মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণভূমির পর দিগন্তজুড়ে এক রাস্তা। পাশেই রেস্তোরাঁ, খামার, ইতস্তত ঘুরে বেড়ানো গরু, মেষ, মেষশাবক, হাওয়াকল, পুলিশ ফাঁড়ি, রোডস অ্যান্ড হাইওয়ের প্রকৌশলীদের সাইট অফিস, উপজেলা প্রশাসন, শহীদ মিনার, পার্টি অফিস। আর বড় বড় রেইনট্রি, মেহগনি, শিশুর সরি। সূর্য অতিকায় আজ। তাপমাত্রা চড়া। সুবেশী মেয়েরা প্রেমিকের সাথে যাচ্ছে পালিয়ে। তোমার অসুখের নামে গান বাজছে রাস্তার মোড়ে। পিকনিক পার্টি যাচ্ছে ড্রাম বাজিয়ে। সাথে মেয়র। ওষুধের কাছে যাবে তুমি, অথচ তোমার ট্রয়ট্রেন নেই। বিপন্নতার কাছে যাবে তুমি নাকি ভিড়ে যাবে মেষশাবকদের সাথে? ভাবো? মৃত্যু আসে, ওই রাস্তা ধরেই। কিছুটা শীতকালে। কিছুটা সুবহে সাদিকে। মেয়েরা তোমার জন্য ধাঁধা রচনা করবে জানি। সে ধাঁধা অমর। তুমি নও। তুমি ফেইরিটেলের ময়ূর শুধু। তোমার জন্য অসুখ। আর কিছুটা বিষাদ। রাস্তা তোমার জন্য। তুমি বরং এখানে দু পা শক্ত করে দাঁড়াও। শক্তিশালী হয়ে দাঁড়াও। পাশেই হঠাৎ তুমি একটা ডালিম গাছ দেখে বিস্মিত হয়ে যাবে। গাছে ছড়ানো ফাঁটা ডালিমের দানা থেকে ঝরতে থাকা রক্ত দেখে তুমি একে অশ্রুকণা বলে ভাববে। ডালিমের রক্ত বলে ভাবতে থাকবে। তার মানে তুমি ডালিম ফল হয়ে জন্মেছিলে। আর তোমার মা আসলে ডালিমগাছ। এক ভোরে তুমি নার্সের পোশাক পরে, কাচ-চূর্ণের ওপর নাচলে অনেকক্ষণ। তোমার পা থেকে গলগল করে রক্ত ঝরতে লাগল। তারপর সেই রক্তাক্ত পাসহ তুমি গেলে ডালিম গাছের কাছে। খুব আলতো করে ডাকলে, ‘মা! মাগো!’ অথচ দুটি শব্দ ক্রমে জ্যামিতিক হারে ইকো হতে হতে চরাচরে এমন ভয়ানক ভাবে, বিলাপরূপে ছড়িয়ে পড়ল, মনে হতে থাকল, সারাটা পৃথিবী থরথর কাঁপছে (উফ) !

তারপর সেই অতিসাধারণ ও বিশেষত্বহীন গাছটি মুহূর্তে এক মায়াবিনী মহিলার রূপ পেল। টলমলে চোখ দুটি খোলে, অবাক দেখল তোমাকে। মানে তার জঠরে পালন করা সন্তানকে। দেখল, তার সন্তান কাঁদছে হাউমাউ করে। সেই মাতৃরূপও কেঁদে উঠলেন সঙ্গে সঙ্গে। ভেঙেচুরে যেতে লাগলেন। সন্তানের রক্তাক্ত পা দেখে মা, নিজের পাকেও রক্তাক্ত করলেন আর তাঁর চোখ দিয়ে পানি নয়, তখন বেরোতে লাগল রক্তের দানা। দানাগুলো জমাট বেঁধে, হীরেখণ্ড হতে লাগল। তারপর সেই আকুল ও নরম মহিলা তোমাকে কাছে টেনে নিলেন। তাঁর মমতাময় শরীরের সাথে মিশে যেতেই আর কোনো ভয় থাকল না তোমার। বিপন্নতা থাকল না। গভীর বিশ্বাসী ও শক্তিমান কোনো যোদ্ধার তেজ তুমি পেলে, তুমি পেলে পালের ভেতর খুনসুটিরত দারুণ কোনো মেষশাবকের হাসি। তুমি হয়ে উঠলে রক্তদানা বুকে আঁকড়ে ধরা দারুণ ডালিমফল। অথবা তুমি হয়ে উঠলে তৃণভূমির পর ব্যাপক অহমিকায় জেগে থাকা সর্বদিকপ্লাবী এক দিগন্ত, অসীম যার ডানা, চিরদিন যার বিস্তৃতি!