সাজগোজ আছে কি? আমার স্বল্পজ্ঞানে বলব, আছে। প্রত্যেক লেখকের প্রতিটি টেক্সেটের সংগীতময়তা কান দিয়ে শোনার চেষ্টা করেছেন তিনি। গ্রেগোরির সফলতা এখানেই। পাঠক একটু মনোযোগ দিয়ে পড়লেই হয়তো বুঝতে পারবেন। আর এত বিচিত্র সুর ও স্বরকে ধরতে গিয়ে গ্রেগোরি যা করেছেন, সেটি তাঁর জবানিতেই জানা যাক: ‘এক নিয়ন্ত্রিত চিত্তভ্রংশতা।’—মূলের সঙ্গে মিলিয়ে পড়তে গেলে অনেক জায়গায় শব্দের বা পদের অমিল বেরোবে কিন্তু অনুবাদকের সিদ্ধান্ত বলে একটা কথা আছে, সেটি ভালোভাবে পরখ করে দেখে তবেই বলতে হবে কথা। আর দশজন অনুবাদকের মতো গ্রেগোরির ভাগ্যেও অসংখ্য কুসমালোচক ছিলেন এবং আছেন। তিনি এঁদের অভিহিত করেছেন ‘প্রফেসর হর্রেন্ডো’ নামে। এঁরা মূল টেক্সটের সঙ্গে শব্দ মিলিয়ে মিলিয়ে ভুল-ত্রুটি বের করেন আর বলতে থাকেন, ‘কিচ্ছু হয়নি’। যেমন ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিচ্যুড উপন্যাসের অতি বিখ্যাত প্রথম লাইনটি শেষ হয় ‘conocer el hielo’ পদ দিয়ে। গ্রেগোরি ‘conocer’—এই হিস্পানিয়োল ক্রিয়াপদটিকে শব্দগতভাবে ‘চেনা’ বা ‘জানা’ (হিস্পানিয়োলে এর অর্থ কাউকে বা কিছুকে চেনা) না করে করেছেন ‘আবিষ্কার করা’। বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, কাহিনিতে সেবারই জীবনে প্রথমবারের মতো বাবার হাত ধরে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া বরফ দেখেছিল, তার কাছে যা ছিল বরফ আবিষ্কার।
অভিধানে বাতলে দেওয়া অর্থই কি সব? বোর্হেস অনুবাদক ডি জোভান্নি একবার কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন, ‘Don’t let yourself dragged away by the meaning you find in the dictionary.—এরপরই তিনি ব্যাখ্যা করলেন বোর্হেসের একটি কথা দিয়ে। একবার বোর্হেস তাঁকে বলেছিলেন, ‘No traducir lo que digo, sino lo que quiero decir’ (যা বলছি তার তরজমা নয়, বরং যা বলতে চাই তার তরজমা)।
যাহোক, আমার মতো পুঁচকের পক্ষে গ্রেগোরির ভুল ধরতে যাওয়াটা নির্বুদ্ধিতা আর ধৃষ্টতার পর্যায়েই পড়বে। মনে রাখা দরকার, গত পঞ্চাশ বছরে তাঁর করা বেশির ভাগ রচনাই আর দ্বিতীয় কাউকে দিয়ে কোনো প্রকাশক অনুবাদ করাননি। এ কথা সবাই জানেন, পাশ্চাত্যের প্রকাশনা জগৎ আবেগপ্রবণ নয়, দরকার পড়লে কাজটা তারা এত দিনে ঠিকই করাত। গ্রেগোরি নিজেই বলেছেন, মহৎ রচনার টেক্সটই তাঁকে ওই তরজমা-কাজের গভীরে নিয়ে গেছে, যেখানে মূল রচনা তার শৈলী ও ব্যঞ্জনা নিয়ে উপস্থিত। তরজমাকালে ভীষণভাবে টেক্সটের শ্রাব্যতার বিষয়টি বিবেচনায় রেখেছেন তিনি। এ কারণেই ‘সিয়েন আনিয়োস’-এর তরজমা তিনি করেন ‘ওয়ান হানড্রেড ইয়ার্স’, ‘এ হানড্রেড ইয়ার্স’ নয়। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে গ্রেগোরির ভাষ্য: ‘ওয়ান হানড্রেড ইয়ার্স’ বললে নির্দিষ্ট করে বোঝায় যে এই এক শ বছর, কিন্তু ‘এ হানড্রেড ইয়ার্স’ অতীতের যেকোনো সময়ের হতে পারে। সাহিত্য তো শেষ পর্যন্ত শ্রাব্যতারই ব্যাপার। গ্রেগোরির কৃত ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিচ্যুড সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মার্কেস বলেছিলেন, ‘এটা ইংরেজি ভাষায় লেখা সেরা একটি লাতিন আমেরিকান উপন্যাস। আমার লেখা মূল রচনাটির চেয়েও এটি অনেক গুণে ভালো আর এটাই আমার বেশি পছন্দ।’
অনুবাদ হলো পাঠের সেরা পাঠ। আর গ্রেগোরি রাবাসা হলেন একজন সেরা পাঠক। আমার বিবেচনায় এ গুণটিই তাঁকে ইংরেজিতে লাতিন আমেরিকান কথাসাহিত্যের দিকপাল অনুবাদক হয়ে উঠতে সাহায্য করেছে। বলা ভালো, অনুবাদ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রীয় শব্দই ব্যবহার করেছেন গ্রেগোরি, কারণ তাঁর মাথায় পাঠক হিসেবে তারাই ছিল। কোনো দিন কম্পিউটার ব্যবহার করেননি, লিখেছেন অলিম্পাস টাইপরাইটারে। শ্রেণিকক্ষে তরজমা বিষয় পড়ালেও অনুবাদের তত্ত্বকথায় কোনো আগ্রহ ছিল না। তাঁর কাছে ওটা ছিল অ-সাহিত্যিক, অ-শৈল্পিক। কদিন আগেই আমাদের ছেড়ে তিনি চলে গেছেন না-ফেরার রাজ্যে। এই অসামান্য অনুবাদক মানুষটি আর তাঁর রেখে যাওয়া সৃষ্টিশীল রচনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।